বিশ্বকাপ ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ জানুয়ারি প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ে ‘বিশ্বকাপ ক্রিকেট ২০১১, চট্টগ্রামের প্রস্তুতি’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা আলোচনায় অংশ নেন। তাঁদের বক্তব্য এখানে সংক্ষিপ্ত আকারে ছাপা হলো:যাঁরা অংশ নিলেনরণজিৎ বিশ্বাস ক্রীড়া লেখক ও অতিরিক্ত সচিবমো. সামসুদ্দোহা সচিব, চট্টগ্রাম সিটি করপোরেশনশামসুল হক অতিরিক্ত উপপুলিশ কমিশনার নগর বিশেষ শাখাঅধ্যাপক শায়েস্তা খান সাধারণ সম্পাদক, মহানগরী ক্রীড়া সংস্থা ও ক্রীড়া লেখকহাসান মাহমুদ হাসনী প্যানেল মেয়র, চট্টগ্রাম সিটি করপোরেশনসিরাজুদ্দীন মোহাম্মদ আলমগীর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও চট্টগ্রাম ভেন্যু চেয়ারম্যানফজলে বারী খান সাবেক জাতীয় ক্রিকেটার ও চট্টগ্রাম ভেন্যু ব্যবস্থাপকহাফিজুর রহমান সাধারণ সম্পাদক চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থাশাহেদুন্নবী জয় বিপণন ব্যবস্থাপক, পেনিনসুলাসঞ্চালকআবুল মোমেন: আবাসিক সম্পাদক, প্রথম আলোআবুল মোমেন: প্রথম আলোর পক্ষ থেকে উপস্থিত সবাইকে শুভেচ্ছা। চট্টগ্রামে প্রথম আলোর উদ্যোগে এটিই প্রথম গোলটেবিল বৈঠক। সামনে বিশ্বকাপ ক্রিকেট। ঢাকার পাশাপাশি চট্টগ্রামেও অনুষ্ঠিত হবে এই মহাযজ্ঞ। আমাদের প্রস্তুতির খুঁটিনাটি বিষয় থেকে শুরু করে বাংলাদেশ ক্রিকেট দলের পারফরম্যান্স নিয়ে জানতে আগ্রহী পাঠকেরা। ক্রিকেটে চট্টগ্রাম একসময় নেতৃত্ব দিয়েছে। বহু বিশ্বখ্যাত ক্রিকেটার চট্টগ্রামে খেলে গেছেন। ক্রিকেট নিয়ে চট্টগ্রামবাসীর আগ্রহ তাই সব সময় বেশি ছিল। এরই ধারাবাহিকতায় বিশ্বকাপ আয়োজনের ভেন্যু নির্বাচিত হয়েছে চট্টগ্রাম।দুঃখজনক হলেও সত্যি, আমাদের বহু সীমাবদ্ধতা নিয়ে কাজ করতে হয়েছে। এ দেশের সব সুযোগ-সুবিধা রাজধানীতে কেন্দ্রীভূত হয়েছে। এমন পরিস্থিতিতে বিশ্বকাপের অবকাঠামো তৈরি, অতিথিদের আবাসনব্যবস্থা, রাস্তাঘাট সংস্কার, সৌন্দর্যবর্ধন, নিরাপত্তাব্যবস্থা, ভেন্যু তৈরি ইত্যাদি কত দূর এগিয়েছে, তা মানুষ জানতে চায়। চট্টগ্রামের প্রস্তুতি ও সামগ্রিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিশ্বকাপ প্রস্তুতি সম্পর্কে জানতে চাইব সিরাজুদ্দীন মোহাম্মদ আলমগীরের কাছে।সিরাজুদ্দীন মোহাম্মদ আলমগীর: বিসিবির পক্ষ থেকে প্রথমেই ধন্যবাদ জানাই প্রথম আলোকে। এত বড় একটি আয়োজনে সংবাদমাধ্যমের বড় ভূমিকা রয়েছে। জনগণকে সচেতন করা ছাড়া বিশ্বকাপ আয়োজন সম্ভব নয়। প্রথমেই বলে রাখি, বাংলাদেশের জন্য বিশ্বকাপ ক্রিকেট ইভেন্টটি একেবারেই নতুন। এর মূল আয়োজক আইসিসি অনেকটা করপোরেট সংস্থার মতো। তাদের প্রতিটি কাজের মধ্যে পেশাদারিত্ব রয়েছে। আর এখানে আমরা যাঁরা এই আয়োজনের সঙ্গে যুক্ত, তাঁদের সবাই নিজের পেশার পাশাপাশি বাড়তি দায়িত্ব হিসেবে সংগঠকের কাজ করছি। এখানে সরকারের প্রতিটি পর্যায়ের কর্মকর্তা থেকে শুরু করে সংগঠকদের আইসিসির বাধ্যবাধকতার মধ্যে কাজ করতে হচ্ছে। বাংলাদেশ বিশ্বকাপের আয়োজক হয়েছে আইসিসির কিছু শর্ত মেনে। এমনকি যে শহরে খেলা হবে, সে শহরকেও ‘সিটি গ্যারান্টি’ দিতে হয়েছে। তবে এসব শর্তে কী আছে, তা আমরা পুরোপুরি জানি না। চট্টগ্রামে বিশ্বকাপ আয়োজন সত্যি ব্যতিক্রমী ঘটনা। এমন ম্যাচ আয়োজনের জন্য চট্টগ্রামের যথার্থ প্রস্তুতি ছিল না। এটা অবাক হওয়ার মতো বিষয়, যে শহরে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে, সে শহরে কোনো পাঁচ তারকা হোটেল নেই। ১০ থেকে ১২ হাজার দর্শক দেশের বাইরে থেকে খেলা দেখতে আসবেন। তাঁদের আবাসনের ব্যবস্থা করতে হবে। একটি প্র্যাকটিস ভেন্যুসহ দুটি ভেন্যুকেও প্রস্তুত করতে হবে। এসব ছিল বিরাট চ্যালেঞ্জ।আবুল মোমেন: এখন প্রস্তুতি কোন পর্যায়ে আছে?সিরাজুদ্দীন মোহাম্মদ আলমগীর: আসলে যে সময় পেয়েছি, তা যথেষ্ট ছিল না। অল্প সময়ে অনেক কাজ করতে হয়েছে। আশ্বস্ত হওয়ার মতো বিষয় হলো, আইসিসির একটি পর্যবেক্ষক দল চট্টগ্রাম ঘুরে গেছে। তারা খুব সন্তুষ্ট হয়েছে প্রস্তুতি দেখে। কাজ এখনো চলছে। খেলার আগের দিনও কাজ হবে। তবে সব মিলিয়ে আমরা তৈরি।আবুল মোমেন: রাস্তাঘাট, অবকাঠামো তৈরি, সৌন্দর্যবর্ধন ইত্যাদি কত দূর এগোল, জানতে চাই সিটি করপোরেশনের সচিব মো. সামসুদ্দোহার কাছে।মো. সামসুদ্দোহা: ভেন্যুর তালিকায় প্রথমে চট্টগ্রামের নাম ছিল না। তৎকালীন মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে আমরা চট্টগ্রামকে ভেন্যু করার পক্ষে দাঁড়িয়েছিলাম। আমাদের বিশ্বকাপ ক্রিকেটের প্রস্তুতি তখনই শুরু হয়েছে। নিজেদের সামর্থ্য অনুযায়ী ছোটখাটো কাজ করেছি। বড় কাজের জন্য প্রস্তাব পাঠিয়েছি মন্ত্রণালয়ে। ৬৫ থেকে ৭৫ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি কাজও শেষের পথে। তবে সব সময় মন্ত্রণালয়ের দিকে তাকিয়ে থাকার কারণে কাজের গতি শ্লথ হয়েছে। ঠিকমতো আর্থিক বরাদ্দ পাইনি। সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। ১২ ফেব্রুয়ারির আগেই কাজ শেষ হবে। তবে আমরা নিজেরা একা সৌন্দর্যবর্ধন করতে পারব না। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে। নগরের সব বড় প্রতিষ্ঠান—যেমন, বাংলাদেশ রেলওয়ে, বন্দর এদের ডিও লেটার দিয়েছি, তারা যেন তাদের প্রতিষ্ঠানকে রং করে দৃষ্টিনন্দন করে তোলে। মোট কথা, সবাইকে দায়বদ্ধতা নিয়ে এগিয়ে আসতে হবে।আবুল মোমেন: সিটি করপোরেশনের উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে প্যানেল মেয়র হাসান মাহমুদ হাসনী বলবেন?হাসান মাহমুদ হাসনী: আমাদের প্রস্তুতি খুব ভালো। কাজ এগিয়ে যাচ্ছে। কাজের পর্যালোচনা করার জন্য আমরা নিয়মিত বৈঠক করছি। ঠিকাদারদের সঙ্গে বৈঠক হচ্ছে। আশা করি, ঠিক সময়ে কাজ শেষ হবে। তবে এত বড় আয়োজনে জনগণেরও ভূমিকা রয়েছে। সংবাদপত্রগুলো জনগণকে সচেতন করতে পারে। চট্টগ্রামবাসীর যার যতটুকু দায়িত্ব প্রত্যেকেই যেন তা পালন করেন।আবুল মোমেন: নিরাপত্তাব্যবস্থার বিষয়ে শুনব অতিরিক্ত উপপুলিশ কমিশনার শামসুল হকের কাছে।শামসুল হক: আমরা ‘লিড এজেন্সি’ হিসেবে নিরাপত্তার বিষয়টি দেখব। এর আগে আমরা চট্টগ্রামে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করেছি। সেসব ম্যাচে নিরাপত্তাব্যবস্থার ত্রুটি ছিল না। এবার বিশ্বকাপের মতো বড় আসরের জন্যও আমাদের প্রস্তুতি যথাযথ। আমরা নিরাপত্তাব্যবস্থাকে দুই ভাগে ভাগ করেছি। একটা অংশে আছে ভেন্যু, খেলোয়াড়, অফিশিয়াল ও অতিথিদের নিরাপত্তা। আরেকটা অংশে থাকবে ‘ইমার্জেন্সি ক্রাইসিস ম্যানেজমেন্ট’। যেকোনো ধরনের সন্ত্রাসী হামলা, তাৎক্ষণিকভাবে মোকাবিলা করা হবে। একযোগে কাজ করবে কোস্টগার্ড, র‌্যাব, পুলিশ ও সোয়াট। প্রস্তুত থাকবে আর্মি এভিয়েশন। দেড় হাজার নিরাপত্তা বাহিনীর সদস্যের সঙ্গে থাকবে সাদা পোশাকের পুলিশ সদস্য। আইসিসি থেকে একটি দল এসেছিল। সার্বিক নিরাপত্তার বিষয়ে তারা সন্তুষ্ট।আবুল মোমেন: সাবেক জাতীয় ক্রিকেটার ও চট্টগ্রাম ভেন্যু ব্যবস্থাপক ফজলে বারী খানের কাছে জানতে চাইব ভেন্যুর প্রস্তুতি বিষয়ে।ফজলে বারী খান: খুব অল্প সময়ের ব্যবধানে আমরা বিভিন্ন সংস্থার সাহায্য পেয়েছি। এমন হাই ‘ভোল্টেজ টুর্নামেন্ট’ প্রথমবারের মতো হচ্ছে বাংলাদেশে। ভেন্যুর ক্ষেত্রে আইসিসি অনেক শর্ত জুড়ে দিয়েছিল। মাঠে কী কী থাকতে হবে, তার একটি তালিকা দিয়েছিল তারা। আইসিসির সেসব শর্ত পূরণ করা হয়েছে। কিছুদিন আগে আইসিসির যে প্রতিনিধি দল এসেছে, তারা ভেনু্যু দেখে মুগ্ধ। বিশ্বকাপের ১৩টি ভেন্যুর মধ্যে আমরা অনেক এগিয়ে আছি। র‌্যাঙ্কিংয়ে চট্টগ্রামের অবস্থান সম্ভবত ২ নম্বরে। মিরপুরের চেয়ে চট্টগ্রাম অনেক এগিয়ে। এখন ভেন্যুর বাইরের প্রস্তুতি সম্পন্ন করতে হবে। কোনো বিষয়ে আইসিসি ছাড় দেবে না। তারা কাজ করে করপোরেট সংস্থার মতো।আবুল মোমেন: অতিথিদের আবাসনের ব্যবস্থা নিয়ে জানতে চাইব হোটেল পেনিনসুলার বিপণন ব্যবস্থাপক শাহেদুন্নবী জয়ের কাছে।শাহেদুন্নবী জয়: আগেও এখানে আন্তর্জাতিক ম্যাচ হয়েছে। সে সময় বিভিন্ন দেশের খেলোয়াড় ছিলেন আমাদের হোটেলে। এবার বিশ্বকাপকে কেন্দ্র করে আমরা কয়েকটি দলে ভাগ করেছি হোটেলের কর্মী বাহিনীকে। নিরাপত্তা, খাদ্য-পানীয়, লন্ড্রি ইত্যাদি নিশ্চিত করতে আলাদা আলাদা দল কাজ করবে। আইসিসি আমাদের প্রস্তুতি দেখে সন্তুষ্ট। আবুল মোমেন: চট্টগ্রামের এম এ আজিজ ভেন্যুর প্রস্তুতি নিয়ে এখন বলবেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান।হাফিজুর রহমান: কানাডা-বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ এম এ আজিজ স্টেডিয়ামে হওয়ার কথা ছিল, কিন্তু ম্যাচটি হচ্ছে না। তবে প্র্যাকটিস বা ওয়ার্মআপের জন্য মাঠটি প্রস্তুত রাখা হয়েছে। আমরা সব স্তরের খেলাধুলা এখন বন্ধ রেখেছি। ক্রিকেট লিগের সূচি পাল্টানো হয়েছে। পাঁচ বছর আগেই ঠিক হয়েছে ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের অন্যতম আয়োজক হবে বাংলাদেশ। কিন্তু চট্টগ্রামকে ভেন্যু করার বিষয়টি তখনো ঠিক হয়নি। আমরা ভেন্যু পেয়েছি শেষ সময়ে। প্রস্তুতির জন্য কম সময় পাওয়া গেছে। এ ক্ষেত্রে আমাদের সংগঠকেরা মেধার পরিচয় দিয়েছেন। যেটুকু সময় আমরা পেয়েছি, কাজের অগ্রগতি খুব ভালো হয়েছে।আবুল মোমেন: আমরা এতক্ষণ শুনলাম যাঁরা বিশেষভাবে প্রস্তুতির সঙ্গে জড়িত তাঁদের কথা। আপনাদের কথায় বোঝা যাচ্ছে প্রস্তুতি ও ব্যবস্থাপনায় আমরা উতরে যাব। কিন্তু চট্টগ্রামবাসী হিসেবে আমাদের ভাবনার বিষয় হচ্ছে, জাতীয় দলে চট্টগ্রামের খেলোয়াড় কমে যাচ্ছে। একসময় জাতীয় দলে চট্টগ্রামের একাধিক খেলোয়াড় ছিলেন। এ বিষয়ে রণজিৎ বিশ্বাসকে বলতে অনুরোধ করছি।রণজিৎ বিশ্বাস: প্রস্তুতি নিয়ে এতক্ষণ যা শুনলাম, তাতে একটু আত্মতৃপ্তির সুর পাচ্ছি। প্রস্তুতি এগিয়ে চলছে, তাতে সন্দেহ নেই। কিন্তু মনে রাখতে হবে, ভালোর কোনো শেষ নেই। তাই তৃপ্ত হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের কাজে যেন কোনো শৈথিল্য না আসে। এখন খেলার বিষয়ে আসা যাক। চট্টগ্রামে দুটো ম্যাচ হবে। এর মধ্যে দুটোই গুরুত্বপূর্ণ। তবে একটি বেশি গুরুত্বপূর্ণ। একটি ম্যাচ হবে ইংল্যান্ডের সঙ্গে, আরেকটি নেদারল্যান্ডের সঙ্গে। ইংল্যান্ড বর্তমানে খুব ভালো ফর্মে আছে। তাদের খেলার মধ্যে মার-মার কাট-কাট ভাব নেই কিন্তু নিরবচ্ছিন্ন একটা অগ্রগমনের বার্তা আছে। সম্প্রতি অস্ট্রেলিয়াকে তারা ইনিংস ব্যবধানে হারিয়েছে। ইংল্যান্ড কোনো দিন বিশ্বকাপ জিততে পারেনি। দুবার ফাইনাল খেললেও চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার ইংল্যান্ড কাপ জয়ের জন্য মরিয়া হয়েই খেলবে। বাংলাদেশও জয়ের ধারায় রয়েছে। তাই বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচটি দর্শকদের আগ্রহের কেন্দ্রে থাকবে। নেদারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা ‘বি’ গ্রুপে খেলছি। বাংলাদেশের সঙ্গে খেলবে ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নেদারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড। আমাদের প্রাথমিক লক্ষ্য হবে নেদারল্যান্ড ও আয়ারল্যান্ডকে হারানো। যদি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাওয়ার স্বপ্ন দেখি, তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও আমাদের জিততে হবে। ওয়েস্ট ইন্ডিজ খুব দুর্দান্ত দল, তবে এখন তাদের যে ফর্ম, তাতে আমরা তাদের চ্যালেঞ্জ জানাতে পারব। তবে যাদের আমরা টার্গেট করেছি, তাদের অন্যরাও টার্গেট করবে। তাদেরই সবাই হারানোর চেষ্টা করবে। এ জন্য আমাদের সতর্ক থাকতে হবে। আর চট্টগ্রামের খেলোয়াড় যে কমে যাচ্ছে, তা ঠিক। এ মুহূর্তে বাড়ানোর কোনো উপায়ও নেই। ১৯ জানুয়ারি আইসিসিকে ১৫ জন খেলোয়াড়ের চূড়ান্ত তালিকা দিতে হবে। একজন কমে যাওয়ায় প্রত্যেকটি দলে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে বাংলাদেশ দলের অনিশ্চয়তা বেড়েছে আশরাফুল ও মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে। এ নিয়ে বিভিন্ন রকম জনমত তৈরি হয়েছে। আর চট্টগ্রামের খেলোয়াড় কমেছে বললেও কম বলা হবে। ২৩ জনের স্কোয়াডে তামিম ইকবাল ছাড়া চট্টগ্রামের কেউ নেই। তামিমকে নিয়ে আমাদের কিছু পর্যবেক্ষণ আছে। তামিম কেবল নিজেই ভালো খেলেন না, তিনি অন্যদের মধ্যেও আত্মবিশ্বাস তৈরি করেন। তবে অতি আত্মবিশ্বাসের কারণ যেন তাঁর জন্য খারাপ না হয়ে দাঁড়ায়। এ বিষয়ে তাঁকে সতর্ক থাকতে হবে। আমরা এই গোলটেবিল থেকে তামিমকে অনুরোধ করব, যেন আরও একটু সংযমী আচরণ ও বুদ্ধিমত্তার সঙ্গে খেলেন তিনি। যেকোনো পরিস্থিতিতে দলকে এগিয়ে নেওয়ার জন্য তাঁকে মাথা ঠান্ডা করে খেলতে হবে। কারণ, তামিম আমাদের সম্পদ।আবুল মোমেন: চট্টগ্রামে বহু ঐতিহাসিক খেলা হয়েছে। একসময় এখানে জমজমাট ক্রিকেট আসর হতো। এখান থেকে বহু ক্রিকেটার জাতীয় পর্যায়ে খেলেছেন। এসবেরই ধারাবাহিকতায় চট্টগ্রামে বিশ্বকাপ আয়োজন হতে যাচ্ছে। আমি শায়েস্তা খানের কাছে জানতে চাইব অতীত ও বর্তমানের ক্রিকেট নিয়ে। পাশাপাশি জাতীয় দলে চট্টগ্রামের প্রতিনিধিত্ব নিয়েও তাঁর অনুভূতি জানতে চাই।শায়েস্তা খান: ধন্যবাদ আবুল মোমেন। ১৯৫৪ সালে ঢাকায় ভারত-পাকিস্তান টেস্ট ম্যাচ দেখেছি। তখন আমি খুব ছোট। হানিফ মোহাম্মদ, সঞ্জয় মাঞ্জরেকারের মতো অনেক খেলোয়াড়ের খেলা দেখেছি। বলা যায়, মাঠে মাঠে ঘুরে বেড়িয়েছি। আমার প্রিয় ছাত্র মিনহাজুল আবেদীন নান্নু। ১৯৮২-৮৩ সালের দিকে শ্রীলঙ্কার একটি দল এসেছিল ঢাকায়। নান্নু সে দলের বিরুদ্ধে বাংলাদেশের হয়ে খেলেছিল। এক ইনিংসে করেছিল ৫ এবং অপর ইনিংসে ৯ রান। আমার মনে হচ্ছিল স্কোরটা তার জন্য বেমানান। তখন আমি স্থানীয় আবাহনী দলের ম্যানেজার। চট্টগ্রামে খেলতে এলে তাকে প্রশ্ন করলাম, তোমার কাছ থেকে তো আরও বেশি আশা করেছিলাম! বাজে খেললে কেন? নান্নু একটু থতমত খেয়ে বলল, ‘ওরা যে জোরে বল করে।’ সে দলে ছিল রমেশ রত্নায়েকেসহ আরও কয়েকজন নামী বোলার, যাদের বল সম্পর্কে তার উত্তর ছিল, ‘কোনোমতে চোখ বন্ধ করে ঠেকিয়ে দিই।’ সেই অবস্থা থেকে আমাদের ক্রিকেটারদের উত্তরণ ঘটেছে। এখন আমাদের ক্রিকেটাররা ফাস্ট বোলারদের ভয় পান না। আশরাফুল, তামিমরা এখন বিশ্বের যেকোনো বোলারকে তুলোধুনো করতে পারেন।ঢাকার তুলনায় একসময় চট্টগ্রাম ক্রিকেটে অনেক এগিয়ে ছিল। এতে অবাঙালি ক্রিকেটারদের একটা অবদান ছিল। তাদের সংস্পর্শে এসে বহু ক্রিকেটার তৈরি হয়েছে। তবে আঞ্চলিক ক্রিকেট অবকাঠামো মজবুত না হলে ভালো খেলোয়াড় তৈরি বন্ধ হয়ে যায়। চট্টগ্রাম থেকে এখন আর জাতীয় ক্রিকেটার তৈরি হয় না। এখন মাগুরা, ময়মনসিংহ কিংবা নারায়ণগঞ্জ থেকে আসছে খেলোয়াড়েরা। এর কারণ হলো, চট্টগ্রামের ক্রিকেট অবকাঠামো না থাকা। তামিম ইকবাল চট্টগ্রামে খেলে জাতীয় দলে সুযোগ পেয়েছেন, এমন নয়। তিনি তাঁর পারিবারিক ক্রিকেট ঐতিহ্যের কারণে উঠে এসেছেন।আবুল মোমেন: চট্টগ্রামে বিশ্বকাপ আয়োজন নিয়ে কিছু বলবেন?শায়েস্তা খান: চট্টগ্রামে বিশ্বকাপ ক্রিকেট হতে যাচ্ছে, এটা আমার কাছে অন্য রকম আবেগের ব্যাপার। নগরের একটি রেস্তোরাঁয় আমরা কয়েকজন ক্রীড়া সংগঠক বিশ্বকাপ ভেন্যুর দাবিতে সংবাদ সম্মেলন করেছিলাম। আমার মনে হয়, প্রস্তুতি ভালোভাবেই শেষ হচ্ছে। আমাদের সবাইকে একটা দায়বদ্ধতা নিয়ে এগিয়ে আসতে হবে। বিদেশি অতিথিরা যেন নিজ দেশে ফিরে গিয়ে বলেন, একটা শহরে গিয়েছিলাম, যার নাম চট্টগ্রাম। চট্টগ্রামের প্রকৃতি বিশ্বকাপে ভিন্ন মাত্রা যোগ করবে। একজন আলোচক ইতিপূর্বে বলছিলেন, চট্টগ্রামে পাঁচ তারকা হোটেল নেই। প্রশ্ন হলো, কীভাবে হবে। বাংলাদেশের সব সুবিধাই ঢাকাকেন্দ্রিক। চট্টগ্রাম বিমানবন্দরে কোনো আন্তর্জাতিক এয়ারলাইন্সের বিমান নামে না। বিদেশিরা এখানে আসেন না। পাঁচ তারকা হোটেল কী জন্য হবে! ঢাকা থেকে কোনো কিছুই বিকেন্দ্রীকরণ হবে না, তো চট্টগ্রামের উন্নয়ন হবে কী করে! বিশ্বকাপে চট্টগ্রামের নৈসর্গিক সৌন্দর্য বাড়তি কিছু যোগ করবে। আমি সিটি করপোরেশনের সচিবকে অনুরোধ করব, দয়া করে গাছের গোড়ায় চুন দিয়ে প্রকৃতিকে কৃত্রিম করে তুলবেন না। এ সৌন্দর্য যেন স্বাভাবিক থাকে। আর একটা দিক, সাগরিকা স্টেডিয়ামের অবস্থানগত একটা সমস্যা রয়েছে। এটি শিল্প এলাকায় অবস্থিত হওয়ায় সেখানে খেলাধুলার যথার্থ পরিবেশ নেই। সেখানে খেলাধুলার পরিবেশ গড়ে তুলতে তাই সিটি করপোরেশনকে হিমশিম খেতে হচ্ছে। একটা দিকে লক্ষ রাখতে হবে, যানজট যেন কমে আসে। এখানে অতিরিক্ত উপপুলিশ কমিশনার উপস্থিত আছেন। তাঁকে অনুরোধ করব, যাতে যানজট কমানোর পদক্ষেপ নেন। আরেকটি কথা, আবুল মোমেন প্রশ্ন রেখেছেন, চট্টগ্রামে ক্রিকেটার কেন কমে যাচ্ছে! এর একটা কারণ হলো মাঠ নেই। যে দু-একটি মাঠ আছে, সেগুলোর অবস্থাও খুব খারাপ। মাঠ দখল করে মেলা হচ্ছে, ভ্যারাইটি শো হচ্ছে! রাতারাতি বহুতল ভবন গড়ে উঠছে। আমি সবার প্রতি অনুরোধ জানাব মার্কেট, বহুতল ভবন না করে আপনারা মাঠ তৈরি করুন। অতীতের একটি অভিজ্ঞতা স্মরণ করে বলব, এবার যেন মাঠে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে। পুলিশ-সাংবাদিক সংঘর্ষ আমরা দেখতে চাই না। সাদা চামড়ার মানুষ দেখে ভিক্ষুকেরা যাতে তাঁদের ঘিরে না ধরে, এটাও লক্ষ রাখতে হবে।আবুল মোমেন: এবার টিকিটের ব্যাপারে আমরা জানতে চাইব বিসিবির পরিচালক ও চট্টগ্রাম ভেন্যুর চেয়ারম্যান সিরাজুদ্দীন মোহাম্মদ আলমগীরের কাছে।সিরাজুদ্দীন মোহাম্মদ আলমগীর: আসলে আমাদের স্টেডিয়ামের ধারণক্ষমতা খুবই কম। চট্টগ্রামে ১৮ হাজার, আর ঢাকায় ২৫ হাজার দর্শক খেলা দেখতে পারবে। তাই টিকিটের খুব সংকট। টিকিট বিক্রির দায়িত্ব ভারতীয় একটি কোম্পানি নিয়েছে। তারা তাদের স্থানীয় সহযোগী প্রতিষ্ঠান সিটি ব্যাংকের মাধ্যমে টিকিট বিক্রি করছে। কিছু টিকিট আমরা আইসিসির কাছ থেকে পেয়েছি। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁরা কিছু টিকিট পাবেন। চট্টগ্রামে যে দলগুলো ক্রিকেট খেলে, তাঁদের কিছু টিকিট দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এখানে যে সংস্থাগুলো কাজ করছে সাংবাদিক-পুলিশসহ নানা বিভাগের লোকজনও কিছু টিকিট পাবেন। তবে লাইনে দাঁড়িয়ে আর টিকিট পাওয়ার সুযোগ নেই। শুধু বাংলাদেশ-নেদারল্যান্ডের খেলার ৪৭টি টিকিট অবিক্রীত রয়েছে। বাংলাদেশ-কানাডার প্রস্তুতি ম্যাচেরও কিছু টিকিট রয়েছে। যাঁরা এ ম্যাচের টিকিট সংগ্রহ করতে চান, তাঁরা ব্যাংকে যোগাযোগ করতে পারেন। আরেকটি কথা, ক্রিকেটার তৈরি হওয়া নিয়ে এর আগে আলোচনা হয়েছে।আবুল মোমেন: ক্রিকেটার তৈরি না হওয়ার ব্যাপারে কোনো মন্তব্য করবেন?সিরাজুদ্দীন মোহাম্মদ আলমগীর: আঞ্চলিক পর্যায়ে ক্রিকেটের অবকাঠামো তৈরি না হওয়া এর কারণ। বিসিবির উচিত ক্রিকেটকে আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে দেওয়া। ঢাকায় বসে সারা দেশের ক্রিকেট তদারকি করা সম্ভব নয়। খুব দ্রুত আঞ্চলিক পর্যায়ে ক্রিকেট ছড়িয়ে দিতে পারলে প্রতিভা উঠে আসবে। বিশ্বকাপ বিসিবির একার আয়োজন নয়, জনগণকেও দায়িত্ব নিতে হবে। নাগরিকদের সচেতন হতে হবে। ইএসপিএনের ধারাভাষ্যকার হার্সা ভোগলে চট্টগ্রামে এসে অভিভূত। তিনি বলেছেন, ‘তোমাদের সবকিছু ভালো, তবে মানুষের অভ্যাস পাল্টাতে হবে।’আবুল মোমেন: শামসুল হক কিছু বলবেন?শামসুল হক: আমাদের প্রধান সমস্যা হলো অবৈধ পার্কিং। অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে পুলিশ কঠোর হবে। বিশ্বকাপ উপলক্ষে পার্কিং এলাকার জন্য এ কে খান মাঠকে বাছাই করা হয়েছে। কিন্তু সিটি করপোরেশন এখনো মাঠ-সংস্কারে হাত দেয়নি। রাস্তার অনেক স্থানে ট্রাফিক সংকেত বসেনি। অবৈধ রিকশার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। হাসান মাহমুদ হাসনী: পার্কিংয়ের জন্য নির্ধারিত মাঠ ঠিক করা দুই ঘণ্টার ব্যাপার। কেবল রোলার দিয়ে মাঠ সমান করতে হবে।মো. সামসুদ্দোহা: মাঠটা শক্ত, তেমন কোনো সমস্যা নেই। আর ট্রাফিক সংকেতের ক্ষেত্রেও আইসিসির পরামর্শ জানতে হচ্ছে। আইসিসির কমার্শিয়াল ম্যানেজার বলেছেন ২১টি স্থানে তাঁরা রোড সাইন তৈরি করবেন। লেন মার্কিং ও ডিভাইডারের কাজ শেষ হবে ফেব্রুয়ারির মধ্যে। ফুটপাতের স্থাপনা আমরা উঠিয়ে দেব ১৫ দিনের জন্য। সৌন্দর্যবর্ধনের জন্য নগরের বিভিন্ন স্থানে নান্দনিক ভাস্কর্য ও ফোয়ারা লাগানোর পরিকল্পনা ছিল আমাদের। বিভিন্ন সংস্থা এগিয়েও এসেছে। কিন্তু আইসিসির শর্ত হলো, কোনো স্থাপনাতেই স্পনসরের নাম দেওয়া যাবে না।রণজিৎ বিশ্বাস: এ ধরনের আয়োজন যখন বড় বড় শহরে হয়, তখন সে শহরের খাওয়াদাওয়া নিয়ে একটা ফুড কোর্ট তৈরি করা হয়।সিরাজুদ্দীন মোহাম্মদ আলমগীর: আমরা চট্টগ্রামের সব রেস্তোরাঁকে বলেছি, যাতে দেশীয় খাবারের একটা আয়োজন বিশ্বকাপের সময় থাকে। এ ছাড়া খেলা চলাকালে স্টেডিয়ামেও খাবারের ব্যবস্থা থাকবে।আবুল মোমেন: খেলোয়াড় কিংবা অতিথিদের জরুরি চিকিৎসা দেওয়ার জন্য কী ব্যবস্থা নিয়েছেন, জানতে চাইব শাহেদুন্নবীর কছে।শাহেদুন্নবী: মেট্রোপলিটন হাসপাতালের সঙ্গে আমাদের একটা চুক্তি হয়েছে। যদি কেউ অসুস্থ হয়ে পড়েন, সেখান থেকে চিকিৎসকেরা এসে চিকিৎসা দেবেন।সিরাজুদ্দীন মোহাম্মদ আলমগীর: আমি একটু যোগ করতে চাই। স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহায়তায় একটা কমিটি করেছি। আমরা এ জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সহায়তা নিচ্ছি। জরুরি প্রয়োজনে হেলিকপ্টারও প্রস্তুত থাকবে। যেসব হোটেলে খেলোয়াড়, ম্যাচ অফিশিয়াল ও বিদেশি অতিথি থাকবেন, সেসব হোটেলে ২৪ ঘণ্টা চিকিৎসক থাকা বাধ্যতামূলক করা হয়েছে।আবুল মোমেন: হোটেলের নিরাপত্তাব্যবস্থা নিয়ে কিছু বলবেন।শামসুল হক: আমরা একটা আন্তর্জাতিক চেকলিস্ট তৈরি করেছি। ১৫ জানুয়ারির পর কোনো কর্মচারী নিয়োগ দিতে পারবে না হোটেলগুলো। এ ছাড়া যেকোনো জরুরি অবস্থা মোকাবিলার প্রস্তুতি আমাদের রয়েছে।রণজিৎ বিশ্বাস: চট্টগ্রামের পরিচিতি নিয়ে কোনো পুস্তিকা ছাপা হচ্ছে কি?সিরাজুদ্দীন মোহাম্মদ আলমগীর: পুস্তিকা তৈরি করেছে পর্যটন করপোরেশন।ফজলে বারী খান: ‘ওয়েল কাম টু চিটাগাং’ নামে ইএসপিএন একটা প্রামাণ্যচিত্র তৈরি করেছে চট্টগ্রাম নিয়ে। শিগগির সেটা টিভিতে প্রদর্শিত হবে।আবুল মোমেন: আজকাল আবহাওয়ার আচরণ পাল্টে যাচ্ছে। শীতে নিম্নচাপের কারণে বৃষ্টি হচ্ছে। চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়াম কি এমন আবহাওয়া মোকাবিলায় প্রস্তুত?ফজলে বারী খান: আসলে সমস্যা যত আছে, তার চেয়ে বেশি প্রচারিত হয়। শ্রীলঙ্কার মাঠগুলোর চেয়ে আমাদের প্রস্তুতি অনেক ভালো। চট্টগ্রামের মাঠ ঢেকে দেওয়ার মতো পুরো ‘গ্রাউন্ড কাভার’ প্রস্তুত রেখেছি। তাই বৃষ্টি হলেও মাঠ ভিজবে না।আবুল মোমেন: শেষ করার আগে কিছু টুকিটাকি আলোচনা—ফজলে বারী খানকে প্রশ্ন করছি, চট্টগ্রাম থেকে জাতীয় দলে আর কে সুযোগ পেতে পারত বলে আপনি মনে করেন?ফজলে বারী খান: আফতাব। ও যদি আরেকটু মনোযোগ দিত, তবে জাতীয় দলে অবশ্যই সুযোগ পেত।হাফিজুর রহমান: আমার পছন্দ নাজিম উদ্দিন।আবুল মোমেন: বাংলাদেশ কেমন করবে জানতে চাই রণজিতের কাছে।রণজিৎ বিশ্বাস: বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচে আশা করছি বাংলাদেশ জিতবে। অস্বাভাবিক কিছু হলে অবশ্য ইংল্যান্ডকেও হারাতে পারে বাংলাদেশ।আবুল মোমেন: আপনার দৃষ্টিতে সেরা একাদশ জানতে চাই।শায়েস্তা খান: সেরা একাদশে থাকবে তামিম, ইমরুল, জুনায়েদ, আশরাফুল, মাশরাফি...।রণজিৎ বিশ্বাস: আমি নির্বাচক হলে আশরাফুল বা মাশরাফি কাউকে রাখব না।মাশরাফি আহত। তার চিকিৎসক এখনো জানাননি সে খেলতে পারবে কি না। অন্যদিকে আশরাফুলকে অনেক সুযোগ দেওয়া হয়েছে। ১০টি ম্যাচ খেলে একটিতে ভালো করলে তো হবে না। তাকে ধারাবাহিকভাবে ভালো খেলতে হবে।আবুল মোমেন: আমরা আলোচনার শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আপনারা এখানে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আলোচনা থেকে স্পষ্ট হলো, আমরা অসম্ভবকে সম্ভব করতে পারি। চট্টগ্রাম ঘুরে গিয়ে এক ফরাসি সাংবাদিক বলেছেন, এ শহর একটা কারণে অনন্য। এখানে রয়েছে নদী, সমুদ্র, পাহাড়, বন ও হ্রদ। প্রকৃতির এ পাঁচ উপাদান চট্টগ্রামকে বিশিষ্ট করেছে।বিশ্বকাপ ক্রিকেট দেখতে আসা দর্শকেরা এ চট্টগ্রামকে আবিষ্কার করতে পারবে—এটাই প্রত্যাশা। এখানে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে প্রথম আলোর পক্ষ থেকে ধন্যবাদ জানাই।