বিশ্ব আসরে ঢাবির নিউট্রিফিড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউট্রিফিড দলের দুই সদস্য আবদুর রহমান ও ফজলে এলাহী। ছবি: সংগৃহীত
নিউট্রিফিড দলের দুই সদস্য আবদুর রহমান ও ফজলে এলাহী। ছবি: সংগৃহীত

স্নাতকপড়ুয়া শিক্ষার্থীদের ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে প্রতিযোগিতা ‘গ্লোবাল স্টুডেন্ট অন্ট্রাপ্রেনর অ্যাওয়ার্ড’। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের শিক্ষার্থীদের একটি দল ‘নিউট্রিফিড’। অভিনব ব্যবসায়িক পরিকল্পনা ও উপস্থাপনের দক্ষতার মাধ্যমে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বের টিকিট জিতে নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউট্রিফিড দলটি। ৭ মার্চ অনুষ্ঠিত হয় বাংলাদেশ পর্বের চূড়ান্ত প্রতিযোগিতা। দলটির দুই সদস্য হলেন ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবদুর রহমান ও ফিন্যান্স বিভাগের চতুর্থ বর্ষের মো. ফজলে এলাহী। থাইল্যান্ডের ব্যাংককে ১০-১২ মে অনুষ্ঠেয় মূল প্রতিযোগিতায় ৪৯টি দেশের দলের সঙ্গে লড়বে নিউট্রিফিড।
নিউট্রিফিডের ব্যবসায়িক পরিকল্পনা সম্পর্কে দলের সদস্য আবদুর রহমান বলেন, ‘পোলট্রি মুরগির খাবারের দাম প্রতিবছরই বাড়ছে। যার ফলে পাল্লা দিয়ে বাড়ছে মাংস ও ডিমের দামও। মুরগির খাবারের এই উচ্চমূল্যের কারণে বাংলাদেশে পোলট্রি ব্যবসায়ীদের অধিকাংশই দামি খাবার কিনতে হিমশিম খেয়ে যান। তাই কম মূল্যে উন্নতমানের ফিড তৈরির চিন্তা থেকে আমরা ফিডের প্রধান উপাদান হিসেবে বেছে নিয়েছি ফলমূলের শাঁস, খোসা, কাঁচা শাকসবজিসহ অন্যান্য পচনশীল উচ্ছিষ্টকে, যেগুলো আবাসিক ও বাণিজ্যিক এলাকায় খুব সহজে ও অধিক পরিমাণেই পাওয়া যায়।’
প্রতিযোগিতার বাংলাদেশ পর্বে অংশ নেয় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গড়া দল। প্রাথমিকভাবে অংশ নেওয়া দলগুলোর মধ্যে থেকে চূড়ান্ত বাছাই শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোট ১২টি দল সুযোগ পায় জাতীয় প্রতিযোগিতায় অংশ নেওয়ার। তারপর দুই পর্বে অনুষ্ঠিত হয় জাতীয় চ্যাম্পিয়ন খুঁজে বের করার কাজ। প্রতিযোগিতায় রানারআপ হয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তাজুল ইসলাম।
প্রতিযোগিতার এ দেশীয় প্রতিনিধি সামির শুভ্র জানান, ‘বৈশ্বিক এ প্রতিযোগিতা এবারই প্রথম বাংলাদেশে অনুষ্ঠিত হলো। এই প্রতিযোগিতার বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, শুধু ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে অনেক প্রতিযোগিতা হয় কিন্তু আমাদের লক্ষ্য সত্যিকার অর্থে যাঁরা ব্যবসা বাস্তবায়ন করবেন, তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করা।’