বিশ্ব গার্লস গাইড সম্মেলনে যোগ দিচ্ছেন কক্সবাজারের ইশরাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইশরাত হক
ইশরাত হক

বিশ্ব গার্লস গাইড সম্মেলনে যোগ দিচ্ছেন কক্সবাজারের মেয়ে ইশরাত হক। ২৮ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ওমানের রাজধানী মাস্কাটে সপ্তাহব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে বিশ্বের ৩৮টি দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শতাধিক শিক্ষার্থী অংশ নেবেন। বিশ্ব গার্লস গাইড, গার্লস স্কাউটস সংস্থা ও ওমান স্কাউটস অ্যান্ড গাইড অ্যাসোসিয়েশন যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করছে।
ইশরাত হক কক্সবাজার সরকারি কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্রী। তিনি বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন কক্সবাজার জেলা শাখার রেঞ্জার সভাপতিও।
কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী জানান, মাস্কাটের বিশ্ব গার্লস গাইড সম্মেলনে বাংলাদেশ থেকে যোগ দিচ্ছেন কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া ১২ জন ছাত্রী। এর মধ্যে চট্টগ্রাম বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন দুজন। কক্সবাজার সরকারি কলেজ থেকে ইশরাত হক, অপরজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী উজানী চাকমা। ২৬ নভেম্বর (আজ) তাঁরা ওমানের উদ্দেশে যাত্রা করবেন।