বিশ্বকাপে সবচেয়ে বেশি ১৮টি ফিফটি করেছেন শচীন টেন্ডুলকার। দ্বিতীয় অবস্থানে আছেন হার্শেল গিবস আর রিকি পন্টিং—উভয়েই করেছেন ১০টি করে ফিফটি। বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল্লা মারার ‘কৃতিত্ব’ নাথান অ্যাস্টল (নিউজিল্যান্ড) ও ইজাজ আহমেদের (পাকিস্তান)। উভয়েই পাঁচবার শূন্য রানে আউট হয়েছেন। কোনো একটি নির্দিষ্ট ম্যাচে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট শোয়েব আখতারের! ২০০৩ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাত্র ১৬ বলে ৪৩ রান করেছিলেন। স্ট্রাইক রেট ২৬৮ দশমিক ৭৫! বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে মিতব্যয়ী বোলার ওয়েস্ট ইন্ডিজের অ্যান্ডি রবার্টস। ১৯৭৫ থেকে ১৯৮৩ সাল সময়ের মধ্যে বিশ্বকাপের ১৬টি ম্যাচে ১৭০ দশমিক ১ ওভার বল করে রবার্টস রান দিয়েছেন ৫৫২। ওভারপ্রতি রান ৩ দশমিক ২৪। বিশ্বকাপে ৪ বা ততোধিক উইকেট সবচেয়ে বেশি (চারবার) নেওয়ার কৃতিত্ব শেন ওয়ার্নের। আবদুল কাদির, মুত্তিয়া মুরালিধরন এবং ওয়াসিম আকরাম চার বা ততোধিক উইকেট নিয়েছেন তিনবার করে। এক ইনিংসে ৫ উইকেট দুবার করে পেয়েছেন চারজন বোলার—অস্ট্রেলিয়ার গ্যারি গিলমোর, ওয়েস্ট ইন্ডিজের ভ্যাসভার্ট ড্রেকস, শ্রীলঙ্কার অশান্ত ডি মেল ও অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা। ওয়েবসাইট অবলম্বনে: সামসুল আলম