বিশ্বকাপের ডামাডোলে শেষ হলো জাতীয় টেবিল টেনিস
চট্টগ্রামের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় টেবিল টেনিস (টিটি) প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন চট্টগ্রামের ছেলে গতবারের জাতীয় চ্যাম্পিয়ন মানস চৌধুরী। টেবিল টেনিস ফেডারেশনের এই প্রতিযোগিতার আয়োজন করতে পেরে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা মহাখুশি। কিন্তু ৪ থেকে ৮ ফেব্রুয়ারি জাতীয় এই প্রতিযোগিতা অনেকটা নীরবেই শেষ হয়ে গেল। বিশ্বকাপ ক্রিকেটের ডামাডোলে ম্লান হয়ে গেল এবি ব্যাংক ৩১তম জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতা। ৪ ফেব্রুয়ারি অনেকটা নীরবেই প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব ও টিটি ফেডারেশনের চেয়ারম্যান মো. আবদুল করিম। তিনি আবার চট্টগ্রাম বিশ্বকাপ ভেন্যুর প্রস্তুতি তদারকির দায়িত্বও পালন করছেন। তাই তাঁর কাছেও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় বিশ্বকাপ ক্রিকেটের প্রস্তুতি। যার জন্য তিনি টিটি শুরুর পরদিন সার্কিট হাউসে বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এমনকি সিজেকেএসের অনেক কর্মকর্তাও ব্যস্ত হয়ে পড়েন বিশ্বকাপ নিয়ে। তাই সেভাবে আলো ছড়াতে পারেনি জাতীয় টিটি। বিষয়টি স্বীকারও করলেন সিজেকেএসের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান। তিনি বলেন, ‘আসলে সবাই বিশ্বকাপ নিয়ে ব্যস্ত। এ অবস্থায় চট্টগ্রামের জাতীয় টেবিল টেনিস নিয়ে ক্রীড়ামোদীদের আগ্রহ কম, সেটাই স্বাভাবিক। কিন্তু আমাদের উপায় ছিল না টিটি পরে নিয়ে যাওয়ার।’পাঁচ দিনের এই প্রতিযোগিতায় ২৫টি দলের ১৬৫ জন খেলোয়াড় অংশ নেন। আর ৩১তম এই প্রতিযোগিতায় গতবারের সব রেকর্ড ভেঙেচুরে সবকিছু নিজেদের করে নিয়েছে আনসার। এর আগের বছর বাংলাদেশ বিমানের প্রাধান্য ছিল জাতীয় টেবিল টেনিসে। পুরুষ ও মহিলা দলগত বিভাগে আনসার চ্যাম্পিয়ন হয়েছে। এ ছাড়া পুরুষ দ্বৈত ও মহিলা দ্বৈত বিভাগেও চ্যাম্পিয়ন রানারআপ এই করপোরেট দলটি। বালক দলগত খেলায় চ্যাম্পিয়ন হয় কিশোরগঞ্জ। মহিলা এককেও শিরোপা আনসারের। চ্যাম্পিয়ন হন সালেহা আর রানারআপ সোমা।সবচেয়ে আকষর্ণীয় ছিল পুরুষ এককের ফাইনাল। তাতে আনসারের মাহবুব তাঁর হারানো শিরোপা পুনরুদ্ধার করেন মানসকে হারিয়ে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই দ্বৈরথটি ছিল উপভোগ্য। এত অর্জনের পর আনসারের কোচ ও ম্যানেজার মো. আলী বলেন, ‘আমার জানামতে, একসঙ্গে এত শিরোপা আগে কখনো কোনো দল পায়নি। তাই আমরা আনন্দিত। কিন্তু বিশ্বকাপের কারণে তেমন প্রচার হয়নি। সবাই এখন ব্যস্ত বিশ্বকাপ নিয়ে। এটাও খুব স্বাভাবিক।’