বিশ্ব শিশুশ্রম নিরসন দিবস উদ্যাপিত
জেলা প্রশাসন চট্টগ্রাম ও স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থাগুলোর সমন্বয়ে গঠিত ‘বিশ্ব শিশুশ্রম নিরসন দিবস উদ্যাপন পরিষদ’ ২৩ জুন বিশ্ব শিশুশ্রম নিরসন দিবস উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। দিনব্যাপী অনুষ্ঠানের শুরুতে শিশু একাডেমী থেকে একটি শোভাযাত্রা বের হয়। এটির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) খালেদ মামুন চৌধুরী। শোভাযাত্রায় শ্রমজীবী শিশুদের সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঘাসফুলের নির্বাহী আফতাবুর রহমান, সরোজ কান্তি দাশ, সালাহউদ্দিন কবীর, মোস্তফা কামাল, স্বপ্না তালুকদার, প্রকল্প পরিচালক সুভাষ কুমার দত্ত, এম এ কাইয়ুম, ব্যবস্থাপক পূর্ণিমা দাশ, রত্না দাশ, রাশেদুল ইসলাম, ওমর ফারুক, সোমা দত্ত প্রমুখ। শোভাযাত্রাটি শিশু একাডেমী থেকে শুরু হয়ে শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয় শ্রমজীবী শিশুদের অংশগ্রহণে সৃজনশীল প্রতিযোগিতা। প্রতিযোগিতার বিষয় ছিল—ছবি আঁকা, যেমন খুশি তেমন সাজ, কুইজ ও সুন্দর হাতের লেখা। এতে ৪০০ জন শ্রমজীবী শিশু অংশ নেয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন ঘাসফুলের চেয়ারপারসন ও প্রতিষ্ঠাতা শামছুন নাহার রহমান। দুপুরে শিশুদের দীপু নম্বর-২ চলচ্চিত্রটি প্রদর্শন করা হয় । বেলা তিনটায় দিবসের প্রতিপাদ্য নিয়ে সেমিনারপত্র উপস্থাপন করেন এ কে খান ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়কারী আবুল বাশার। সেমিনারে সঞ্চালক ছিলেন সাংবাদিক এম নাসিরুল হক। প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র জোবায়রা নার্গিস খান। বিকেল চারটায় ছিল শ্রমজীবী শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান। শিশুদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম এ এইচ হুমায়ুন কবীর। বিজ্ঞপ্তি।