
উত্তরায় জায়েদের ঘরটা ছোট। সেই ছোট্ট ঘর নানা ধরনের বাদ্যযন্ত্রে ঠাসা। বিভিন্ন দেশ থেকে যন্ত্রগুলো সংগ্রহ করেছেন তিনি। সেগুলো বাজাতে শিখেছেন নিজে নিজেই। একজন স্বশিক্ষিত সংগীত পরিচালক হিসেবে যেকোনো দেশের কণ্ঠশিল্পীর জন্য তিনি এখন মিউজিক কম্পোজ করছেন ঘরে বসেই। আর অনলাইনে বিক্রি করছেন বিশ্বের যেকোনো প্রান্তে। মিউজিক আউটসোর্সিংয়ের এই কাজটা বাংলাদেশের জন্য নতুনই বলা যায়।
তাঁর এই কাজগুলো অবাণিজ্যিক। তবে মিউজিকগুলো বিনা মূল্যে শোনার জন্য অনুদানও নেন তিনি। জায়েদ বলেন, ‘শিল্পীর কাজ ভালো লাগলে তাঁকে অনুপ্রেরণা দিতে গান কিনে নেওয়ার সুযোগটাও রেখেছি।’
জায়েদ হাসান যাদের কাছে অপরিচিত, তাদের জন্য কিছু তথ্য: অনলাইনে ‘স্টেজলাইট মান্থলি মিউজিক কনটেস্ট’ প্রতিযোগিতায় চূড়ান্ত বিজয়ী হয়েছিলেন তিনি। যৌথভাবে আন্তর্জাতিক এ প্রতিযোগিতার আয়োজন করেছিল লিনকিন পার্ক, ওপেন ল্যাব ও গিটার সেন্টার। বিশ্বের হাজারো মিউজিক কম্পোজারকে পেছনে ফেলে জায়েদের বিজয়ী হওয়ার খবরটা প্রথম আলোতে প্রকাশিত হয় গত বছরের জুলাই মাসে। সেই প্রতিযোগিতার সবচেয়ে কাঙ্ক্ষিত পুরস্কারটি ছিল বিশ্বখ্যাত ব্যান্ড দল লিনকিন পার্কের স্টুডিও পরিদর্শন এবং দলটির সঙ্গে সারা দিন কাজ করার সুযোগ। এই সুবাদে বিশ্ব চিনেছে তাঁকে। এমনকি ওই দলটির সদস্যরা জায়েদকে তাঁদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার প্রস্তাবও দিয়েছিলেন। কিন্তু ‘ফ্রিল্যান্স কম্পোজার’ হিসেবে কাজ করতেই তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন।
গত মাসে প্রকাশিত হয়েছে তাঁর নতুন অ্যালবাম ট্রেইলস অব দ্য সিজনস। অ্যালবামের ট্র্যাকগুলোর সবই রিল্যাক্সেশন মিউজিকের। ধ্যানের জন্য এই সুরগুলোর চাহিদা পৃথিবীব্যাপী। এই অডিও অ্যালবামটি অনলাইনে ১৫ ডলারে বিক্রি হচ্ছে। ইতিমধ্যে বিক্রি দেড় শ ছাড়িয়েছে। বেশির ভাগ অ্যালবামই কেনা হয়েছে যুক্তরাজ্য, জার্মানি ও যুক্তরাষ্ট্র থেকে। আপাতত বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে অ্যালবামটি বিক্রি হচ্ছে না। তবে সারা পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে অনলাইনে ট্র্যাকগুলো কিনতে ও শুনতে পারছেন শ্রোতারা। সব থেকে আনন্দ নিয়ে জায়েদ যেটা করছেন সেটা হচ্ছে, পৃথিবীর বিভিন্ন প্রান্তের শিল্পীদের গানে যন্ত্রসংগীতায়ন। শিল্পীরা সুর করে দিচ্ছেন, জায়েদ তাতে যন্ত্রসংগীত যুক্ত করছেন। সামনের দিনগুলোতে, সংগীতের দুনিয়ায় এটাই হবে একটি চমকপ্রদ ঘটনা। বিশ্বের বিভিন্ন দেশ, ভাষা ও সংস্কৃতির শিল্পীরা বাঁধা পড়বেন একটি গানে।
এরই মধ্যে গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রের জন্য মিউজিক কম্পোজ করেছেন জায়েদ। এখন কাজ করছেন মালয়েশিয়ার একটি ভিডিও গেম কোম্পানির জন্য। বানাচ্ছেন কম্পিউটার গেমের নেপথ্য সংগীত। জায়েদ জানালেন, প্রতিষ্ঠানটি সব ধরনের সুযোগ-সুবিধা, উচ্চ বেতনসহ মালয়েশিয়ায় গিয়ে তাদের প্রতিষ্ঠানে কাজ করার প্রস্তাব দিয়েছিল। কিন্তু মায়ের কথা ভেবে আপাতত তিনি দেশ ছাড়ছেন না। দেশের বাইরে গিয়ে থাকার চেয়ে মায়ের সঙ্গে থাকতে পারাটাই তাঁর জন্য আনন্দের। এ ছাড়া নিজের কম্পোজিশনগুলো আরও নানাভাবে বাজারজাত করছেন এই তরুণ সংগীত পরিচালক।
স্ট্রিমিং সাইট (অনলাইনে সরাসরি গান শোনার ওয়েবসাইট) ও তাঁর নিজস্ব ওয়েবসাইট থেকে তাঁর বানানো ‘স্টক মিউজিক’ কিনছেন বিভিন্ন দেশের ব্যবসায়ীরা। সেসব ব্যবহার হচ্ছে গেম, সিরিয়াল ও বিজ্ঞাপনে। আর লাইভ স্ট্রিমিংয়ের সাইটগুলো থেকেও ভালো রোজগার করা যায়, জানালেন জায়েদ। এসব থেকে তাঁর আয় বাংলাদেশের যেকোনো বহুজাতিক প্রতিষ্ঠানের কর্তাব্যক্তির তুলনায় কম নয়।
লিনকিন পার্কের বাংলাদেশের দূত হিসেবে তাঁর কাজ ছিল যুক্তরাষ্ট্রের ব্যান্ড দলটিকে এ দেশে কনসার্টের জন্য নিয়ে আসা। ব্যান্ড দলটির ভক্তদের তেমনটাই প্রত্যাশা। তবে একটি দেশে কনসার্ট করতে যাওয়ার আগে নিরাপত্তাসহ নানা ধরনের আনুষ্ঠানিকতা থাকে। সেসব পূরণ করা গেলে দলটি হয়তো বাংলাদেশে কনসার্ট করতে আসবে। সেটি হবে একটি আন্তর্জাতিক কনসার্ট। বিশ্বের বিভিন্ন দেশ থেকে লিনকিন পার্কের ভক্তরা এই কনসার্ট দেখতে বাংলাদেশে আসবেন। ‘স্টেজলাইট মান্থলি মিউজিক কনটেস্ট’-এর অন্যতম আয়োজক ওপেন ল্যাবের প্রধান নির্বাহী ক্লিফ মাউনটেইনের কাছে বায়না ধরেছিলেন জায়েদ, বাংলাদেশের প্রতিশ্রুতিশীল তরুণদের কম্পোজিশন বিক্রির জন্য একটি ‘মার্কেটপ্লেস’ করে দিতে হবে। সেটা কবে নাগাদ পাওয়া যাবে, জানতে চাইলে জায়েদ জানান, একটা ‘মার্কেটপ্লেস’(অনলাইন বাজার) তৈরির আগে সেটা চালানোর জন্য নানা নীতিমালা নিয়ে ভাবতে হয়। বাদ বাকি কাজ খুব সহজ ও দ্রুত করা যায়। সেসব নিয়ে কাজ চলছে।
জায়েদের স্বপ্ন এখন সংগীত জগতের সবচেয়ে নামি পুরস্কার গ্র্যামি জেতা। জানালেন, শিগগির গ্র্যামির জন্য অ্যালবাম জমা দেবেন তিনি। জায়েদের জন্য শুভকামনা থাকবে পুরো জাতির।