বিশ্ব বই দিবসে পেকুয়ায় আলোচনা সভা
কক্সবাজারের পেকুয়ায় ২৩ এপ্রিল বিশ্ব বই দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে পেকুয়া জিএমসি ইনস্টিটিউশন থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে পেকুয়া জিএমসি ইনস্টিটিউশন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহির উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন পেকুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পেকুয়া জিএমসি ইনস্টিটিউশনের সাবেক প্রধান শিক্ষক এনামুল হক চৌধুরী, বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষিকা মারুফা দিদার, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য কিসমত মিয়া।
এদিন সকালে রাজাখালী এয়ার আলী খান উচ্চবিদ্যালয়ে দিবসটি উপলক্ষে ‘প্রাণীদের মধ্যে একমাত্র মানুষ বই পড়ে’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম।