বিশ্বকাপে বগুড়ার সুহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিশ্বকাপ ক্রিকেট এখন নিজের দেশে। ক্রিকেট নিয়ে সারা দেশে উন্মাদনা ছড়িয়ে পড়েছে। সেই উন্মাদনা আমার মধ্যেও রয়েছে। তবে আমার উন্মাদনা আরও বেশি। কারণ, এই বিশ্বকাপে আমার ছেলে দেশের হয়ে প্রথমবারের মতো খেলতে যাচ্ছে। এটা যে কত বড় আনন্দের তা বলা যায় না। স্বল্প সময়ের মধ্যে আমার ছেলে এভাবে জাতীয় দলে এবং তার পরে বিশ্বকাপে খেলবে, এটা ভাবতেই অন্য রকম লাগছে। ভাষায় প্রকাশ করতে পারছি না।’ এভাবেই অনুভূতি প্রকাশ করলেন জাতীয় দলের ক্রিকেটার শফিউল ইসলামের বাবা জাহেদুল ইসলাম। বগুড়া শহরের জয়পুরপাড়ার ছেলে শফিউল ইসলাম। বগুড়ার মানুষের কাছে তিনি সুহাস নামে পরিচিত। তাঁর বাবাও ক্রিড়ামোদি। পরিবারের সবাই ক্রিকেট বলতে পাগল। সুহাস ক্রিকেটার হওয়ার আগে থেকেই পরিবারের লোকজন ক্রিকেটের ভক্ত। সেই পরিবারের ছেলে সুহাস ক্রিকেটার হবে, এটাই স্বাভাবিক। ক্রিকেটার সুহাসের পরিবারে তাঁর মা সাজেদা বেগম, বাবা জাহেদুল ইসলাম ছাড়াও রয়েছেন একমাত্র বড় বোন জাফরিনা ইয়াসমিন। বাড়ির সবার ছোট সুহাস। পাড়ার ক্রিকেট দাবড়ে বেড়াতে বেড়াতেই বেড়ে উঠেছেন তিনি। বাবা জাহেদুল ইসলাম বলেন, ‘খুব ইচ্ছে ছিল সুহাসকে বিকেএসপিতে ভর্তি করাব। কিন্তু নানা কারণে তা হয়নি। লেখাপড়ার চেয়ে খেলাধুলার দিকে ঝোঁক বেশি ছিল ছেলেটির। রাস্তাঘাটে পড়ে থাকা মাটির ঢিল পেলে তা হাত ঘুরিয়ে মারত। ঢিলটাই ছিল ওর কাছে বল! ক্রিকেট বলতে সে পাগল ছিল। তার মধ্যে যে প্রতিভা ছিল তা চাপা দিয়ে রাখা যায়নি। নিজের যোগ্যতায় ও বেড়ে উঠেছে। এর মধ্যে পিংকসিটি ট্যালেন্ট হান্ট নামের প্রতিভা অন্বেষণের সুযোগ পেয়ে যায় ও। চোখে পড়ে যায় ঢাকার ক্রিকেট বোদ্ধাদের।’এরপর জাতীয় দলের হান্নান সরকার তাঁকে ব্রাদার্স ইউনিয়নে খেলার সুযোগ করে দেন। আর ঢাকা লিগে প্রথম ম্যাচ খেলতে নেমেই সবাইকে তাক লাগিয়ে দেন শফিউল। ইন্দিরা রোডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে খেলার পরে তাকে আর ফিরে তাকাতে হয়নি। টানা তিন মৌসুম খেলে জাতীয় দলে নাম লেখান সুহাস। তার পরে তাঁর খেলা সবাই এখন দেখছে। ‘এত তাড়াতাড়ি আমার ছেলে জাতীয় দলে খেলতে পারবে আমি ভাবতে পারিনি।’ সুহাসের বাবা এখনো ঘোরের মধ্যেই আছেন বলা যায়। জয়পুরপাড়া ক্রিকেট ক্লাব ও মামুন স্মৃতি সংঘে খেলতেন তাঁর ছেলে। আর এসব খেলায় উৎ সাহ জুগিয়েছে তাঁর কানাডা-প্রবাসী ফুফা মোহাম্মদ আলী। ছোটবেলায় তাঁর ফুফা কাঠ দিয়ে ক্রিকেটের ব্যাট তৈরি করে দিতেন। খেলায় উৎ সাহ দিতেন। ‘এই খেলার জন্য কত বকুনি যে দিয়েছি তাকে। কিন্তু যার মধ্যে খেলার পোকা লুকিয়ে আছে, তাকে থামানো যাবে কেমন করে!’ সুহাসের বড় বোন জাফরিনা ইয়াসমিন সরকারি আযিযুল হক কলেজে মনোবিজ্ঞান বিভাগে পড়াশোনা করছেন। তিনি বললেন, ‘সুহাস ছোট থেকেই ক্রিকেটপাগল। ১৯৯৭ সালের ১৩ এপ্রিল বাংলাদেশ যেদিন আইসিসি ট্রফি জিতেছে সেদিন সুহাসের আনন্দ দেখে কে। রঙের হোলিখেলায় মেতে উঠেছিল।’ ক্রিকেটপাগল ছোট ভাইয়ের কথা বলতে গিয়ে জাফরিনা বললেন পুরোনো এক স্মৃতির কথা, ‘ছোটবেলা থেকে ওর গায়ের জামা কিনতে গিয়ে বিড়ম্বনা পোহাতে হয়েছে অনেক। সেই ১৯৯৫ সালের কথা। বগুড়ার মার্কেটে তার শার্ট কিনতে গিয়ে সে কী বিড়ম্বনা! বয়স অনুযায়ী শরীরের মাপে জামা হলেও হাত ছোট। ঢিল মেরে মেরে হাত এমন লম্বা করেছে যে, সব জামার হাতাই ছোট হয়! শেষে বড় একটি জামা কিনে তা আবার কেটে ফেলে ঠিক করা হতো।’বগুড়া ক্যান্টনমেন্ট স্কুল দিয়ে পড়াশোনার হাতেখড়ি শফিউলের। সেখান থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ। সেখান থেকেই এসএসসি পাস করেছেন তিনি। শফিউল পড়াশোনায় বরাবরাই ভালো ছিলেন। তবে মাঠের ফলাফল ছিল তার চেয়েও ভালো। সুহাসের চাচাতো ভাই জাফরুল ইসলাম বললেন, ‘ছোটবেলায় আমরা যখন ক্রিকেট খেলতাম, তখন সুহাস এসে বোলিং করত। তার বোলিং দেখে আমরা বলতাম, সুযোগ পেলে তুই একদিন বড় ক্রিকেটার হবি রে। ছুটিতে বাড়িতে এলেই এখনো সে বাড়ির পাশে ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলতে নেমে পড়ে। তার স্মৃতিবিজড়িত খেলার মাঠে কী যে আনন্দ করত, তা না দেখলে বোঝা যাবে না!’ সুহাসের মা সাজেদা বেগম বললেন, ‘দেশের মাটিতে প্রথম বিশ্বকাপে খেলছে আমার ছেলে। কী যে খুশি লাগছে, তা বোঝাতে পারব না!’ দেশের সবার কাছে ছেলের জন্য দোয়াও চেয়েছেন তিনি।শফিউল ইসলামজন্মস্থানজয়পুরপাড়া, বগুড়াজন্ম৬ অক্টোবর ১৯৮৯মামোসা. সাজেদা বেগমবাবামো. জাহেদুল ইসলাম ব্যাটিংডানহাতি ব্যাটসম্যানবোলিংডানহাতি ফাস্ট মিডিয়াম