বিশ্বকাপ ট্রফির চট্টগ্রাম সফর
বিশ্বকাপ ট্রফি চট্টগ্রামে—এই খবর শোনার পর কোনো ক্রিকেটপ্রেমী কি এক নজর দেখার লোভ সামলাতে পারবেন? এর উত্তর অবধারিতভাবেই ‘না’। তেমনটাই হয়েছে। ট্রফি যেদিকে গেছে সেখানে মানুষের ভিড়। নগরবাসী আনন্দ-উচ্ছ্বাসে স্বাগত জানিয়েছে ট্রফিকে।
গত ২৭ ফেব্রুয়ারি বিকেল পৌনে তিনটায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই ট্রফি। সেখান থেকে ট্রফি গ্রহণ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।
ট্রফি গ্রহণ শেষে ট্রাকে শুরু হয় নৃত্য পরিবেশনা। ‘চার ছক্কা হই-হই, বল গড়াইয়া গেল কই’ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের এ গানের সঙ্গে নাচলেন ১২ জন তরুণ-তরুণী। তাঁদের হাতে লাল-সবুজের পতাকা। কণ্ঠে সেই উদাত্ত আহ্বান ‘গর্জে ওঠো বাংলাদেশ, গর্জে ওঠো’। রোড শো নগরের বিমানবন্দর থেকে ইপিজেড, সল্টগোলা, আগ্রাবাদ, টাইগার পাস, লালখান বাজার, জিইসি মোড়, দুই নম্বর গেট থেকে ওয়াসা মোড় ও কাজির দেউড়ি হয়ে এম এ আজিজ স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে ট্রফি বহনকারী ক্যারাভানে শিল্পীদের নৃত্য পরিবেশনার মাধ্যমে শেষ হয় আনন্দ আয়োজন। ট্রফি প্রদর্শনীর দায়িত্বপ্রাপ্ত গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশ লিমিটেডের অনুষ্ঠান সমন্বয়ক তারেক বিন জাফর বলেন, ‘ট্রফি দেখার জন্য নগরবাসীর উৎফুল্লতা ছিল চোখে পড়ার মতো। তাঁরা আমাদের সহায়তাও করেছেন নানাভাবে।’