বিশ্ব নদী দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্ক অ্যাঞ্জেলোর উদ্যোগেই শুরু হয়েছিল নদী দিবস উদ্‌যাপন
মার্ক অ্যাঞ্জেলোর উদ্যোগেই শুরু হয়েছিল নদী দিবস উদ্‌যাপন

নদীর পারেই তো একসময় গড়ে উঠেছে পৃথিবীর বড় বড় শহর, গড়ে উঠেছে মানুষের নানা সভ্যতা আর সংস্কৃতি। নদী ও মানুষের জীবন যেন অবিচ্ছেদ্য। বাংলাদেশের মানুষের কাছে একটু বেশিই সম্পর্কিত। আমাদের মৃতপ্রায় নদী নিয়ে তাই প্রায়ই পরিবেশবাদীসহ সাধারণ মানুষের যত উদ্বেগ। তবে নদী রক্ষার তৎপরতা দুনিয়াজুড়েই। নদী সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতিবছরের সেপ্টেম্বর মাসের চতুর্থ রোববার পালন করা হচ্ছে বিশ্ব নদী দিবস। সে হিসাবে আগামীকাল ২২ সেপ্টেম্বর বিশ্ব নদী দিবস। তবে দিনটি হুট করে আসেনি। 

১৯৮০ সালের ২৮ সেপ্টেম্বর। দিনটি ছিল রোববার, সাপ্তাহিক ছুটির দিন। ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক তরুণ শিক্ষক এবং নদীপ্রেমিক মার্ক অ্যাঞ্জেলো, তিনিই পরে হয়ে ওঠেন খ্যাতনামা নদী সংরক্ষক। মার্ক তাঁর কয়েকজন ছাত্রছাত্রী ও বন্ধুকে ডাকলেন। তাঁদের নিয়ে চললেন থমসন নদীর পাড়ে। তাঁরা সেখানে পরিচ্ছন্নতা অভিযান চালালেন। এর নাম দিলেন বিসি (ব্রিটিশ কলম্বিয়া) রিভারস ডে। পরের বছরের সেপ্টেম্বরের শেষ রোববার তাঁরা একই উদ্যোগ নিলেন। এই দিবসের উদ্যোগ ব্রিটিশ কলাম্বিয়া রাজ্য থেকে পুরো কানাডায় ছড়িয়ে পড়ে। পরে বিস্তৃত হয় উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে। বিসি রিভারস ডের সাফল্যের হাত ধরেই এটি আন্তর্জাতিক রূপ পায়।

২০০৫ সালে জাতিসংঘ নদী রক্ষায় জনসচেতনতা তৈরি করতে ‘জীবনের জন্য জল দশক’ কর্মসূচি ঘোষণা করে। সে সময়ই জাতিসংঘ দিবসটি অনুসমর্থন করে। এরপর থেকেই জাতিসংঘের বিভিন্ন সহযোগী সংস্থা দিবসটি পালন করছে, যা দিন দিন বিস্তৃত হচ্ছে। গত বছর বিশ্বের প্রায় ৬০টি দেশে পালন করা হয়েছে বিশ্ব নদী দিবস। বাংলাদেশে ২০১০ সাল থেকে এ দিবস পালিত হচ্ছে। 

সূত্র: ওয়ার্ল্ড রিভারস ডে ডট কম