বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সোনাগাজীতে সভা
‘শিশুকে মায়ের দুধ খাওয়ানো-টেকসই উন্নয়নের চাবিকাঠি’ এই প্রতিপাদ্য সামনে রেখে ১ আগস্ট ফেনীর সোনাগাজীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়েছে।
এ উপলক্ষে সকালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের নেতৃত্বে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক ঘুরে আসে। এরপর স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নুরুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাহেদা হোসেন, সোনাগাজী ৫০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাঈনুল হক, চিকিৎসা কর্মকর্তা জামাল উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, শিশুর জন্মের ছয় মাস পর্যন্ত মায়ের দুধের কোনো বিকল্প নেই। ছয় মাস বয়স থেকে ধীরে ধীরে শিশুকে সুষম খাবার দিতে হবে।