বিশ্বকাপের বিশ্ব আসরে মাঠে নেই বাংলাদেশ। কিন্তু তৈরি পোশাকশিল্পের সুবাদে এবারের বিশ্বকাপ ফুটবলের সঙ্গে মিশে গেছে বাংলাদেশের নামও। সুদূর দক্ষিণ আফ্রিকায় পৌঁছে গেছে বাংলাদেশি প্রতিষ্ঠানের তৈরি বিশ্বকাপ ফুটবলের জার্সি আর নানা স্মারক।টিভির সামনে খেলা দেখতে বসে কী যে হয় মৃদুলের। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা। সবার চোখ খেলার মাঠে। আর মৃদুলের দৃষ্টি আঠার মতো সেঁটে থাকে দর্শক গ্যালারিতে। দুর্দান্ত এক শট গোলপোস্টের দিকে গোলার মতো ছুটে গেল। টিভিরুমজুড়ে হইহই। কিন্তু মৃদুলের সেদিকে ভ্রূক্ষেপ নেই। মাঠে বল দখলের ধুন্ধুমার লড়াই, অসাধারণ ড্রিবলিং, ভুভুজেলা বাঁশির শব্দ সবকিছুকে ছাপিয়ে দর্শক গ্যালারিতেই কী যেন শুধু খুঁজতে থাকেন তিনি। একসময় শেষ হয় মৃদুলের ব্যাকুল প্রতীক্ষা। খেলার মাঝামাঝি হঠাৎ— আমাদের জার্সি! আমাদের জার্সি! বলে বিকট এক চিৎকার দিয়ে ওঠেন মৃদুল। পুরো নাম মাহমুদুল হাসান। বাংলাদেশের তৈরি পোশাক নির্মাতা প্রতিষ্ঠান ইপিলিয়ন গ্রুপের মার্চেন্ডাইজার পদে কাজ করেন এই তরুণ। মোহাম্মদ জসিম। আর্জেন্টিনার অন্ধ সমর্থক। বয়স তেইশ কি চব্বিশ। ঢাকার একটি পোশাক তৈরির কারখানায় কাজ করেন। অপারেটরের কাজ। যে জায়গাটায় বসে কাপড়ের ওপর বৈদ্যুতিক সেলাই মেশিন চালান জসিম, সেখানটায় উড়িয়েছেন প্রিয় দল আর্জেন্টিনার পতাকা। প্রিয় দলের পতাকা তো সবাই ওড়াতেই পারে। কিন্তু আর্জেন্টিনার ওপর জসিমের দাবিটা এবার যেন একটু বেশিই। আর্জেন্টিনার মামুলি ভক্ত তো তিনি নন। এই আর্জেন্টিনার জার্সির কাজ তো করেছেন তিনি নিজের হাতেই। এবারের বিশ্বকাপের জার্সি নিয়ে এই মাতামাতি আসলে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের সঙ্গে জড়িয়ে আছেন এমন বহু মানুষজনের। মাঠের ২২ জন খেলোয়াড়ের গায়ে রঙিন ঝলমলে জার্সি তো থাকেই। কিন্তু ফুটবলের দর্শকমাত্রই জেনে থাকবেন, ওই জার্সিতেই শেষ নয় খেলোয়াড়দের পোশাক-আশাকের তালিকা। অনুশীলনের সময় খেলোয়াড়দের গায়ে এক পোশাক আবার মাঠে নামার ঠিক আগে ড্রেসিংরুমে কিংবা খেলার সময় মাঠের পাশে অপেক্ষার সময়টায়—ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন পোশাক। জার্সির বাইরেও আছে সোয়েটার, জ্যাকেট, সোয়েট শার্ট, পোলো শার্ট, টি-শার্ট। কত কি! আবার আছেন দর্শকরাও। দর্শকরা প্রিয় দলের জার্সি ছাড়া মাঠে যাবেন সেও কি হয়? তাদের জন্যও আছে তাই আলাদা জার্সির বন্দোবস্ত। এইসব বিবিধ রকমের পোশাক-আশাকই তৈরি হয়েছে বাংলাদেশে।‘ফুটবলের মাঠে বাংলাদেশ হয়তো পিছিয়ে আছে। কিন্তু তৈরি পোশাক খাতে বাংলাদেশ সব সময়ই প্রথম সারির এক নাম। এবারের বিশ্বকাপে ফিফার অর্ডার অনুযায়ী ১২ লাখের বেশি স্যুভেনির এবং জার্সি আমরা সরবরাহ করেছি। মূলত দর্শকদের জার্সি আর স্মারক তৈরির কাজ করেছি আমরা। আমাদের তৈরি সব বিশ্বকাপের অফিসিয়াল প্রতীকের পাশাপাশি লেখা আছে বাংলাদেশের নাম।’ বলছিলেন ইপিলিয়ন গ্রুপের পরিচালক জুনাইদ আবু সালেহ্। ২০০৬ সালের বিশ্বকাপে প্রথম ফিফার কাছ থেকে জার্সি তৈরির কাজ পায় তাঁর প্রতিষ্ঠান ইপিলিয়ন। শুরুতে মূলত পাটের ব্যবসা করতেন জুনায়েদের বাবা নূর উদ্দিন আহমেদ। ১৯৯৩ সালে ইপিলিয়ন গ্রুপ প্রথম পা রাখে তৈরি পোশাক খাতে। শুরুতে তাদের কর্মী সংখ্যা ছিল ৩০০। এখন নয় হাজারের বেশি। ঢাকার মিরপুর ছাড়াও গাজীপুরে আছে এই প্রতিষ্ঠানের পৃথক টেক্সটাইল ইউনিট এবং একটা গার্মেন্টস ইউনিট।‘বিশ্বকাপের স্যুভেনির বা স্মারক তৈরির কাজ বাংলাদেশে বেশকিছু প্রতিষ্ঠানই করছে। তবে ফিফার অনুমোদন নিয়ে কাজটা করার জন্য এক ধরনের লাইসেন্স প্রয়োজন হয়। এ ছাড়া ফিফার আরও কিছু শর্ত থাকে। সেগুলো পূরণ হলে তবেই কাজটা পাওয়া যায়। ২০০৬ সালে জার্মানিতে আয়োজিত বিশ্বকাপে আমরা প্রথম এ ধরনের অর্ডার পাই। সারা বিশ্বে আমাদের ক্রেতা-প্রতিষ্ঠান আছে। জার্মানির সিঅ্যান্ডএ সে রকম আমাদের প্রধান একটি ক্রেতা-প্রতিষ্ঠান। তাদের কাছ থেকেই আমরা সেবার ফিফার লাইসেন্সটি পাই। এবার আমাদের এই কাজে সহযোগিতা করেছে একটি জাপানি প্রতিষ্ঠান। পোশাক নির্মাতা হিসেবে আমরা এ গ্রেডের কি না, পরিবেশ ছাড়পত্র আছে কি না—এসব বিষয়ই কাজ দেওয়ার আগে ফিফা সবার আগে জানতে চায়। তা ছাড়া গতবারের অভিজ্ঞতাও আমাদের এবার কাজ পেতে বেশ খানিকটা সহায়তা করেছে।’ বলছিলেন জুনাইদ।স্বাভাবিকভাইে ফিফা বিশ্বকাপ শুরুর বেশ আগেই শুরু হয়েছিল পোশাক-আশাক তৈরির এই তোড়জোড়। ইপিলিয়ন এ বিষয়ে চুক্তি স্বাক্ষর করে জানুয়ারি মাসে। গুণগত মান নিশ্চিত করা, সময়মতো সরবরাহ—এগুলোই ছিল ফিফার প্রধান চাওয়া। ফিফার দেওয়া নকশা মাথায় রেখে প্রথমে এক হাজার নমুনা পোশাক পাঠানো হয়। তারপর আসে মূল অর্ডার সরবরাহ করার কাজ।‘ফিফার নির্দেশনা ছিল জার্সি বা স্যুভেনির তৈরির কাজের সময় যেন প্রতিটি দেশের পতাকার রঙের ওপর জোর দেওয়া হয়। যেমন: ব্রাজিলের পোশাক তৈরির সময় আমরা বেশি প্রাধান্য দিয়েছি হলুদ, সবুজ, নীল এই তিনটি রংকে। আর্জেন্টিনার বেলায় রংগুলো ছিল হালকা নীল, সাদা আর নীলের মিশেল। ব্রাজিল, আর্জেন্টিনা, ইতালি, হল্যান্ড, ইংল্যান্ড, স্পেন, জার্মানি, পর্তুগালসহ মোট ১৭টি দেশের জার্সি ও স্যুভেনির তৈরির কাজ হয়েছে আমাদের এখানে।’ বলছিলেন জুনাইদ আবু সালেহ।মোট পাঁচ মাসের মতো সময় দেওয়া হয়েছিল তাঁদের। সময়সীমা বাড়ানোর কোনো উপায় ছিল না। সুতরাং চুক্তি স্বাক্ষর করার পরপরই একরকম কোমরবেঁধে কাজে লেগে পড়েছিলেন ইপিলিয়নের হাজারও কর্মী। গাজীপুরে ইপিলিয়নের টেক্সটাইল ও গার্মেন্টস ইউনিটে হয়েছে বেশির ভাগ কাজ। মে মাসে পাঠানো শেষ হয় পোশাকের সর্বশেষ চালান। এবারের বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা ছাড়াও ইপিলিয়নের তৈরি পোশাক এবং স্মারক পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্র, জাপান, কানাডা, হংকং, হল্যান্ডসহ মোট ১৫টি দেশে। ২.বিশ্বকাপ নিয়ে মাতামাতির এই মৌসুমেই কোনো একদিন আমরা হাজির হই ঢাকার মিরপুরে ইপিলিয়ন গ্রুপের কারখানায়। সদর দরজায় কড়া নিরাপত্তা। সেসব কিছু পেরিয়ে আমরা শুরুতে গিয়ে বসি মার্চেন্ডাইজিং শাখায়। মার্চেন্ডাইজার মাহমুদুল হাসান (ডাকনাম মৃদুল) ছুটতে ছুটতে আসেন। তারপর একের পর এক চোখের সামনে মেলে ধরতে থাকেন বিভিন্ন দেশের জার্সি, টি-শার্ট। চোখের সামনে ঝলমলিয়ে ওঠে ব্রাজিলের হলুদ রং, আর্জেন্টিনার আকাশি। জার্সি ছাড়াও আছে ‘৩২ টু নেশনস ওয়ান ইউনিট’ লেখা ৩২টি দেশের পতাকাসংবলিত স্মারক টি-শার্ট এবং আরও অনেক রকমের স্মারক পোশাক।তারপর আমরা যাই অন্য একটা জায়গায়। রাজ্যের ব্যস্ততা সেখানে। শব্দ করে ঘুরছে শত শত বৈদ্যুতিক সেলাই মেশিন। মুখে নিরাপত্তা মুখোশ পরে একসঙ্গে নিবিষ্ট মনে কাজ করে চলেছেন নারী-পুরুষ অপারেটররা। কাজকর্মের তদারকি করছেন সুপারভাইজাররা। বিশ্বকাপের উত্তেজনা ছায়া ফেলেছে যথারীতি এসব পরিশ্রমী মানুষের কর্মক্ষেত্রেও। প্রায় সবারই মাথার ওপরে উড়ছে ব্রাজিল কিংবা আর্জেন্টিনার পতাকা। বেশ বোঝা যায় বিশ্বকাপ ফুটবল নিয়ে দারুণ মেতে আছেন তাঁরা। আর হ্যাঁ, বিশ্বকাপের দুনিয়া মাতানো এই আসরে বাংলাদেশের যে ‘অংশগ্রহণ’, সেটা সম্ভব করে তুলেছেন তাঁদের মতো পোশাকশ্রমিকেরাই। বাংলাদেশের এমন লাখো পোশাকশ্রমিকের শ্রমে আর ঘামেই তৈরি হয়েছে মেসি কিংবা কাকাদের মতো খেলোয়াড় আর তাঁদের বিশ্বজোড়া সমর্থকদের গায়ে জড়ানো রঙিন পোশাক। ফিকে হয়ে গেছে বাংলাদেশের বিশ্বকাপ ফুটবলের আসরে খেলার স্বপ্ন, কিন্তু ফিফা বিশ্বকাপে আমাদের তৈরি পোশাকশিল্পের এই অবদান নিয়ে একটুখানি গর্ব তো আমরা করতেই পারি।