
পাশাপাশি ব্রাজিল-আর্জেন্টিনা। শুধু তা-ই নয়, তার পাশে স্পেন-জার্মানিও আছে সগৌরবে। এত্ত পতাকা! চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল আবাসিক ছাত্রাবাসের সামনে দিয়ে যাওয়ার সময় চোখ আটকে যায় যে কারও। মনে হতে পারে, আর্জেন্টিনা বা ব্রাজিলের কোনো সরু গলি দিয়ে হাঁটছে। ফুটবল উত্সবের এমন উপলক্ষ কে মিস করে বলুন। তাই তো পুরো ক্যাম্পাস যেন মেতে উঠেছে বিশ্বকাপ উত্সবে।
বছর-মাস-দিনের ক্ষণগণনা শেষে বিশ্বকাপ ফুটবল মাঠে গড়ানোর আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। এর আগেই বিশ্ববিদ্যালয়জুড়েই শুরু হয়েছে বিশ্বকাপ উন্মাদনা। খাবারের টেবিলে, ঝুপড়ির আড্ডা কিংবা ক্লাসে—আলোচনা এখন শুধুই বিশ্বকাপ। চলছে পক্ষে-বিপক্ষে চুলচেরা বিশ্লেষণ, বিতর্ক, মান-অভিমান আর বাজি ধরা।
ছেলেদের ছাত্রাবাস ঘুরে দেখা গেছে, প্রায় প্রতিটি ছাত্রাবাসেই প্রিয় দলকে সমর্থন জানিয়ে সে দেশের পতাকা উড়িয়েছেন শিক্ষার্থীরা। আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থক বেশি হলেও ইতালি, স্পেন কিংবা জার্মানির সমর্থকও কম না। সমর্থন জানানোর দিক দিয়ে পিছিয়ে নেই মেয়েরাও। তাঁরাও প্রতিটি ছাত্রীনিবাসে পছন্দের দেশের পতাকা টাঙিয়েছেন।
আর্জেন্টিনার পাঁড় সমর্থক শাহ জালাল ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থী আবদুল মালেক বাজি ধরেছেন একই ছাত্রাবাসে অবস্থান করা ব্রাজিল-সমর্থক বন্ধু রেজাউল করিমের সঙ্গে। তবে সেই বাজি টাকার না। শুধু চ্যাম্পিয়ন হলেই এক বেলা দামি হোটেলে খাওয়ানো।
এদিকে রাত জেগে বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে ইতিমধ্যেই শিক্ষার্থীদের মধ্যে শুরু হয়ে গেছে প্রস্তুতি। সমাজবিজ্ঞান অনুষদের ঝুপড়ি ও ২ নম্বর ফটকে বড় পর্দায়, রেলস্টেশনসহ ছাত্রাবাসের মাঠগুলোতে প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখবেন শিক্ষার্থীরা। পাশাপাশি ছাত্রাবাসের টিভিকক্ষে খেলা দেখবেন অনেকেই। আবার কেউ কেউ নিজ উদ্যোগে কক্ষেই খেলা দেখার আয়োজন করছেন।
শিক্ষকদের মধ্যেও বিশ্বকাপ নিয়ে উত্তেজনা কম নয়। যেমন: আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক নিয়াজ মোরশেদ তো পুরোই জ্যোতিষী হয়ে গেলেন। তিনি বললেন, ‘সম্প্রতি শেষ হওয়া বিশ্ব ফুটবল লিগগুলো নিয়ে করা আমার সব ভবিষ্যদ্বাণীই সত্য বলে প্রমাণিত হয়েছে। এবার মন বলছে, ব্রাজিলের হাতেই উঠবে বিশ্বকাপ ট্রফি। আশা করছি, এবারের ভবিষ্যদ্বাণীও সত্য হবে।’
প্রীতিলতা ছাত্রীনিবাসের আবাসিক শিক্ষার্থী সানজিদা জিনিয়া তাঁর কক্ষের জানালায় সাঁটিয়েছেন প্রিয় দল আর্জেন্টিনার পতাকা। তিনি বলেন, ‘আমার বিশ্বাস, ব্রাজিলের হেক্সা মিশন ব্যর্থ করে দিয়ে এবারের বিশ্বকাপ জিতবে মেসির দেশ আর্জেন্টিনা।’
তবে পারিবারিক ঐতিহ্য থেকে পাওয়া সমর্থন হূদয়ে গেঁথে একই ছাত্রীনিবাসের আরেক শিক্ষার্থী লিজা বলেন, ‘ব্রাজিলের নেইমারের হাতেই বেশি মানায় চ্যাম্পিয়ন ট্রফিটা।’
তবে সবার অপেক্ষা এখন ১৩ জুলাইয়ের, যেদিন নিশ্চিত হবে আগামী চার বছরের জন্য বিশ্ব চ্যাম্পিয়ান কারা। সবারই প্রত্যাশা, প্রিয় দলের হাতেই শোভা পাক সোনায় মোড়ানো ট্রফিটা।