বিশ্বকাপে মাতোয়ারা নগর

দুই স্টেডিয়াম ঘিরে আলোকসজ্জা। রয়েল বেঙ্গল টাইগারে রংয়ের প্রলেপ। সড়কদ্বীপে লাল-নীল আলো। ফুলে ফুলে সেজেছে স্টেডিয়াম। সাইরেন বাজিয়ে ছুটছে ক্রিকেটারবাহী বাস। ওই তো হংকং, জিম্বাবুয়ে...। টিকিট নিয়ে কাড়াকাড়ি। হ্যাঁ, বিশ্বকাপ নিয়ে উন্মাদনা শুরু হয়ে গেছে চট্টগ্রামে।
গতকালই মাঠে গড়িয়েছে অনুশীলন ম্যাচ। অনুশীলন ম্যাচ নিয়ে আগ্রহই বলে দিচ্ছে রোববার থেকে শুরু হতে যাওয়া মূল পর্ব নিয়ে মাতামাতি না হয়ে পারেই না।
বাছাই ও মূলপর্ব মিলে চট্টগ্রাম জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে আটটি দলের ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে বাছাইপর্বে বাংলাদেশ দলেরও দুটি ম্যাচ হবে এখানে। বাছাইপর্ব খেলে দুটি দল মূলপর্বের আটটি দলের সঙ্গে যোগ দেবে। এ ছাড়া চারটি অনুশীলন ম্যাচও থাকছে। রোববার ঢাকায় প্রথম ম্যাচে আফগানদের মুখোমুখি হয়ে বন্দরনগরে পা রাখবেন টাইগাররা। আট দলের বেশির ভাগই এখন চট্টগ্রামে। চট্টগ্রামে বড় দলগুলোর মধ্যে মধ্যে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ রয়েছে।
সার্বিক প্রস্তুতি নিয়ে চট্টগ্রামের ভেন্যু চেয়ারম্যান আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘প্রস্তুতি সম্পন্ন। মাঠ ও বাইরের প্রস্তুতি খুবই ভালো। এখন খেলা শুরুর অপেক্ষায়। ম্যাচগুলোতে দর্শকও প্রচুর হবে বলে আমি আশাবাদী।’
দলগুলোর নিরাপত্তাব্যবস্থা দেওয়া হচ্ছে প্রায় প্রধানমন্ত্রীর সমপর্যায়ে। চলার পথে সব ধরনের যানবাহন বন্ধ করে দেওয়া হচ্ছে আগেভাগেই। গত বছরের শেষদিকে হোটেলের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনার পর ওয়েস্ট ইন্ডিজ যুব দল সিরিজের মাঝামাঝিতে দেশ ত্যাগ করেছিল। সেই চিন্তা থেকে এবার দলগুলোকে র্যাব-পুলিশের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে।
বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত সমন্বয় সভায় জেলা প্রশাসক আবদুল মান্নান বলেন, ‘সর্বোচ্চ নিরাপত্তার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজন হলে নিরাপত্তার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতও দেওয়া যাবে।’ তবে দলগুলোর গতিবিধিতে যান চলাচল বন্ধ করে দেওয়ার কারণে জনদুর্ভোগ বেড়েছে। রাস্তা বন্ধ থাকায় যানজট বাড়ছে। তবে এই নিরাপত্তার খাতিরে এই কষ্ট মেনে নেওয়ার অনুরোধ করেছে নগর পুলিশ।
এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামমুখী সড়কে লাগানো হয়েছে রকমারি ফুলের গাছ। তার ওপর আলোকসজ্জা তো রয়েছেই। স্টেডিয়াম এলাকায়ও রয়েছে ফুলের বাগান। পাশাপাশি ব্যাট-বল ও চট্টগ্রামের ঐতিহ্য সাম্পান দিয়ে মনোরম সাজে সাজানো হয়েছে স্টেডিয়ামের আশপাশ। একইভাবে সাজছে এম এ আজিজ স্টেডিয়ামও। এখানেও হবে একটি অনুশীলন ম্যাচ।
নগরের জিইসি ও ওয়াসা চত্বরের ফোয়ারা পুনরায় চালু করা হচ্ছে। টাইগারপাসে তিনটি বাঘে রংয়ের প্রলেপ দেওয়া হয়েছে। ক্রিকেটারদের আবাসন হোটেল আগ্রাবাদ ও পেনিনসুলার আশপাশের সড়ক, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সরকারি-বেসরকারি স্থাপনা, শিল্পপ্রতিষ্ঠান, ফুটপাত, বিভাজক, নার্সারি, সড়কদ্বীপসহ নগরের গুরুত্বপূর্ণ সড়কে আলোকসজ্জা করা হয়েছে।
এ ছাড়া বিমানবন্দরের ফটকে সাম্পান এবং অংশগ্রহণকারী দেশসমূহের জাতীয় পতাকা প্রদর্শনের ব্যবস্থা করা হচ্ছে। এম এ আজিজ স্টেডিয়াম ফটকে ক্রিকেট খেলোয়াড়ের মুর্যাল, ওয়াসা মোড়ে ঘোড়া দৌড়ের দৃশ্য শোভা পাচ্ছে।
এ তো গেল মাঠের বাইরের কথা। যেখানে অনুষ্ঠিত হবে ব্যাট-বলের লড়াই সেই মাঠও প্রস্তুত। ডিজিটাল সাইটস্ক্রিন লেগেছে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে। নষ্ট জায়ান্ট স্ক্রিন মেরামত করা হয়েছে। এ ছাড়া নতুন হসপিটালিটি বক্সও অপেক্ষমাণ।
আউটফিল্ড ও উইকেটের কাজ শেষ। এই মাঠের জলাবদ্ধতার সমস্যাও কেটে গেছে বলে দাবি করলেন কিউরেটর জাহিদ রেজা।
তিনি বলেন, ‘এখানে চারটি উইকেটে খেলা হবে। আউটফিল্ড এখন চমৎকার। মুষলধারে বৃষ্টি হওয়ার এক ঘণ্টা পর এখানে খেলা শুরু করা যাবে। এখন জলাবদ্ধতার সমস্যা নেই।’