বিশ্বকাপ ফুটবল নিয়ে আনন্দ বেদনার গল্প
সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী বাংলাদেশিরা রাত জেগে উপভোগ করেছেন বিশ্বকাপ ফুটবল। বাংলাদেশের মতো এখানেও তাঁদের মধ্যে ছিল উন্মাদনা। ব্রাজিল বিশ্বকাপ ফুটবলের পর্দা নেমেছে। কিন্তু রেশটা যায়নি। এরই ধারাবাহিকতায় আবুধাবিতে একদল ফুটবলপ্রেমী বাংলাদেশি গত ১৮ জুলাই, শুক্রবার সমবেত হয়েছিলেন আনন্দযাত্রা সাংস্কৃতিক মঞ্চের কার্যালয়ে। আনন্দযাত্রারই আহবানে। তাঁরা সেখানে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রাণখোলা আড্ডা দেন।
এবারের শিরোপা নিল জার্মানি। তাহলে জার্মানি কি হতে পারে না বাঙালির প্রিয় দল! জার্মানি শুধু হিটলারের দেশ না—কার্ল মার্কসেরও। অনেক কবি, সাহিত্যিক ও শিল্পী জন্ম নিয়েছেন এখানে।
মূলত ব্রাজিলকে তারা ভুলতে পারেন না। কালো মানিক পেলের দেশের ছন্দময় ফুটবল মুগ্ধ করেছে বাঙালির হূদয়। অন্যদিকে আর্জেন্টিনার ম্যারাডোনা দুনিয়ার এক বিস্ময়। রবীন্দ্রনাথ বন্ধুত্বের সোপান তৈরি করে গেছেন দুই জাতির মধ্যে। ভিক্টোরিয়া ওকাম্পের সঙ্গে সম্প্রীতির বন্ধনে জড়িয়েছিলেন তিনি। লিখেছিলেন ‘বিজয়া’ কবিতা।
সেদিনের আড্ডায় সঙ্গত কারণেই এই তিনটি দেশই আলোচনায় আসে।
ফুটবল আসর আর্জেন্টিনার মেসিকে গোল্ডেন বল বিজয়ী ঘোষণা করেছে। এ নিয়ে সমালোচনা হচ্ছে। ম্যারাডোনা পর্যন্ত প্রশ্ন তুলেছেন। মোহাম্মদ ইউসুফ বলেন, ম্যারাডোনা আশা করেছিলেন মেসি বিশ্বকাপ ছিনিয়ে আনবেন। এ জন্য তিনি তাঁকে ‘স্বর্গ’ উপহার দিতেন। মেসি—মেসি হয়ে জ্বলে উঠতে পারেননি বলেই তাঁর ক্ষোভ।
একজনের ওপর গোটা দল নির্ভর করতে পারে না। ব্রাজিলের নেইমারের বেলায়ও করুণ পরিণতি ঘটেছে। কলম্বিয়ার ডিফেন্ডার জুনিগার বিধ্বংসী ট্যাকলে মেরুদন্ডের হাড় ভেঙে যায় এই বার্সেলোনা তারকার। দিদারুল ইসলাম বলেন, শুধু নেইমারের নয় বিশ্বকাপটা শেষ হলো ব্রাজিলেরও।
জামালউদ্দিন রাশেদ মেসিকে নিয়ে আক্ষেপ করলেন। বললেন, অথচ তাঁর জন্যই ২৪ বছর দেরি হলেও আর্জেন্টাি ফাইনালে আসে।
বাপ্পী কর্মকারের পর্যবেক্ষণ—খেলায় মধ্য মাঠ ছেড়ে দেয় আর্জেন্টিনা। বলেন, সেই সুযোগ কাজে লাগিয়েছে জার্মানি।
ব্রাজিল নিয়ে সহানভূতির যেন শেষ নেই। মোহাম্মদ ইউসুফ বলেন—শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন খাতের টাকায় স্টেডিয়াম সংস্কার করে ব্রাজিল কী পেল বিশ্বকাপে!
খেলার সৌন্দর্য ভুলেন না এরা। এই আসরের বড় আবিষ্কার কলম্বিয়ার ২২ বছরের তরুণ রুদ্রিগেজ। প্রকৌশলী সুব্রত বলেন, ছয় গোল করে তিনি ক্যারিয়ারে প্রথম বিশ্বকাপে জিতে নিয়েছেন গোল্ডেন বুট।
‘সেরা তরুণ খেলোয়াড়’ পুরস্কার পেলেন—ফ্রান্স দলের পল দ্রগবা। তিনিও আয়োজনে অনুপম খেলা উপহার দিয়েছেন—বলেন এমদাদ হোসেন।
ফেয়ার প্লে ট্রফি পেল কলম্বিয়া দল। এ এক বার্তা।
দুই হাতের কারুকার্য দেখিয়েছেন গোলকিপাররা। গল্পের মতোই বললেন, প্রকৌশলী সুব্রত হালদার। জার্মানির ম্যানুয়েল নয়্যার সে জন্য পেলেন গোল্ডেন গ্লাভস পুরস্কার।
জার্মানি নান্দনিক খেলা উপহার দিয়েছে। মন্তব্য মাসুদ চৌধুরীর। তারা সব জায়গায়—আক্রমণে, রক্ষণে, মধ্যমাঠে সমান।
বুকে বল ধরে নিচে নামিয়ে বাঁ পা দিয়ে মারিও গোটসে অনবদ্য এক গোল করেন। বললেন—বাপ্পী কর্মকার।
সেদিন বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রায় দুই ঘণ্টা ধরে চলে এই আড্ডা। তারপর শেষ হয় আবেগ আর উত্কণ্ঠার প্রাণের খেলার আলোচনা।
নিমাই সরকার
আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত