বিশ্বকাপের জন্য তৈরি হচ্ছে চট্টগ্রাম
মিছিল হয়েছে, মিটিং হয়েছে। চট্টগ্রামের মন্ত্রী, মেয়র আর সংসদ সদস্যরা ছুটে গেছেন প্রধানমন্ত্রীর কাছে। দাবি একটাই—২০১১ সালে অনুষ্ঠেয় বিশ্বকাপ ক্রিকেটের গর্বিত অংশীদার হতে চায় চট্টগ্রাম। অবশেষে আরেকবার বিজয়ের হাসি হাসল চট্টগ্রাম, বিশ্বকাপের দুটি ম্যাচ পেয়ে। শুরু হয়ে গেল জহুর আহম্মদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামকে বিশ্বকাপের ভেন্যু হিসেবে গড়ে তোলার প্রস্তুতি। অবকাঠামো ও সড়ক উন্নয়নে ৮৭ কোটি টাকা বরাদ্দ দেয় সরকার। চট্টগ্রাম সিটি করপোরেশন নগরের ২০টি সড়কের সংস্কারকাজ শুরু করে। কিন্তু বিপত্তির কমতি ছিল না। ফ্লাডলাইটের সরঞ্জাম চুরি ব্যাহত করে ভেন্যুর প্রস্তুতিকাজ। বিশ্বকাপের আগেই পাঁচ তারকা মানের হোটেল তৈরির যে প্রতিশ্রুতি ছিল তারও কোনো খবর নেই। তবে নানা বিপত্তি ও শঙ্কার পরও আশাবাদী আয়োজকেরা। আগামী নভেম্বরের মধ্যে ৯০ শতাংশ কাজ হয়ে যাবে বলে তাদের বিশ্বাস। তাই রাত-দিন প্রস্তুতি চলছে এখন। ফ্লাডলাইট, গ্যালারি সংস্কার ও আসন বাড়ানো, মিডিয়া বক্স, জায়ান্ট স্ক্রিন, মূল ও বিকল্প সড়ক তৈরি, পার্কিং সুবিধা, শীততাপ-নিয়ন্ত্রণব্যবস্থা নিশ্চিত করা, বৈদ্যুতিক উপকেন্দ্র নির্মাণ, আবাসন সমস্যার সমাধানে কাজ চলছে দ্রুতগতিতে। কিন্তু এত অল্প সময়ে বিশাল এ কর্মযজ্ঞ কি সম্ভব? প্রশ্নটিও উঠছে।চট্টগ্রাম ভেন্যুর চেয়ারম্যান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক সিরাজুদ্দীন মোহাম্মদ আলমগীর ক্রিকেট ম্যাচ আয়োজনে কোনো অসম্ভবকে স্বীকার করতে রাজি নন। তিনি বলেন, ‘নভেম্বরের মধ্যেই ৯০ শতাংশ কাজ শেষ হয়ে যাবে। এরপর থাকবে ঘষামাজার কাজ—রং করা, ধোয়ামোছা, আসন শ্রেণীভুক্তকরণ ইত্যাদি। কাজের অগ্রগতি নিয়ে প্রায় প্রতিদিনই বিসিবি ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে কথা হচ্ছে।’ আগামী নভেম্বরে আইসিসি প্রতিনিধি দল স্টেডিয়ামের কাজের অগ্রগতি দেখতে চট্টগ্রামে আসবেন বলেও তিনি জানান। তবে কিছু কাজের দায়িত্ব ভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কাছে পড়ায় কিছুটা সমস্যাও হচ্ছে বলে জানা যায় আয়োজক সূত্রে। যেমন স্টেডিয়ামে ঢোকার প্রধান সড়কটি (সাগরিকা রোড) সংস্কার করবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এ ছাড়া সাগরিকা গরুর বাজারের পাশ দিয়ে ৩৫০ যানবাহনের রাখার সুবিধাসহ বিকল্প সড়ক তৈরির দায়িত্ব সিটি করপোরেশনের। ফ্লাডলাইটসহ স্টেডিয়ামে নিরবচ্ছিন্ন বিদ্যুতের জন্য একটি ১১ কেভি উপকেন্দ্র নির্মাণের দায়িত্ব বিদ্যুৎ বিতরণ বিভাগের (পিডিবি)। জ্বালানি মন্ত্রণালয় থেকে নির্দেশনা পেলে এ উপকেন্দ্র করতে কমপক্ষে দুমাস সময় লাগবে। এসব কাজের জন্য আয়োজকদের নানা জায়গায় ধরনা দিতে হচ্ছে বলে জানা যায়। বিকল্প রাস্তাটির জন্য চট্টগ্রাম কাস্টমস একাডেমিতে দৌড়ঝাঁপ করতে হচ্ছে। কারণ স্টেডিয়ামের টেনিস কোর্টসংলগ্ন ফটক দিয়ে সরাসরি সড়কটি হলে কাস্টমস একাডেমির সীমানাপ্রাচীর ভাঙতে হবে। এ ব্যাপারে কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা চলছে। এসব কাজের খুব বেশি অগ্রগতি হয়নি বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে নভেম্বরের মধ্যে ফ্লাডলাইট বসে যাবে বলে জানালেন দায়িত্বপ্রাপ্ত ট্রান্সকম ইলেকট্রনিকসের কর্মকর্তারা। এ ছাড়া জায়ান্ট স্ক্রিনের কাজও প্রায় শেষ পর্যায়ে। মিডিয়া বক্স নির্মাণ হয়ে গেছে আগেই। গ্যালারির সংস্কারকাজও শেষ। তবে প্যাভেলিয়নের ডান পাশে প্রস্তাবিত দোতলা গ্যালারির কাজ এখনো পুরোদমে শুরু করতে পারেনি জাতীয় ক্রীড়া সংস্থা। জানা যায়, গ্যালারিতে বসে আরাম করে খেলা দেখার জন্য চলে এসেছে প্লাস্টিক চেয়ার। এখন চেয়ারগুলো বসানো ও তাতে নম্বর লাগানোর কাজ চলছে। তা-ও নভেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে। গ্যালারির নিচে মাটি ভরাটের কাজ অনেকাংশে বাকি রয়েছে এখনো। তবে এ জন্য খুব বেশি সময় লাগবে না বলে জানান বিসিবির কর্মকর্তারা। দোতলা গ্যালারি হলে আসনসংখ্যা প্রায় ২৪ হাজার হবে বলে জানা গেছে। আর যদি কোনো কারণে এক পাশ দোতলা না হয় তাহলে দর্শক ধারণক্ষমতা হবে ১৮ হাজার।কর্মকর্তারা জানান, স্টেডিয়ামের বাইরেও কিছু সমস্যা রয়ে গেছে। বিশ্বকাপ ভেন্যুর দাবিতে আন্দোলন চলাকালে অনেক মন্ত্রী, মেয়র প্রতিশ্রুতি দিয়েছিলেন মূল আয়োজনের আগেই চট্টগ্রামে পাঁচ তারকা মানের হোটেল হবে। কিন্তু তার কোনো লক্ষণ নেই। চট্টগ্রামে ইস্পাহানি গ্রুপ ও সেনাবাহিনী দুটি পৃথক পাঁচ তারকা মানের হোটেল নির্মাণের কাজে হাত দিলেও তা বিশ্বকাপ শুরুর আগে আলোর মুখ দেখছে না। তবে কনকর্ড ফয়’স লেকে ১০০ কক্ষের একটি পাঁচ তারকা মানের হোটেল নির্মাণ করতে যাচ্ছে বলে জানা গেছে। এ হোটেল বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই হবে বলে কনকর্ড কর্তৃপক্ষ জানিয়েছে। তবে নগরের পেনিনসুলা হোটেল বিশ্বকাপের অফিসিয়াল হোটেল হিসেবে স্বীকৃতি পেয়েছে ইতিমধ্যে। খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য এখানে কক্ষ ভাড়া করা হয়েছে বলে জানালেন সিরাজুদ্দীন মোহাম্মদ আলমগীর। তিনি বলেন, ‘সবকিছু ঠিকভাবে চলছে। আইসিসির আবাসন কমিটির সদস্যরা এসে হোটেল বুকিং করে গেছেন। উইকেট ও মাঠ পরিচর্যা দলও নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। প্রস্তুতিতে কোনো ঘাটতি থাকবে না।’