বিশ্বকাপের বাহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয় দলের জার্সি পরে ফুটবল আড্ডায় মেতেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কজন বন্ধু
প্রিয় দলের জার্সি পরে ফুটবল আড্ডায় মেতেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কজন বন্ধু

ফুটবল বিশ্বকাপের জ্বরে কাঁপছে পুরো পৃথিবী৷ কাঁপছে বাংলাদেশও৷ তবে এই কাঁপুনি বোধ হয় একটু বেশিই অনুভূত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে৷
পছন্দের দল, প্রিয় খেলোয়াড় কিংবা সম্ভাবনাময় দল সম্পর্কে মতভেদ এখানে অনেক বেশি৷ আর তাই বিশ্বকাপের আমেজটাও এখানে একটু ভিন্নমাত্রার৷ শুধু কি রাত জেগে খেলা দেখা আর প্রিয় দলের পতাকা টাঙিয়েই ক্ষান্ত তাঁরা? না তো! সুযোগ পেলেই ফুটবলপ্রেমী এই শিক্ষার্থীরা মেতে ওঠেন ফুটবলবিষয়ক বাগ্যুদ্ধে৷ এমনি এক আড্ডায় হাজির হই বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বরে৷ ক্লাসের সবচেয়ে কাছের বন্ধু আঁখি আর ঈশিতার মধ্যে একজন আর্জেন্টিনার সমর্থক, অন্যজন ব্রাজিলের৷ তাই দ্বন্দ্ব বাধে তাঁদেরও৷ ঈশিতা বলেন, ‘এ পর্যন্ত সবচেয়ে বেশিবার বিশ্বকাপজয়ী ব্রাজিলের নান্দনিক ফুটবলের সঙ্গে তুলনা হয় না কারও, ফুটবল যাঁরা বোঝেন, তাঁরা সবাই এটা মানেন৷’ উত্তর প্রস্তুত আঁখির মুখেও, মেসির মতো খেলোয়াড় যে দলে আছে, তাদের আর চিন্তা কী? স্বয়ং নেইমারও তোয়াক্কা করে চলেন মেসিকে৷ এর মধ্যে কথার তীর নিয়ে আড্ডায় জড়ো হন ব্রাজিলের সমর্থক অমিত আর আর্জেন্টিনার সমর্থক মুনিয়া৷
তাঁদের ঝগড়া যখন তুঙ্গে, তখন তৃতীয়পক্ষ হয়ে আবির্ভাব ঘটে লামিয়ার, ‘তোরা যা-ই বলিস, মাঠে জার্মানির মতো নৈপুণ্য কিন্তু অন্য কোনো দল দেখাতে পারে না৷ কেন যে ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে মাতিস তোরা!’ তাঁর কথায় বদলে যায় পরিস্থিতি৷ একটু আগের কথা ভুলে আঁখি আর ঈশিতা একসেঙ্গে ব্যবচ্ছেদ করতে শুরু করে জার্মান দলের৷ জার্মানির পক্ষে প্রচুর যুক্তি আছে লামিয়ার কাছেও৷ দল ভারি করেন জার্মানির আরেক সমর্থক সজীব৷ সজীবের মতে, জার্মানিই এবার কাপ নেবে৷
এরপর রাকা শুরু করেন, ‘বাসার ছাদে সব সময় প্রিয় দলের পতাকা টাঙাই; হলের ছাদে বেঁধে রাখলে তো আর কেউ বুঝবে না এটা কার৷ তাই হলে আমার রুমের জানালাতেই এবার বেঁধে দিয়েছি প্রিয় দলের পতাকা৷’ তবে সেমিস্টার ফাইনাল চলার কারণে রাকার মতো নির্ভার হতে পারছেন না শায়লা, ‘পড়া আর খেলা—দুদিক যে কীভাবে ম্যানেজ করব জানি না৷ স্পেনের সব খেলা আমার দেখতেই হবে৷ প্রথম খেলায় হারলেও আমি স্পেনের সমর্থক৷’ স্পেনের আরেক গোঁড়া সমর্থক আরাফাত যুক্তি তুলে ধরেন, ‘স্পেন গতবারও প্রথম খেলায় হেরেছিল, তারপরও তারা চ্যাম্পিয়ন হয়েছে৷’
চলতে থাকে বাগ্যুদ্ধ, যেন কোনো বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব চলছে৷ যুক্তি দিয়ে হোক কিংবা তথ্য দিয়ে, জেতাতে হবে প্রিয় দলকে৷ তবে বিতর্ক অনুষ্ঠানের সঙ্গে পার্থক্য এখানেই যে বিতর্ক প্রতিযোগিতার একটা নির্দিষ্ট সময় থাকে, কিন্তু তাঁদের এই বিতর্কের কোনো ধরাবাঁধা সময় নেই৷ সকাল, দুপুর কিংবা রাত, সুযোগ পেলেই তাঁরা মেতে ওঠেন এমন বাগ্যুদ্ধে৷ ট্রান্সপোর্ট চত্বর থেকে নিজেদের হলের ক্যানটিন, ডাইনিং, টিভি রুম—সবখানে দেখা যাচ্ছে এমন দৃশ্য৷ তবে সবকিছু ছাপিয়ে মূখ্য হয়ে উঠছে ‘ফুটবল’৷ জয় ফুটবলের জয়!