বিশ্ব এখন হাতের মুঠোয়
ইন্টারনেটের ভার্চুয়াল জগতের বাইরেও সামাজিক দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে গুগল পৃথিবীজুড়ে নানা গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করে। এমন একটি উদ্যোগ হলো ‘গুগল বিজনেস গ্রুপ’। সমাজের বিভিন্ন পেশাজীবী মানুষ, সৃজনশীল ব্যক্তি, উদ্যোক্তা, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ যাঁরা ইন্টারনেটের নিত্যনতুন প্রযুক্তি নিয়ে আগ্রহী, তাঁদের মধ্যে উন্মুক্ত আলোচনা ও তথ্য আদান-প্রদানের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে এই গ্রুপ। ২০১২ সালে যাত্রা শুরু করে এক বছর যেতে না-যেতেই পৃথিবীর ৩৩টি শহরে ছড়িয়ে পড়ে এর ব্যাপ্তি। বাংলাদেশই বা বাদ থাকবে কেন! গত বছরের জুন মাসে ঢাকায় গুগল বিজনেস গ্রুপের প্রথম আয়োজন অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় ১৬ ফেব্রুয়ারি ধানমন্ডি ২৭ নম্বরে অবস্থিত এডওয়ার্ড এম কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হয় গুগল বিজনেস গ্রুপ ঢাকার সপ্তম আয়োজন, যার প্রতিপাদ্য বিষয় ছিল, ‘শিক্ষা ও অনলাইনভিত্তিক সহায়তা’।তরুণ প্রজন্ম শিক্ষার নানা ক্ষেত্রে কীভাবে ইন্টারনেট ব্যবহার করছে? অনুষ্ঠানে আগত অনেক শিক্ষার্থীর ছিল এমন প্রশ্ন। এ পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর চতুর্থ বর্ষের শিক্ষার্থী মুনতাসির চৌধুরী উপস্থিত অতিথিদের সামনে বর্ণনা করেন তাঁর ‘ডিজিটাল’ জীবনের কথা। তিনি বলেন, ‘ক্লাসে কী হলো, কোন শিক্ষক কী পড়ালেন, কবে কোন পরীক্ষা, সিলেবাসেই বা কী—এসব খবর ঘরে বসেই আমি পেয়ে যাই ফেসবুক গ্রুপে। ক্লাসে নোট নিতে না পারলেও চিন্তার কিছু নেই। ‘ড্রপবক্স’ নামের অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে ক্লাসের বন্ধুরা তাঁদের লেখা নোট শেয়ার করেন সবার সঙ্গে। মুহূর্তেই সবার কম্পিউটারের স্ক্রিনে চলে আসে সব নোট, ফটোকপির দোকানের সামনে দীর্ঘ লাইন ধরার দিন শেষ! শুধু তা-ই নয়, গুগল ড্রাইভ ব্যবহার করে কয়েকজন বন্ধু যে যাঁর বাসায় বসে রাত জেগে একই প্রেজেন্টেশনের ওপর কাজ করছেন, একই সঙ্গে! এসব প্রযুক্তির সব কটিই ফ্রি, শুধু একটা ইন্টারনেট সংযোগ থাকলেই যথেষ্ট! গুগল বিজনেস গ্রুপ ঢাকার অন্যতম আয়োজক নাশিত ইসলাম জানালেন চমৎকার কিছু অনলাইন অ্যাপ্লিকেশন সম্পর্কিত তথ্য ও শিক্ষাক্ষেত্রে সেগুলো ব্যবহারের সম্ভাব্য উপায়। ডিজিটাল বাংলাদেশ যে আর কোনো স্বপ্ন নয়, বরং বাস্তব, তা ‘গুগল ট্রেন্ডস’ ব্যবহার করে তথ্য-উপাত্ত দেখিয়ে বুঝিয়ে দিলেন অপর দুজন আয়োজক রিয়াদ হুসেইন ও সালমান হোসেন। একসময় অনলাইনে খান একাডেমির ভিডিও দেখে বিশেষ উপকৃত হয়েছিলেন শাহ ইয়াসির আজিজ। এখন গণিতের সমস্যা সমাধানের ‘ট্রান্সএড’ নামের একটি তথ্যবহুল ওয়েবসাইট বানাচ্ছেন তিনি। আরও একজন তরুণ উদ্যোক্তা নাহিন রহমান বললেন অনলাইনে বই কেনাবেচার জন্য তার ওয়েবসাইট wherearemybooks.com-এর কথা। পুরোনো বই ফেলে দিয়ে বা অর্ধেক দামে বিক্রি না করে যদি সহজে জানা যেত এই বইটি আশপাশেই কেউ খুঁজছে কি না, তাহলে কত সহজেই না কত গুরুত্বপূর্ণ বই হাতের নাগালে পাওয়া যেত। এ ধারণার ওপর ভিত্তি করেই দেশের ৮৩টি বিশ্ববিদ্যালয়ে এই উদ্যোগ ছড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখছেন এই উদ্যোক্তা।এমনই অনেক উদ্ভাবনী পরিকল্পনা আর নতুন আইডিয়ার ছড়াছড়ি ছিল অনুষ্ঠানজুড়ে। পরবর্তী আয়োজনের প্রতিপাদ্য হবে ‘নারী ও ইন্টারনেট’—এমনটাই জানান আয়োজক রিয়াদ হুসেইন। রিয়াদ আরও জানান, স্থানীয় পৃষ্ঠপোষকতা পেলে গুগল বিজনেস গ্রুপের এই আয়োজনগুলো আরও বিস্তার লাভ করবে, উপকৃত হবে দেশের তরুণ সমাজ। বাংলাদেশ হয়ে উঠবে আক্ষরিক অর্থেই ডিজিটাল বাংলাদেশ।