বিশ্ব সংগীত দিবসে সম্মাননা পেলেন গফুর হালী
‘সোনা বন্ধু তুই আমারে করলি দেওয়ানা’, ‘মনের বাগানে ফুটিল ফুল গো’ কিংবা ‘রসিক তেল কাজলা’ এমন বিখ্যাত সব গানের রচয়িতা গীতিকার ও সুরকার আবদুল গফুর হালীকে সম্মাননা জানাল বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ।
গত শুক্রবার ২১ জুন সন্ধ্যা ছয়টায় বিশ্ব সংগীত দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের সদস্য ও অতিথিরা প্রবীণ সুরস্রষ্টাকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান। এই সময় চট্টগ্রামে ভারতীয় দূতাবাসের সহকারী হাই কমিশনার সোমনাথ ঘোষ তাঁর হাতে এক লাখ টাকার চেক তুলে দেন।
সম্মাননা পেয়ে অভিভূত গফুর হালী বলেন, ‘জীবনে কিছু পাওয়ার জন্য সংগীত সাধনা করিনি। আমি গান করি মানুষের জন্য। মাটির টানে। তবু সম্মাননা পেলে দায়িত্ব বাড়ে। যত দিন বাঁচব আরও গান লিখে যাব।’
এর আগে বিকেলে অনুষ্ঠান উদ্বোধন করতে গিয়ে সোমনাথ ঘোষ বলেন, ‘সংগীতের চর্চার মাধ্যমে সমাজ থেকে অসুন্দর ও অসংগতি দূর করা সম্ভব। যেখানে সভ্যতা ও কৃষ্টি আছে, সেখানেই সংগীত আছে।’
জয়ন্তী লালার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের মূল আলোচক ছিলেন অধ্যাপক গোলাম মুস্তাফা। বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোট চট্টগ্রামের সদস্য সচিব আহমেদ ইকবাল হায়দার ও শিল্পী স্বর্ণময় চক্রবর্তী। অনুষ্ঠান সঞ্চালনা করেন দীপেন চৌধুরী।
গোলাম মুস্তাফা তাঁর বক্তব্যে বিশ্ব সংগীত দিবসের তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, ‘সংগীত মানুষকে কেবল মোহিত করে না, একই সঙ্গে পরিশীলিতও করে। পাশাপাশি আত্মমর্যাদায় অভিষিক্ত করে মানুষকে।’ আলোচনা শেষে আর্য সংগীত, সদারঙ্গ, সংগীত ভবন, উচ্চাঙ্গসংগীত পরিষদসহ বিভিন্ন সংগীত সংগঠনের শিল্পীরা গান পরিবেশন করেন।:n:
৩০ জুন থেকে থিয়েটার ইনস্টিটিউটে নাট্যমেলা:h:
চট্টগ্রামে ঋতুভিত্তিক নাট্যমেলা পরিষদের আয়োজনে থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে চার দিনব্যাপী ‘বাদল সাঁঝের নাটক-১৪২০’ শীর্ষক নাট্যমেলা শুরু হচ্ছে ৩০ জুন থেকে। ভারতীয় সহকারী হাইকমিশনের সহায়তায় আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন এবং অতিথি থাকবেন ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ। উদ্বোধন করবেন কবি ও সাংবাদিক অরুণ দাশগুপ্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে নাটকের গান পরিবেশন করবে তির্যক নাট্যদল। অনুষ্ঠানে সুখেন্দু স্মৃতি নাট্যপদক-২০১৩ প্রদান করা হবে। পদক গ্রহণ করবেন চট্টগ্রামের আঞ্চলিক গানের গীতিকার, সুরকার, শিল্পী ও গবেষক আবদুল গফুর হালী।
চার দিনব্যাপী নাট্যমেলায় প্রতিদিন সন্ধ্যা ছয়টায় নাটকের গান, আবৃত্তি, নৃত্যানুষ্ঠান এবং সন্ধ্যা সাতটায় নাটক মঞ্চস্থ হবে। বিজ্ঞপ্তি