৩৬ বছর ধরে বাংলাদেশের সমাজ, রাজনীতি, সংস্কৃতি আর শিল্প নিয়ে গবেষণা করে যাচ্ছেন ভিলেম ফান শেন্ডেল। নেদারল্যান্ডসের আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের সমাজ ও আচরণবিজ্ঞান বিভাগে অধ্যাপনা তাঁর পেশা। বাংলাদেশ নিয়ে এ পর্যন্ত ১৬টি বই লিখেছেন। বিভিন্ন আন্তর্জাতিক জার্নাল ও পত্রিকায় শতাধিক প্রবন্ধ লিখে বিশ্বের দরবারে বাংলাদেশের নতুন পরিচিতি তৈরি করে যাচ্ছেন তিনি। বাংলাদেশ অনুরাগী এই ডাচ গবেষককে নিয়ে এবারের মূল রচনা লিখেছেন—ইফতেখার মাহমুদবাংলার ইতিহাসের কোন দিকে নজর পড়েনি তাঁর? বাংলার গ্রাম-শহরের মানুষ, তাদের রাজনীতি-সমাজ, শিল্প-শ্রমিক ও প্রান্তিক জনগোষ্ঠী-জাতি—এসব নিয়ে আদ্যোপান্ত অনুসন্ধান করা তাঁর নেশা-পেশা। বিশ্বের ইতিহাসে বাংলার মুখ খুঁজে ফেরা অধ্যাপক ভিলেম ভান সেন্ডেলের কথা বলছি। জন্মেছেন ইউরোপের বড় ব-দ্বীপ নেদারল্যান্ডসে। ৩৬ বছর ধরে গবেষণা করছেন বঙ্গীয় ব-দ্বীপের মানুষ, সমাজ ও ইতিহাস নিয়ে।যখনই বাংলাদেশে আসেন, তখনই ৬১ বছর বয়সী এই গবেষক ঘুরে বেড়ান পুরান ঢাকার অলিগলি। তবে সবচেয়ে ভালোবাসেন গ্রাম-বাংলার মেঠোপথে হাঁটতে; রাস্তার পাশে চায়ের দোকানে বসে গ্রামের মানুষের সঙ্গে কথা বলতে। কুমিল্লা ও বগুড়ার পাল্টে যাওয়া গ্রাম আর রংপুরের ভাওয়াইয়া গান তাঁকে এখনো টানে। বাংলাদেশ সম্পর্কে জানতে এবং বাংলায় পড়ার জন্য বাংলা ভাষা শিখেছেন তিনি। আধো বাংলায় কথাও বলতে পারেন এই ডাচ গবেষক। এ পর্যন্ত ঘুরে বেড়িয়েছেন পৃথিবীর ৭১টি দেশে। ভালো লেগেছে উজবেকিস্তান ও বাংলাদেশ। অবসরে এখনো শোনেন রবীন্দ্রনাথ, নজরুল আর লালনের গান।শেন্ডেলের লেখা ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া সর্বশেষ বই আ হিস্টরি অব বাংলাদেশ নিয়ে বিশ্বজুড়ে আলোচনার রেশ এখনো কাটেনি। এই বইতে তিনি উপনিবেশ-পরবর্তী ভারতবর্ষ থেকে শুরু করে ১৯৭১ সালে নতুন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের উন্মেষ নিয়ে আলোচনা করে ফিরে গেছেন স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের রাজনীতি ও সমাজের নানা উত্থান-পতনের দিকে। অতিসাম্প্রতিক ঘটনাও নথিবদ্ধ করে রেখেছেন তাঁর বইতে। বিশ্বের বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়াবিষয়ক উচ্চশিক্ষায় এরই মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে শেন্ডেলের লেখা আ হিস্টরি অব বাংলাদেশ বইটি। ভারত, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশের জার্নাল ও পত্রিকায় বইটি নিয়ে পর্যালোচনা শুরু হয়েছে। ইউরোপিয়ান গবেষকেরা সাধারণত মাতৃভূমির উপনিবেশগুলোর ওপর ঐতিহাসিক ও সামাজিক গবেষণায় বেশি আগ্রহী হন। বাংলা ও ভারত তো ছিল ব্রিটিশদের উপনিবেশ। এর পরও কেন বাংলা নিয়ে আগ্রহী হলেন, তা জানতে চাইলে শেন্ডেল হাসলেন একটু। জানালেন, ১৯৭৪ সালে বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় একজন অধ্যাপকের হয়ে গবেষণার কাজে প্রথমে বাংলাদেশে আসেন। সে সময় বাংলাদেশ এবং সাবেক বার্মা ও বর্তমান মিয়ানমার সম্পর্কে তাঁর আগ্রহ সৃষ্টি হয়। সেই আগ্রহ এখনো শেষ হয়নি। বাংলার ইতিহাসের আদ্যোপান্ত এখনো খুঁজে ফেরেন তিনি। গত ডিসেম্বর মাসে শেন্ডেল ঢাকায় এসেছিলেন একটি আন্তর্জাতিক সেমিনারে বক্তৃতা দিতে। ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও প্রথম আলোর কার্যালয়ে এসে নিজের বই ও গবেষণা নিয়ে কথা বলে গেছেন। শেন্ডেলের চলমান গবেষণার বিষয় হলো বাংলার নীল চাষ ও শ্রমিকদের জীবনগাথা। এর ফাঁকে নীলচাষিদের সম্পর্কে জানতে রাজধানীর আগারগাঁও ন্যাশনাল আর্কাইভ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে শুরু করে বরেন্দ্র জাদুঘর—সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছেন নীল চাষের দলিল-দস্তাবেজ। ফান শেন্ডেলের সঙ্গে যাঁরা পিএইচডি অভিসন্দর্ভ ও গবেষণা করেছেন, তাঁদের প্রত্যেককে বাংলাদেশ সম্পর্কে আগ্রহী করার চেষ্টা করেছেন তিনি।মাতৃভূমি নেদারল্যান্ডসে আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের আওতায় গড়ে ওঠা আধুনিক ইতিহাসচর্চাকেন্দ্রের এশিয়া অংশের দায়িত্ব কাঁধে নিয়েছেন শেন্ডেল। এশিয়ার সামাজিক ও রাজনৈতিক ইতিহাসের দলিল-দস্তাবেজের বিশাল ভান্ডার গড়ে তোলা হয়েছে সেখানে। বাংলাদেশের রাজনীতি ও সমাজের কী কী নথি ও দলিল তাঁর গবেষণাকেন্দ্রে নেই, সেটা খুঁজতে ভবিষ্যতে হয়তো অন্য কোনো ইতিহাসবিদকে রীতিমতো গবেষণা চালাতে হবে।তেভাগা থেকে ফুলবাড়ী, নাচোলের ইলা মিত্র থেকে কানসাটের গোলাম রব্বানীর আন্দোলনের সব দলিল-দস্তাবেজ রয়েছে তাঁর গবেষণাকেন্দ্রের সংগ্রহে। বিভিন্ন সূত্র থেকে বাংলাদেশের সাম্প্রতিক সময়ের পোশাকশ্রমিকদের আন্দোলনের নথি নিয়মিতভাবে তাঁর কাছে যায়। যুদ্ধাপরাধের বিচারের জন্য তৈরি গণ-আদালতের পোস্টার-লিফলেট, আশির দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় সংস্কৃতিকর্মীদের তৎপরতা—এসব পাওয়া যাবে তাঁর গবেষণাকেন্দ্রের ডিজিটাল আর্কাইভে। বাংলাদেশের ইতিহাসের বিভিন্ন গতিপ্রকৃতির দলিল থরে থরে সাজানো রয়েছে সেখানে। কীভাবে এত নথি-দলিল সংগ্রহ করেন, তা জানতে চাইলে রহস্য নিয়ে বলেন, ‘আগ্রহ, ইচ্ছা ও চেষ্টা থাকলে সব সম্ভব। বাংলাদেশে আমার বন্ধুরা এগুলো সংগ্রহ করে দেয়। বিশ্বের ইতিহাসের প্রেক্ষাপটে বাংলাদেশ নিয়ে যাঁরা গবেষণা করতে চান, তাঁদের জন্য আমি এগুলো সংগ্রহ করে রাখছি।’ বিশ্বের সামাজিক ইতিহাসে বাংলাদেশ তাঁর কাছে অনেক গুরুত্বপূর্ণ কেন, তা জানতে চাইলে বিষয়টি যেন চোখ দিয়ে বোঝাতে চাইলেন এই ডাচ গবেষক। তিনি বলেন, ষাট থেকে সত্তরের দশকজুড়ে পৃথিবীর বিভিন্ন দেশে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ চলছিল। নাইজেরিয়া, ফিলিস্তিন, ঘানা বা লাতিন আমেরিকা—এসব জায়গায় আন্দোলন দানা বেঁধে উঠেছিল। একমাত্র বাংলাদেশের মানুষ জনযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা ছিনিয়ে এনেছে। এ দেশের মানুষের মধ্যে আলাদা এক শক্তির গন্ধ পেয়েছেন বলে তিনি জানান।বিশ্বের বিভিন্ন দেশের স্বাধীনতাকামী নেতাদের মধ্যে শেখ মুজিবুর রহমানকে অনন্য মনে হয়েছে শেন্ডেলের। বঙ্গবন্ধু সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, ষাটের দশকে বিশ্বজুড়ে আলোচিত নেতাদের মধ্যে ইন্দোনেশিয়ার সুকর্ন, ঘানার নক্রমা, মিয়ানমারের অং সান—এঁরা সবাই সরাসরি ঔপনিবেশিকতার বিরুদ্ধে লড়াই করেছেন। কিন্তু বাঙালি জাতি ও শেখ মুজিব একটি অদ্ভুত ধরনের রাষ্ট্র পাকিস্তান থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেছে। যেখানে ভৌগোলিকভাবে বিভক্ত আর ধর্মীয়ভাবে যুক্ত একটি রাষ্ট্র গঠিত হলো, সেখানে অল্প সময়ের মধ্যে এই রাষ্ট্রের মোহ থেকে বাঙালিদের মুক্ত করে স্বাধীনতাযুদ্ধের জন্য মানসিকভাবে প্রস্তুত করা ছিল একটি কঠিন কাজ। সেই অসম্ভব কাজটি বাংলাদেশের মানুষ সম্ভব করেছে। এটা বিশ্বের ইতিহাসেও অনন্য ঘটনা। ব্যক্তিগতভাবে শেখ মুজিব নিজেকে পশ্চিম পাকিস্তানিদের শোষণের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। বাংলাদেশের শ্রেণীগঠন নিয়ে পিএইচডি অভিসন্দর্ভ করেছিলেন ভিলেম ফান শেন্ডেল। রংপুর ও বগুড়ার কয়েকটি প্রত্যন্ত গ্রামে মাঠকর্ম করে বাংলাদেশের শ্রেণীগঠন ও কৃষকসমাজের রূপান্তর বুঝতে চেষ্টা করেছিলেন তিনি। মাঠকর্মের একপর্যায়ে টাকা-পয়সার সমস্যায় পড়েছিলেন। গ্রামের মানুষ তাঁকে তিন বেলা খাইয়েছিলেন, এমনকি হাতখরচ পর্যন্ত জোগাড় করে দিয়েছিলেন। সে স্মৃতি এখনো ভুলতে পারেননি তিনি।বাংলা অঞ্চলের কৃষকশ্রেণীর গতিশীলতা, বঙ্গীয় ব-দ্বীপে পুঁজির পুঞ্জিভবন, মজুরশ্রেণীর ইতিহাস, রেশম চাষ, নীলশ্রমিক, জাতীয়তাবাদের ধরন, পার্বত্য চট্টগ্রামবাসীর প্রান্তিকতা, ছিটমহলবাসী ও সীমান্ত এলাকার সমাজবিন্যাস—সবই তাঁর গবেষণার বিষয়। আলোকচিত্রের ব্যবহার তাঁর প্রতিটি গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ কৌশল। তাঁর নিজস্ব ওয়েবসাইটেও বাংলাদেশবিষয়ক অসংখ্য আলোকচিত্র স্থান পেয়েছে।ব্রিটিশ ঔপনিবেশিক, প্রাক-ব্রিটিশ, পাকিস্তান ও বাংলাদেশ আমলের প্রায় প্রতিটি স্তরের ঐতিহাসিক সময় নিয়ে নাড়াচাড়া করে শেন্ডেলের মনে হয়েছে, ১৯৭১ সাল এই উপমহাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। বিশ্বের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হলো বাংলাদেশের স্বাধীনতা। ৩৬ বছরে বাংলাদেশের কী পরিবর্তন দেখতে পেলেন, তা জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশের জাতীয়তাবাদী চেতনা যত বিকশিত হয়েছে, অন্য ক্ষুদ্র জাতি ও মতের মানুষের অবস্থান তত বেশি কোণঠাসা হয়েছে। তবে সামগ্রিকভাবে বাংলাদেশের মানুষের মনে ও চেহারায় আত্মবিশ্বাস বেড়েছে। এই আত্মবিশ্বাসের শক্তি বাংলাদেশকে অনেক দূর নিয়ে যাবে। সে পথে এগোতে হলে সব জাতি, মত ও পথের মানুষকে বৈচিত্র্যসহ একই সূত্রে ও বন্ধনে বাঁধতে হবে বলে মনে করেন ভিলেম ফান শেন্ডেল। ভবিষ্যতের বাংলাদেশকে সেভাবেই দেখতে চান তিনি।