বিশ্বকাপের নেপথ্যে আমরা
১৪টি দেশ। একটি বিশ্বকাপ। ১৭ ফেব্রুয়ারি বিশাল আড়ম্বরে শুরু হয়েছিল ক্রিকেটের যে মহাযজ্ঞ, ২ এপ্রিল থেমে গেল সেই যজ্ঞের সানাই। শেষ হাসি হেসেছে ভারত। হেসেছে আয়োজক দেশগুলো—বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা। দক্ষিণ এশিয়ার দারিদ্র্য, অধিক জনসংখ্যা আর প্রাকৃতিক দুর্যোগ ডিঙিয়ে লড়াকু দেশ তিনটি সফলভাবেই বিশ্বকে দেখিয়ে দিয়েছে তাদের ক্রিকেটকে জয় করার প্রত্যয়।বাংলাদেশের জন্য এ ছিল এক নতুন অভিজ্ঞতা। ঘরের মাটিতে প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন। টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির এক যুগের মাথায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এমন একটা আয়োজনে উচ্ছ্বসিত সব বাংলাদেশি। কখনো দর্শক হয়ে, স্বেচ্ছাসেবক, নিরাপত্তা কর্মী, টিকিটের ক্রেতা-বিক্রেতা হয়ে, কখনো অংশগ্রহণকারী, কখনো রং-তুলি নিয়ে পতাকা আঁকিয়ে—যে যেভাবে পেরেছে একাত্ম হয়ে এই মহাযজ্ঞে অংশ নিয়েছে। আর কোটি কোটি সমর্থক তো ছিলই টিভি পর্দায়।রাতভর টিকিটের লাইনে দাঁড়িয়ে টিকিট না পেয়েও বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচগুলোতে স্বেচ্ছাসেবক হওয়ার সুযোগ যেন সত্যিই ছিল এক সোনার হরিণ। ‘শো অ্যান্ড টেল’-এর মধ্য দিয়ে বিশ্বকাপের ঢাকার ম্যাচগুলোর স্বেচ্ছাসেবক হিসেবে আন্তর্জাতিক দর্শকদের সংরক্ষিত আসনে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শোভন, তামিম, রেজওয়ান ও সৈকত। তাঁরা পড়ছেন চতুর্থ ও পঞ্চম সেমিস্টারে। দায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে উপভোগ করেছেন ম্যাচগুলো, দেখেছেন জিতে গেলে দর্শকের উচ্ছ্বাস আর হেরে গেলে পেয়েছেন কটু মন্তব্যের যাতনা। তামিম ও রেজওয়ান মনে করেন, এত অসাধারণ আয়োজনের পেছনে প্রত্যেকেরই কিছু না কিছু ভূমিকা ছিল। বাইরে থেকেও আগত দর্শকের সংখ্যা কম ছিল না। ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা আর আয়ারল্যান্ডের অনেক দর্শকের সমাগমে মুখরিত ছিল ঢাকার মিরপুর স্টেডিয়াম।স্বেচ্ছাসেবকদের সুপারভাইজার হিসেবে আমান, ফারাবী আর জিসনের অভিজ্ঞতার ঝুলিটা একটু বড়। আটটি ম্যাচের সঙ্গেই ছিলেন তাঁরা। ঢাকা, নাকি চট্টগ্রাম—খেলা হচ্ছে কোথায়, তা বোঝাই ছিল দায়। সব দর্শকের মধ্যে উত্তেজনাটা ছিল সীমাহীন। চট্টগ্রামের মাঠে দুটি জয় এবং পতেঙ্গায় ঘুরে আসার অভিজ্ঞতাটাও ছিল তাঁদের জন্য অনেক মজার। সিফাত তাসনিম ও শাহরিন নিশির দিনগুলোও মন্দ যায়নি। জ্যাক ক্যালিস আর ইমরান তাহিরের পরিবারের সঙ্গে ছবি তুলে অসম্ভব মজা পেয়েছেন আইবিএ পড়ুয়া হিশামউদ্দীন খান। খেলা দেখা, বাংলাদেশকে উৎসাহ জোগানো আর স্বেচ্ছাসেবক হিসেবে পাশে থাকায় হিশামের প্রাপ্তির যেন শেষ নেই।নিলয় আর সৌরভ ছিলেন রং ও তুলি নিয়ে। রাঙিয়ে দিয়েছেন দর্শকদের। কোন দেশের পতাকা সবচেয়ে বেশি আঁকতে হয়েছে—এমন প্রশ্নে হেসে বললেন, ‘কোন দেশ আবার, বাংলাদেশ!’ সৌরভ বলছিলেন, ‘পতাকাই শুধু নয়, রয়েল বেঙ্গল টাইগার, বিসিবি, আইসিসির লোগো—সব লাল-সুবজ মিলিয়ে নানা প্রতীক এঁকেছেন। কখনো কখনো পাল্লা চলত, আজ কে কত পতাকা আঁকলাম।’ সাগরকে উচ্চশিক্ষার জন্য দক্ষিণ কোরিয়ায় যাওয়ার আগে ঢাকা শহর ঘুরে একটা স্মৃতিস্মারক হিসেবে লাল-সবুজ পতাকা পেতে রীতিমতো ক্লান্ত হয়ে উঠতে হয়েছে। পতাকা বিক্রেতারা যেন সব হারিয়েই গেছেন। বড় পর্দায় খেলা দেখানোর জায়গাগুলোতে পতাকা, বাঁশি, ভুভুজেলা, ব্যান্ড, স্কার্ফ ইত্যাদির পসরার ছিল না কোনো অভাব। বিশ্বকাপজুড়ে কত পতাকা বিক্রি করেছেন, সেটা শ পাঁচেক অবধি হওয়ার পর গোনা ছেড়ে দিয়েছেন পতাকাবিক্রেতা মইনুদ্দীন আলী।বাংলাদেশের ম্যাচগুলোতে সারা দেশে পালন হয়েছিল ‘গ্রিন-ডে’। সেই সুবাদে বাংলাদেশের জার্সি আর সবুজে লাল বৃত্তের টি-শার্টের দাপট দেখা গেছে সবচেয়ে বেশি। ওয়েস্ট ইন্ডিজ আর দক্ষিণ আফ্রিকার সঙ্গে ম্যাচ হারার পর অবশ্য বিক্রির হার কমে গেছে শোচনীয়ভাবে। সেই সঙ্গে ব্যবসাও। তবু ফাইনাল অবধি আমাদের উৎসাহ-উদ্দীপনার অভাব ছিল না।নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রিহানকে যেমন ঘণ্টা খানেক পর পর স্ট্যাটাস বদলাতে দেখা গেছে ফেসবুকে, তেমনি টুইটার থেকে যেন একমুহূর্তের জন্যও অন্য কোথাও যাননি শাবাব, নাফিস, সাদিয়া আর মৌরি। এমনটাই ছিল ক্রিকেটজ্বরে কাঁপতে থাকা বাংলাদেশের হালচাল।সফল আয়োজন শেষে আমাদের স্বপ্নের পরিধি বেড়ে গেছে অনেক। আমান আর সৈকত জানাচ্ছিলেন, ভবিষ্যতে খেলাধুলার আয়োজনে আরও সরাসরিভাবে কাজের দায়িত্ব নিয়ে সফল হতে চান তাঁরা। রাফাত বলছিলেন, ভারতের উচ্ছ্বাস দেখে মনে হয়েছে, কবে এমন আনন্দের জোয়ারে ভাসবে বাংলাদেশ? যতটুকু অতৃপ্তি আছে, তা নিয়ে অবশ্যই এগিয়ে যাব আমরা। সামনে ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন আছে না! যৌথ নয়, বাংলাদেশ যে তখন হবে একক আয়োজক!