বিশ্বকাপ কি স্পেনকে ঐক্যবদ্ধ করবে
প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবলের শিরোপা জেতার আনন্দে ভাসছে স্পেন। অনেকেই বলছেন, বিচ্ছিন্নতার আন্দোলনের শিকার দেশটিতে এ জয় নিয়ে আসবে ঐক্যের সম্ভাবনা। কিন্তু সবাই একমত নন। সংশয়বাদীদের একজন স্প্যানিশ সাংবাদিক দৈনিক এল পাইস-এর ওয়াল্টার ওপেনহাইমার তুলে ধরেছেন তাঁর ধারণার পেছনের যুক্তিগুলো। শোনা যাক তাঁর নিজের জবানিতেই। ভাষান্তর করেছেন দেওয়ান আব্দুল খালেক ফুটবল কি স্পেনকে ঐক্যবদ্ধ করতে পারবে? কয়েক শতাব্দী না হোক, অন্তত কয়েক দশক ধরে তো কোনো রাজনৈতিক নেতা এ কাজ করতে পারেননি। প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবল জয়ের সাফল্য কি তা পারবে? বলতেই হচ্ছে, আমি তেমনটা মনে করি না। দক্ষিণ আফ্রিকায় আমাদের এই বিজয় অবশ্যই দারুণ ব্যাপার। অর্থনৈতিক মন্দার ফলে স্পেনীয়দের মধ্যে যে চরম হতাশা নেমে এসেছিল, এই বিশ্বকাপ জয় তা থেকে তাদের বের হয়ে আসতে উৎসাহ জোগাবে। লোকজন এখন বাইরে বেরিয়ে ফুর্তি করবে, পয়সা ওড়াবে। আর তা মন্দা কাটিয়ে উঠতে কিছুটা হলেও সাহায্য করবে। স্পেনের এই জয় এমনকি বেকারদেরও (কর্মক্ষমদের ২০ শতাংশই এখন বেকার) সুন্দর ভবিষ্যতের জন্য আশাবাদী হতে সহায়তা করবে। কিন্তু এটি তথাকথিত ‘বাস্ক সমস্যা’ বা ‘ক্যাটালান-সমস্যার’ সমাধান দিতে পারবে না। আমার নাম যা-ই হোক, আমি নিজে একজন ক্যাটালান। আমার জন্ম ও বেড়ে ওঠা বার্সেলোনায়। কিন্তু আমি দেশপ্রেমিক নই। আমি স্পেনীয় দেশপ্রেমিক যেমন নই, তেমনি নই ক্যাটালান দেশপ্রেমিকও। সীমান্ত ব্যাপারটাই আমার পছন্দ না। আমি মাদ্রিদে ক্যাটালান ভাষায় কথা বলি, বার্সেলোনায় আবার বলি স্প্যানিশ। কাজেই ক্যাটালানরা কী চায়, তা আমি বুঝি। আমি ফুটবল ভালোবাসি। বিশেষ করে বার্সাকে (বার্সেলোনা)। আমি স্প্যানিশ দলকেও ভালোবাসি। লাখ লাখ ক্যাটালানও তাই করে। কিছু ক্যাটালান স্প্যানিশ দলকে পছন্দ করে না। কিন্তু অধিকাংশই তাদের পক্ষে নয়। তেমনই কিছু ক্যাটালান স্বাধীনতা চায়। কিন্তু অধিকাংশই তাদের এ মতের অনুসারী নয়। তবে প্রয়োজন মনে করলে কোনো একদিন হয়তো তারা এটি সমর্থন করতে পারে। কিন্তু এখন পর্যন্ত নয়। কারণ তারা মনে করে না, এখনই স্পেন থেকে তাদের বের হয়ে যাওয়া প্রয়োজন।ক্যাটালানদের অধিকাংশই ক্যাটালানপন্থী, যা স্বাধীনতাপন্থীদের চেয়ে কিছুটা আলাদা। তারা ক্যাটালোনিয়াকে স্পেনের চেয়ে বেশি ভালোবাসে। কিন্তু তারা স্পেনকে ঘৃণা করে না। একই কথা প্রযোজ্য স্প্যানিশ জাতীয় দলের ক্ষেত্রেও। ক্যাটালানরা এ দলকে সমর্থন করে। কিন্তু তারা স্প্যানিশ দলকে বার্সেলোনার আগে ঠাঁই দিতে রাজি নয়। বিষয়টা বরাবরই এ রকম।গণমাধ্যম ও রাজনীতিবিদেরা দাবি করছেন, বিশ্বকাপে স্পেনের এই বিজয়ে মূল বিষয় ছিল একতা। আঞ্চলিক রাজনীতির মতপার্থক্য নিরসন করা যে কতটা গুরুত্বপূর্ণ ও সহজ, তা-ই দেখিয়ে দিয়েছে এই সাফল্য। তবে আমি মনে করি, বিশ্বকাপের এই বিজয় এটাই দেখিয়েছে যে, স্পেনে চমৎকার অনেক খেলোয়াড় রয়েছেন। এমনই আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, কিছুদিন আগে ‘লা ফুরিয়া’র মতো ফালতু ধারণাটি পরিত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ। এটা ছিল খুবই জাতিগত বিভেদমূলক আর ফ্রাংকো জমানার ফুটবলতত্ত্ব, যাতে খেলোয়াড়দের দক্ষতার চেয়ে জাতিগত পরিচয়ই বেশি প্রাধান্য পেত। কিন্তু স্পেন তার খেলোয়াড়দের সহজাত গুণাবলিকে আঁকড়ে ধরেছে। আর তা হলো নিখুঁত পাস ও কৌশল। এটি শারীরিক শক্তির চেয়ে বেশি কার্যকর। স্পেনজুড়ে লাখ লাখ মানুষ (বার্সেলোনাসহ) হল্যান্ডের বিরুদ্ধে এই বিজয় উদ্যাপন করার আগের দিনই, ক্যাটালান পার্লামেন্টের ক্ষমতা কমিয়ে দেওয়ার আদালতের রায়ের প্রতিবাদে বার্সেলোনায় ১০ লাখেরও বেশি লোক বিক্ষোভ করে।বিজয়ে মন একটু ভালো হয়েছে বলেই যে স্বাধীনতার দাবি ঝিমিয়ে পড়েছে তা নয়। ক্যাটালানরাও বিশ্বকাপে জাতীয় দলের এই বিজয়কে উদ্যাপন করেছে আর স্পেনের অন্য সবাই খুব সুন্দরভাবে মেনে নিয়েছে যে, বার্সার খেলোয়াড়েরা এই সাফল্যের বড় নায়ক। এ সবকিছুই খুব আনন্দের। তবে এটা নতুন কিছু নয়। এমন ঘটনা ১৯৯২ সালেও ঘটেছিল। সেবারের অলিম্পিক আয়োজন দারুণ সফল হয়েছিল। সেই সময় বার্সেলোনা এমনকি নু ক্যাম্প স্টেডিয়াম ক্যাটালান ও স্প্যানিশ উভয় ধরনের পতাকায় ভরে গিয়েছিল। আশাবাদ জেগেছিল সারা দেশে। কিন্তু ক্যাটালান-সমস্যার বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। সূত্র: বিবিসি