বিশ্বকাপ খেলতে না পারার দুঃখ কিছুটা হলেও দূর হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সভাপতি, বাংলাদেশ তৈরি পোশাক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)বাংলাদেশ বিশ্বকাপের মাঠে নেই। বাছাইপর্বেই শেষ হয়ে যায় আমাদের বিশ্বকাপ খেলার স্বপ্ন। এই হতাশা একজন সাবেক ফুটবলার হিসেবে আমাকে আরও বেশি পোড়ায়। কিন্তু আমার মনে হয়, আমাদের তৈরি পোশাকশিল্পের মাধ্যমে বিশ্বকাপ খেলতে না পারার দুঃখ কিছুটা হলেও দূর হয়েছে। অলিম্পিক কিংবা বিশ্বকাপ ফুটবলের মতো বড় ক্রীড়া আসরে বাংলাদেশের পোশাক ব্যবহূত হওয়াটা একদম নতুন—এ কথা বলা যাবে না। নাইকি, অ্যাডিডাস, পুমার মতো বিশ্বখ্যাত ক্রীড়াসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠানগুলো সব সময়ই বাংলাদেশ থেকে পণ্যসামগ্রী প্রস্তুত করে নিয়ে যাচ্ছে। সেসব পোশাক-আশাক বা ক্রীড়াসামগ্রীর গায়ে ‘বাংলাদেশে প্রস্তুতকৃত’ কথাটিও লেখা থাকে। বিশ্বকাপ যেহেতু বড় আসর, তাই এ উপলক্ষে ক্রীড়াসামগ্রীর চাহিদাটাও থাকে বেশি। আমি শুনেছি, ইপিলিয়নের পাশাপাশি রবিনটেক্স ও অ্যারো অ্যাপারেলস নামের আরও দুটি প্রতিষ্ঠান এবারের বিশ্বকাপের স্যুভেনির বা স্মারক তৈরির কাজ করেছে। খেলোয়াড়েরা মাঠে জার্সি গায়ে খেলেন। কিন্তু সেসব পোশাকের সংখ্যা খুব বেশি নয়। পোশাকের মূল চাহিদাটা আসলে খেলার মাঠের বাইরে। যেমন, দর্শকেরা। একটি খেলায় মাঠে ফুটবলার থাকেন ২২ জন। কিন্তু গ্যালারিতে দর্শকদের সংখ্যা তো তার চেয়ে শত গুণ বেশি। দর্শকদের জার্সি ছাড়াও আছে আরও নানা রকম পোশাক-আশাক। বিশ্বকাপ-সংশ্লিষ্ট এসব পোশাকের বাজারটাই আসলে বড়; যেখানে বাংলাদেশ বেশ জোরেশোরেই উপস্থিত। এ ক্ষেত্রে ফিফার অনুমোদনের চেয়েও আমার কাছে বড় বাংলাদেশের পোশাকের আন্তর্জাতিক খ্যাতির দিকটা। বাংলাদেশ তৈরি পোশাক খাতে সব সময়ই প্রথম সারির একটি নাম। ফুটবল এখনো আমাকে সেই আগের মতো মুগ্ধ করে। এখনো আগের মতো রাত জেগে খেলা দেখি। আমার মনে হয়, ফুটবলের এই মহোৎসবই সারা বিশ্বকে এক সুতোয় গাঁথতে পারে।