বিশ্বকাপ ভেন্যুর ৮৭ কোটি টাকার কাজ পেতে দলীয় নেতাদের দৌড়ঝাঁপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বিশ্বকাপ ক্রিকেটের ভেন্যু উন্নয়নে ৮৭ কোটি টাকার উন্নয়নকাজ পেতে সিটি করপোরেশনে ছাত্রলীগ-যুবলীগ এবং ছাত্রদল-যুবদলের নেতা-কর্মীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে তাঁরা প্রতিদিনই করপোরেশনে দরপত্র নিতে দলবেঁধে ভিড় করছেন। এজন্য গত ২০-২৫ দিনের মধ্যে প্রায় দেড় শ নতুন ঠিকাদার সিটি করপোরেশনে তালিকাভুক্ত হয়েছেন বলে জানা গেছে। সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, আগামী ফেব্রুয়ারিতে বিশ্বকাপ ক্রিকেটের দুটি খেলা চট্টগ্রামে অনুষ্ঠিত হওয়ার কথা। এ জন্য সড়ক ও অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে সরকার ৮৭ কোটি টাকার বিশেষ বরাদ্দ দেয়। সিটি করপোরেশনের উদ্যোগে এ কাজ বাস্তবায়িত হচ্ছে। গত বৃহস্পতিবার প্রথম ধাপে ৫২ কোটি টাকার ২৫৪টি লটে কাজের দরপত্র জমা নেওয়া হয়। এ জন্য চার হাজার ৮৮টি দরপত্র বিক্রি হয়। সর্বনিম্ন তিন লাখ টাকা থেকে সর্বোচ্চ দুই কোটি ১৭ লাখ টাকার উন্নয়নকাজ রয়েছে। তবে ২০ লাখ টাকার কাজের সংখ্যাই বেশি বলে প্রকৌশলীরা জানান। এ সংখ্যা প্রায় ২০০। গণখাতে ক্রয়বিধির (পিপিআর) একটি অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক ঠিকাদারকে প্রাক্কলিত ব্যয়ের চেয়ে পাঁচ শতাংশের ওপরে অথবা পাঁচ শতাংশের নিচে দরপত্র জমা না দিতে বলেছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। এ ক্ষেত্রে একটি কাজের জন্য একাধিক প্রার্থী থাকলে লটারির মাধ্যকে একজন ঠিকাদারকে কাজ দেওয়া হবে। গণখাতে ক্রয়বিধির ওই অনুচ্ছেদ অনুযায়ী দুই কোটি টাকার নিচে যেকোনো দরপত্রের ক্ষেত্রে এ নিয়ম অনুসরণ করা যাবে। এ নিয়মের কারণে নতুন আসা দলীয় ঠিকাদারেরা আশা করছেন সবাই অন্তত একটি করে কাজ পাবেন। অভিযোগ আছে, নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী দীর্ঘ ১৭ বছর মেয়র থাকায় পেশাদার ঠিকাদারদের পাশাপাশি ছাত্রলীগ-যুবলীগ ও তাঁর ঘনিষ্ঠ অনেকেই সিটি করপোরেশনের ঠিকাদারি করতেন। কিন্তু বিএনপি সমর্থক হিসেবে মোহাম্মদ মন্জুর আলম নতুন মেয়র নির্বাচিত হওয়ার পর ছাত্রদল-যুবদলের নেতারা করপোরেশনে ভিড় করতে শুরু করেন।সর্বশেষ তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার এসব দরপত্রের লটারি অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদল ও যুবদলের অনেকেই কাজ পেয়েছেন বলে জানা গেছে। এ ছাড়া সিডিএতে কাজের অনিয়মের অভিযোগে যাঁদের বিরুদ্ধে দুদক মামলা করেছে তাঁরাও কাজ পেয়েছেন বলে প্রকৌশলীরা জানিয়েছেন।এর আগে গত বৃহস্পতিবার সিটি করপোরেশন ভবনে দেখা যায়, সকাল থেকে যুবদল ছাত্রদল ও যুবলীগ ছাত্রলীগের নেতা-কর্মীরা দরপত্র দিতে ভিড় করছেন। দলীয় ঠিকাদারেরা আলাদাভাবে আবেদন জমা দিলেও যুবদল-ছাত্রদল দলবেঁধে জমা দেন। তাঁদের নেতৃত্ব দেন নগর যুবদলের সাধারণ সম্পাদক কাজী বেলাল উদ্দিন। তাঁর সঙ্গে নগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের যুবদল ও ছাত্রদল নেতারাও আবেদন জমা দেন। দুপুরের পর তাঁরা বিভিন্ন কর্মকর্তার কক্ষে বসে মধ্যাহ্নভোজও সারেন। আবেদনপত্র জমা শেষে তাঁরা দলবেঁধে সিটি করপোরেশন ত্যাগ করেন।এ সম্পর্কে কাজী বেলাল প্রথম আলোকে বলেন, ‘বিগত ১৭ বছরে অনেক ঠিকাদার সিটি করপোরেশনে প্রকাশ্যে ঠিকাদারিতে অংশ নিতে পারেননি। এখন নতুন মেয়র হওয়ায় তাঁরা নিয়ম মেনে কাজের জন্য এসেছেন। আমি নিজেও ঠিকাদারি করি। ১৯৯৪ সাল থেকে সিটি করপোরেশনে ঠিকাদারির সঙ্গে জড়িত আছি।’ কাজী বেলাল ছাড়াও নতুন আসা দেড় শ ঠিকাদারদের বেশির ভাগই বিএনপি, যুবদল ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত বলে জানা গেছে। তাঁদের মধ্যে রয়েছেন চান্দগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, নগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহেদ আকবর, পাঁচলাইশ থানা ছাত্রদলের সভাপতি জিয়া উদ্দিন, বাকলিয়া থানা ছাত্রদলের সহসভাপতি আবদুল হাকিম, নগর ছাত্রদলের সহসভাপতি ইয়াসিন চৌধুরী, পশ্চিম বাকলিয়া ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, যুবদল নেতা ইয়াকুব চৌধুরী প্রমুখ। তাঁরা সিটি করপোরেশনে নতুন বলে জানা গেছে। তাঁদের মধ্যে কাজী বেলাল, নিজাম উদ্দিন, ইয়াকুব চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ঠিকাদারি কাজে অনিয়মের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। সাধারণ ঠিকাদারেরা অভিযোগ করেছেন, দুই রাজনৈতিক দলের ঠিকাদারদের ঠেলাঠেলিতে পেশাদার ঠিকাদারদের কাজ করাই অসম্ভব হয়ে পড়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশন ঠিকাদারকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিনের দাবি, নতুন যে ঠিকাদারেরা করপোরেশনে তালিকাভুক্ত হয়েছেন তাঁদের মধ্যে ১০-১২ জন হচ্ছেন তালিকাভুক্ত ঠিকাদার। বাকিদের কাজ করার অভিজ্ঞতা নেই। তাঁরা মৌসুমি ঠিকাদার হিসেবে এসেছেন। তিনি বলেন, ‘আমরা অতীতেও মৌসুমি ঠিকাদার দেখেছি। এঁরা বেশিদিন টিকতে না পেরে একসময় চলে যান।’ তিনি বলেন, ‘লটারির মাধ্যমে কাজ দিলে যে যতটা পাবেন তাকে ততটাই দিতে হবে। সবাইকে একটি করে কাজ দিলে আমরা তা মেনে নেব না। গাধা আর ঘোড়া এক হতে পারে না।’ জানতে চাইলে মেয়র মোহাম্মদ মন্জুর আলম প্রথম আলোকে বলেন, ‘ঠিকাদারেরা নিয়ম মেনে কাজের জন্য আবেদন করেছেন। যদি অপেশাদার কেউ কাজ করে সময়মতো শেষ করতে না পারেন তাহলে দ্বিতীয় সর্বোচ্চ দরদাতাকে দিয়ে ওই কাজ শেষ করা হবে। তবে সব ক্ষেত্রে আমরা গণখাতে ক্রয়বিধি অনুসরণ করছি।’ চান্দগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি চট্টগ্রাম সিটি করপোরেশনে ঠিকাদার হিসেবে নতুন তালিকাভুক্ত হলেও এর আগে সিডিএতে কাজ করেছি। তবে সিটি করপোরেশনে অনেকেই নতুনভাবে শুরু করেছেন। তাঁরা কিছু একটা করার চেষ্টা করছেন আর কী।’ তবে নগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, নতুন ঠিকাদার নিয়ে কোনো আপত্তি নেই। তবে কাজ দেওয়ার ক্ষেত্রে দলীয়করণ যেন না হয়। অতীতে সিটি করপোরেশনে সবাই স্বাধীনভাবে কাজ করতে পেরেছেন। অদক্ষ কোনো ঠিকাদারকে কাজ না দেওয়ার দাবি জানান তিনি।