বিশ্বকাপে ওড়ালাম লাল-সবুজ পতাকা

মাঠে নেই, গ্যালারিতে আছি! মনে মনে এই তৃপ্তির ঢেকুর তুলতেও যেন বেশ প্রশান্তি লাগেনি। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা দেখার সুযোগ হয়েছিল। স্টেডিয়ামে নানা দেশের শত শত পতাকা উড়ছিল। আমার হাতে উড়ল গৌরবের লাল-সবুজ পতাকা। শুধু আমি একা নই, বাংলাদেশ থেকে যাওয়া অনেকের হাতেই শোভা পেয়েছে বাংলাদেশের পতাকা। অনেকে কৌতূহলী হয়ে তাকান। কেউ আবার জিজ্ঞেসই করে ফেলেন, কোথা থেকে আগমন। দেশের নাম বলি। আলাপে আলাপে নিজের কথাও। দেশের পতাকা এত বড় আয়োজনে হাতে নিয়ে ঘুরতেও তো ভালো লাগে।
ব্রাজিলের খেলার দিন যেমন চোখে পড়ার মতো দর্শক ছিল, তেমনি আর্জেন্টিনার খেলার দিন। দ্বিতীয় ম্যাচে ব্রাজিল জেতার পর হাজার ভক্ত যেমন আনন্দের কান্না কেঁদেছে, তেমনি শেষ শ্বাসরুদ্ধকর তৃতীয় ম্যাচে আর্জেন্টিনা জেতার পরেও একই দৃশ্য দেখা গেছে। হারজিত যা-ই হোক, কেউ কাউকে ব্যঙ্গ করেনি; বরং কাঁধে কাঁধ মিলেয়ে পতাকা উড়িয়ে আনন্দ উল্লাস করেছে। আমার কাছে এ এক নতুন অভিজ্ঞতা।
রাশিয়ায় পথ চলতেও দেশের পতাকা সঙ্গে রেখেছি। মানুষ সাহায্যের মনোভাব নিয়ে এগিয়ে আসেন। তাঁরা যদিও রুশ ছাড়া অন্য কোনো ভাষা বোঝেন না, তবে ইঙ্গিতে বুঝে ফেলেন। কোনো জায়গা না চিনলে তাঁরা খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন। ১৭ জুন রাতে মস্কোতে ছিলাম। খাবার খাব বলে কেএফসি খুঁজছিলাম। গুগলে খুঁজেও পেলাম না। বাধ্য হয়ে একজন রুশ ভদ্রলোককে জিজ্ঞেস করলাম এক শব্দে-‘কেএফসি’! তিনি বুঝলেন। হাতের ইশারায় দেখিয়ে দিলেন পথ।

এমন নানা অভিজ্ঞতায় কাটছে রাশিয়ার দিনগুলো। পথ চলতে হরহামেশাই দেখা হচ্ছে বাংলাদেশি মানুষের সঙ্গে। এমনই একজন গোপালগঞ্জের বুলবুল হোসেন। ব্রাজিলের সমর্থক। বললেন, ‘খুবই ভালো লাগছে। গ্যালারিতে বাংলাদেশের পতাকা উড়িয়েছি। একদিন হয়তো এমন বিশ্বকাপ আসরে বাংলাদেশও অংশগ্রহণ করবে। আর লাখো মানুষ আমাদের পতাকা ওড়াবে।’ আরেকজন আর্জেন্টিনা সমর্থক শেখ আইমান। ঢাকার বাড্ডা থেকে এসেছেন। গ্যালারিতে বসে আর্জেন্টিনার জয় উপভোগ করেছেন। তিনি বললেন, ‘আমাদের অনেক কিছুই শিখিয়েছে এই বিশ্বকাপে। সবাই মিলেমিশেই আনন্দ করলাম উপভোগ করলাম, সেলফি তুললাম।’

আমাদের মতো এবারের বিশ্বকাপে বাংলাদেশ থেকে আরও অনেকে এসেছেন। সবার বিশ্বাস বাংলাদেশ একদিন ফুটবল খেলবে। সারা বিশ্ব বাংলাদেশকে নিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠবে।
