বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে সিটিজি অনলাইন ব্লাডব্যাংক গত মঙ্গলবার নগরের মুসলিম হলে আলোচনা সভার আয়োজন করে। সংগঠনটির অ্যাডমিন মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
বক্তব্য দেন গ্রিন পিস বাংলার চট্টগ্রাম বিভাগের সভাপতি নুরুল আনোয়ার, বীর চট্টগ্রাম মঞ্চের সম্পাদক সৈয়দ ওমর ফারুক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহিউদ্দিন মাহিম, রক্তদাতা জাবেদ নাসিম প্রমুখ।
প্রধান অতিথি বলেন, যুবকেরাই পারে অসাধ্যকে সাধন করতে। অনলাইনের মাধ্যমে সংগঠনটির সদস্যরা অসুস্থ ও মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্ত দিয়ে আর্তমানবতার সেবায় অনন্য ভূমিকা রাখছেন। পরে তিনি সংগঠনের ওয়েবসাইট উদ্বোধন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা অ্যাডমিন ইমরান ইমু, সুর্য দাস, নিশি আকতার, ইমাম হোসেন, রাজুদেব, মোরশেদুল আলম, মাসুদুর রহমান, ফরহাদ মোহাম্মদ কাউছার, আলতাফ হোসেন, সোহেল রানা, কে এইচ ইউছুপ, সোয়েবুল হক চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, সিটিজি অনলাইন ব্লাডব্যাংকের সদস্যসংখ্যা বর্তমানে দুই লাখ ছাড়িয়েছে। ২০১২ সালের ১২ ডিসেম্বর ১২ জন তরুণের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় সংগঠনটি। কার্যকরী পরিষদের ৫০ জন সদস্য সব সময় সক্রিয় থাকেন রোগীর প্রয়োজনে রক্তদাতার সন্ধান দিতে। বিজ্ঞপ্তি।