বিশ্বকাপ নিয়ে ঝলমলে আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আইও না আইও না আঁরঅ দেশত আইও না’ সোলসের চেনা গানটা ডাকছে কি অচেনা কাউকে? লাল-সবুজ শাড়ি পরা যে নারী আলো ছড়ালেন তিনি কিন্তু বড়ই চেনা—আমাদের বঙ্গললনা। এবার বাজল উন্মাতাল বাদ্যে উত্তাল সুর, সুরের তালে ক্যাটওয়াক করে যিনি এলেন মঞ্চে তিনি অস্ট্রেলিয়ার সারথী। এভাবে একে একে মঞ্চ আলোকিত করলেন ১৪ নারী, তাঁরা বিশ্বকাপের ১৪টি দেশের প্রতিনিধিত্ব করে গেলেন নিজস্ব সংস্কৃতির উজ্জ্বলতায়। আর দর্শক পরিচিত হলেন বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে। বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে দুর্দান্ত ফ্যাশন প্যারেড, ঝলমলে নৃত্য, হূদয়-ছোঁয়া গান আর কথামালায় অপরূপ একটি অনুষ্ঠান হয়ে গেল নগরে। ৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে পোর্ট্রেট এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান। তিনি বলেন, ‘নতুন আঙ্গিকের এ অনুষ্ঠানটি হচ্ছে যখন তখন চট্টগ্রামসহ সারা দেশ জেগে উঠেছে ক্রিকেট-উন্মাদনায়। চট্টগ্রাম শুধু বন্দরনগর, বাণিজ্যিক রাজধানী বা আন্দোলন-সংগ্রামের সূতিকাগার নয়—এখানে আছে নিজস্ব ঐতিহ্য-সংস্কৃতিও। বিশ্বকাপ ক্রিকেটকে ঘিরে চট্টগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি বড় সুযোগ এসেছে।’ বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রামের বিশ্বকাপ ভেন্যুর চেয়ারম্যান সিরাজুদ্দীন মোহাম্মদ আলমগীর বলেন, ‘আগামী মাসে চট্টগ্রামে বিশ্বকাপ ক্রিকেটের দুটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে—এটা আমাদের জন্য মহাসৌভাগ্যের বিষয়। ক্রীড়া-রাজনীতি সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। ভারত-পাকিস্তান ক্রিকেট নিয়ে অনেক কাছে এসেছে। এখন আমাদের চট্টগ্রামকে সারা বিশ্বে তুলে ধরতে হবে।’তিনি পোর্ট্রেটের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘আমাদের আইসিসির বাইন্ডিং মেনে চলতে হয়। তারপরও সিটি করপোরেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান বেশ কিছু আয়োজন করবে। বিশ্বকাপ উপলক্ষে দু-আড়াই হাজার বিদেশি পর্যটক এবং দেড় শ বিদেশি সাংবাদিক আসবেন। তাঁরা আমাদের সভ্যতা-সংস্কৃতি-ঐতিহ্য দেখবেন, তাঁদের গণমাধ্যমে প্রচার করবেন। আমরা সভ্য জাতি হিসেবে উপস্থাপিত হতে চাইলে পোর্ট্রেটের মতো এ ধরনের উদ্যোগ দরকার।’ শুভেচ্ছা বক্তব্য দেন জসিম শিকদার।নিশাতের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পোর্ট্রেটের কর্ণধার রূপম চক্রবর্তী। তিনি বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণকারী ১৪ দেশের জাতীয় পোশাক দিয়ে সাজানো ফ্যাশন শোসহ বর্ণাঢ্য এ আয়োজন নিয়ে এগিয়ে যাওয়ার ব্যাপারে সবার সহযোগিতা চান। তিনি বলেন, প্রথম আলো আহ্বান জানাচ্ছে, দেশকে মায়ের মতো ভালোবাসার। পোর্টেট উদ্যোগ নিয়েছে বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশ তথা চট্টগ্রামকে তুলে ধরার।সাংস্কৃতিক পর্বের শুরুতে ছিল নাচ। নাচের সঙ্গে ছিল সঞ্জীবানন্দের রচনা ও সুরবন্ধু অশোক চৌধুরীর ‘ক্রিকেট স্বাগতম চট্টগ্রাম’ শীর্ষক গানটি। ‘পৃথিবীর মানচিত্রে একটি দেশ আছে/বাংলাদেশ তার নাম/তার মাঝে একটি জেলা আছে/চট্টগ্রাম তার নাম’ গানের সঙ্গে নেচে নেচে দর্শকদের মুগ্ধ করেছে ২৪ সদস্যের একটি দল। এ দলে ছিল মনীষা, সূচি, বৃষ্টি, সূচনা, বর্ষা, ইমন, শ্রাবন্তী, ঐশী প্রমুখ। বাংলাদেশের চার খেলোয়াড়ের পোশাক পরা চারজন নাচের মধ্যে ব্যাট-বল হাতে নানা অঙ্গভঙ্গি-অভিনয় দেখিয়ে দারুণ হাততালি কুড়িয়েছে। কিন্তু কিছুটা সমালোচনাও জুটল যেন—‘শিশুরা মুদ্রা প্রদর্শনে স্বচ্ছন্দ ছিল না, দলীয় নৃত্যে একই মুদ্রা প্রদর্শনের সময় আগে পরে হয়ে গেলে দৃষ্টিকটু ঠেকে। মনে হয়, বড় অনুষ্ঠানের আগে খুব বেশি অনুশীলন করা হয়নি।’ বললেন অনুষ্ঠান দেখতে আসা সোহেল রানা।সেতু বিশ্বাসের পরিচালনায় নাচে ‘হাতে লেডিস ঘড়ি যাবে শ্বশুর বাড়ি’ গানের সঙ্গে বর কনে সেজে সুন্দর অভিনয় করে শিশুশিল্পীরা। এরপর ছিল সাত শিশুশিল্পীর পরিবেশনা। ‘স্বাদের লাউ বানাইল মোরে বৈরাগী’ গানে শিশুরা পরস্পরের দূরত্ব ঠিক রাখতে পারেনি, ধীরগতির কারণে কিছুটা ছন্দপতনও ঘটেছে। পরের নাচটি ছিল ‘মালকা বানুর দেশেরে বিয়ের বাদ্য বাজেরে’ গানের সঙ্গে।দ্বিতীয় ফ্যাশন কিউ নিয়ে আসে জার্সি পরা তরুণীরা। এ প্যারেডে সুর সংযোজন করেন অসীমচন্দ্র বাপ্পি। এতে বাংলাদেশ দলের দুজন, আয়ারল্যান্ড ও ইংল্যান্ড দলের একজন করে মডেল প্রতিনিধিত্ব করেন। এ ছাড়া ওয়েলকাম টু চিটাগাং-এর প্রতিনিধিত্ব করেন তিন মডেল। এ কিউটি দর্শকদের মুগ্ধ করেছে। পরে ছিল সংগীতানুষ্ঠান। এতে অংশ নেন শিল্পী আহসান হাবিব এবং মি. ও মিস চিটাগাং ২০০৮-এর প্রথম রানার আপ আনিকা। আহসান ‘এই এমন পরিচয়’ ও ‘যত দূরে যাই’ এবং আনিকা ‘আমি বাংলার গান গায়’ ভালো গেয়েছেন। শিল্পীদের যন্ত্রানুষঙ্গে সহযোগিতা করেন নিখিলেশ (কি-বোর্ড), সাজু (অক্টোপ্যাড), মারুফ (বেজগিটার), মুখেশ (লিডগিটার) ও সজীব (তবলা)।