
উপহার হিসেবে পতাকা বা জার্সি
এই মৌসুমে বিয়ে বা জন্মদিনের দাওয়াত খেতে গিয়ে গৎবাঁধা উপহার না দিয়ে একটু ক্রিয়েটিভ হোন। পছন্দ বুঝে উপহার দিন বিশেষ কোনো দলের পতাকা বা জার্সি।
বিশ্বকাপ-জ্বরে আক্রান্ত সবাই। কেউ পতাকা কিনে উড়িয়ে দিচ্ছেন বাসার ছাদে, কেউ পতাকা আঁকছেন নিজের গালে, আবার কেউ-বা প্রিয় দলের জার্সি কিনে দারুণ খুশি। এত সব কেনাকাটার ভিড়েও কিন্তু কিছু কেনাকাটা বাকি পড়ে যাচ্ছে!
বউ, তোমারে আগেই কইছিলাম বিশ্বকাপের সময় বিয়া না করতে। এখন বোঝো ঠ্যালা, যত পতাকা পাইছ, তোমার আগামী ৩০ জেনারেশনের জামাকাপড় হইয়া যাইব এতে!

কান বাঁচাতে তুলা
আপনার রাতের ঘুম হারাম হতে পারে পাশের বাসার খেলাপাগল দর্শকের উল্লাসধ্বনিতে। কাজেই জলদি করে এক কেজি তুলা কিনে আনুন। নিজের কানে দিন, পরিবারের বাকিদের কানেও গুঁজে দিন।
হাপাম সাহেব, জলদি ওঠেন, আগুন! আগুন!
দূর আরেকটা গোল হইল! কই গো, আরও আধা কেজি তুলা দাও। চিল্লাচিল্লির জ্বালায় ঘুমাইতে পারতেছি না।

জ্ঞান বাড়াতে ডিকশনারি
দেশজুড়ে উড়ছে লাখ লাখ পতাকা। অনেক মানুষই জানেন না যে কোন পতাকাটা আসলে কোন দেশের। এই অজ্ঞতা থেকে বাঁচতে আজই একটি ডিকশনারি কিনে ফেলুন। কেননা, একমাত্র ডিকশনারিতেই সব দেশের পতাকার ছবি দেওয়া থাকে।
ভাই, এইটা কোন দেশের পতাকা? বইতে খুঁইজা পাইতেছি না!
আরে বেকুব, এইডা পতাকা না, এইডা সেন্ডুগেঞ্জি। বাঁশের আগায় শুকাইতে দিছে।

মাথা বাঁচাতে হেলমেট
ব্রাজিল আর আর্জেন্টিনার সমর্থকেরা মারামারি বাধিয়ে দিলে রাস্তাঘাটে হাঁটাচলা করাও বিপজ্জনক। কে যে কখন কার দিকে কী ছুড়ে মারবে, তা কেউ জানে না। সুতরাং, হেলমেট কিনুন, মাথা বাঁচান!
কী ভাই, মাথায় পাতিল নিয়া বইসা আছেন ক্যান? একটু পরে চেয়ার-টিভি উইড়া পড়ব! জান বাঁচাইতে চাইলে এখনই পালান।
ওইটার আশাতেই তো বইসা আছি, গত তিন দিনে অনেক হাঁড়ি-পাতিল, চেয়ার জমাইছি, এখন খালি একটা টিভি পাইলেই হয়।