বিশেষায়িত ব্যাংকে চাকরির সুযোগ
বর্তমান সময়ে চাকরির বাজারে ব্যাংকের চাকরির চাহিদা বেশ। যারা ব্যাংকে পেশাজীবন গড়তে চান, বিশেষ করে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকে, তাদের জন্য সুযোগ এসেছে।বিশেষায়িত ব্যাংক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে (বিডিবিএল) নেওয়া হচ্ছে ১০০ জন জৈষ্ঠ্য কর্মকর্তা। এই পদের জন্য আবেদন করতে হবে ৩১ জানুয়ারির মধ্যে। এই ব্যাংক তার নিজস্ব বাণিজ্যিক কার্যক্রমের বাইরেও সরকারি ও বেসরকারি শিল্প খাতের প্রসারে অর্থনৈতিক ও কারিগরি সহায়তা প্রদান করে থাকে। বিডিবিএলের উপমহাব্যবস্থাপক (মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ) মো. খলিলুর রহমান বলেন, ‘বাংলাদেশের শিল্পক্ষেত্রের উন্নয়নে এই ব্যাংকের যথেষ্ঠ অবদান রয়েছে। আর এই চেষ্টা অব্যাহত থাকবে।’ আপনি যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি থাকলেই এই পদের বিপরীতে আবেদন করতে পারবেন। তবে দ্বিতীয় শ্রেণী পেতে হবে।অন্যান্য একাডেমিক পরীক্ষাগুলোর মধ্যে যেকোনো একটিতে ১ম শ্রেণী বা সমমানের ফলাফল থাকতে হবে। আর বিশেষভাবে উল্লেখযোগ্য, আপনার সকল একাডেমিক পরীক্ষাগুলোর মধ্যে যদি কোনোটিতে তৃতীয় শ্রেণী বা সমমানের ফলাফল থাকে তবে আপনি এই পদের বিপরীতে আবেদন করতে পারবেন না। হিসাববিজ্ঞান, ফিন্যান্স, বিপণন, ব্যাংকিং, ব্যবস্থাপনা, অর্থনীতি, কম্পিউটার বিজ্ঞান বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর এবং বিবিএ/এমবিএ ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।এই ব্যাংকে জেষ্ঠ্য কর্মকর্তা বা সিনিয়র অফিসারের বেতন স্কেল দাঁড়াবে ১১০০০-৪৯০–৭-১৪৪৩০ইবি-৫৪০–১১-২০৩৭০ টাকা।নিয়মানুযায়ী অন্যান্য সুবিধাও থাকবে। এ পদে নিয়োগ পেলে আপনাকে এক বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। এ সময়ে প্রতি মাসে ২০ হাজার টাকা করে প্রদান করা হবে। এক বছর শিক্ষানবিশকাল সফলভাবে শেষ করলে আপনাকে নির্ধারিত মূল্যায় পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। এই পরীক্ষায় যদি আপনি মূল্যায়িত হন তবে আপনাকে উপরে উল্লিখিত নিয়মিত বেতন স্কেল প্রদান করা হবে। এদিকে ব্যাংকিং ক্ষেত্রের জন্য নতুন বেতনকাঠামো প্রস্তাব করা হয়েছে। যদি এই প্রস্তাবিত বেতনকাঠামো কার্যকর হয় তবে নিয়োগপ্রাপ্তদের নতুন বেতনকাঠামো অনুযায়ী বেতনভাতা প্রদান করা হবে। বিডিবিএলের জ্যেষ্ঠ কর্মকর্তা পদে চাকরির জন্য আপনার বয়স হতে পারবে সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সরকার প্রচলিত সকল কোটা সংরক্ষণ করা হবে। প্রার্থীকে এই পদের জন্য ইংরেজিতে আবেদন করতে হবে। প্রার্থী তার নিজের নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা ইত্যাদিসহ বিজ্ঞপ্তিতে উল্লিখিত আরও প্রয়োজনীয় তথ্য সংযোজিত করে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনপত্রের সঙ্গে বিজ্ঞপ্তিতে উল্লিখিত প্রয়োজনীয় কাগজপত্র সংযোজন করতে হবে এবং এর সঙ্গে অতিরিক্ত হিসেবে প্রার্থী সংশ্লিষ্ট ব্যাংকের অনুকূলে অফেরতযোগ্য ২০০ টাকার ডিডি বা পে-অর্ডার জমা দেবেন। মো. খলিলুর রহমান বলেন, ‘যেহেতু অনেকগুলো পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তাই প্রার্থীদের আবেদন খামের উপর পদের নাম এবং তার নিজের জেলার নাম উল্লেখ করতে হবে।’ প্রার্থীরা যেকোনো একটি পদের বিপরীতে আবেদন করতে পারবেন। এই ব্যাংকের নিয়ম অনুযায়ী এই পদের বিপরীতে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অবর্তীর্ণ হতে হবে। লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, কম্পিউটার ও গণিত বিষয়ে প্রশ্ন আসতে পারে। এই পরীক্ষা সাধারণত এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়ে থাকে। এরপর প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত এবং ব্যাংকিং বিষয়ে প্রশ্ন এসে থাকে। এগুলো মূলত বর্ণনামূলক হয়ে থাকে। এ জন্য বাজারে প্রচলিত ব্যাংক নিয়োগ প্রস্তুতির যেসব বই রয়েছে সেগুলো সংগ্রহ করে প্রস্তুতি নেওয়া যেতে পারে। মো. খলিলুর রহমান বলেন, ‘আমরা নিজস্বভাবে কোনো পরীক্ষা নেই না। আইবিএ, বিআইবিএম বা এ রকম প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষা গ্রহণ করে থাকি এবং তারা আমাদের জন্য প্রার্থী নির্বাচন করে দেয়। তবে আমরা আবেদনপত্র বাছাই এবং মৌখিক পরীক্ষা ব্যাংকের মাধ্যমে করে থাকি।’