বিশ্ব মহাকাশ সপ্তাহ উপলক্ষে আইইউবিতে সেমিনার
ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) ক্যাম্পাসে ১০ অক্টোবর বিশ্ব মহাকাশ সপ্তাহ উপলক্ষে সেমিনারের আয়োজন করা হয়। আইইউবি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ক্লাব আয়োজিত সেমিনারে বক্তা ছিলেন ভৌতবিজ্ঞানী অধ্যাপক ইমেরিটাস জামাল নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন আইইউবির শিক্ষক সুরাইয়া ইসলাম, এমরান হারুন, আতিকুর রহমান প্রমুখ। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ঘোষণা অনুযায়ী যুক্তরাষ্ট্রের হিউস্টনে অবস্থিত ওয়ার্ল্ড স্পেস উইক অ্যাসোসিয়েশন প্রতিবছর অক্টোবর মাসের ৪ থেকে ১০ তারিখে প্রায় সারা বিশ্বে পালন করে ‘বিশ্ব মহাকাশ সপ্তাহ’। এ বছরের মূল প্রতিপাদ্য ছিল ‘মনুষ্যবাহী মহাকাশযানের ৫০ বছর’।আইইউবি আয়োজিত আলোচনায় জামাল নজরুল ইসলাম মহাবিশ্বের পরিণতি বিষয়ে বলেন, ‘বিশ্বের নিয়তি সম্পর্কে কিছু বলা মানে এক ধরনের ভবিষ্যদ্বাণী করা। বর্তমান জ্ঞানের ওপর ভিত্তি করে বিশ্বের নিয়তি সম্পর্কে সঠিকভাবে ভবিষ্যদ্বাণী করা সম্ভব নয়, কারণ নতুন তথ্য এবং তত্ত্বের সঙ্গে এই ভবিষ্যদ্বাণীটির পরিবর্তন হতে পারে।’সেমিনারে সঞ্চালক ছিলেন আইইউবির শিক্ষক সৌমিত্র পালিত। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘আজ আমরা এ মহাবিশ্বের রহস্যময়তার অনেক কিছু সম্পর্কে জানি। বিজ্ঞানীরা প্রতিদিন নতুন নতুন আবিষ্কারে আমাদের মহাবিশ্ব-সম্পর্কিত জ্ঞানকে সমৃদ্ধ করছেন। পদার্থবিজ্ঞানে ২০১১ সালের নোবেল পুরস্কারও এই মহাবিশ্ব নিয়ে সফল গবেষণার স্বীকৃতি।’ সেমিনার শেষ হয় উপস্থিত শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে। বিশ্বের সম্প্রসারণ কি ভবিষ্যতে থাকবে, না তা থেমে গিয়ে সংকোচন শুরু হবে, ব্ল্যাক হোল থেকে যে আলোক রশ্মি বের হয় না, এর কি কোনো প্রমাণ আছে?—শিক্ষার্থীদের এসব প্রশ্নের উত্তর দেন জামাল নজরুল ইসলাম।