বিশ্বকাপের বিশ্ববিদ্যালয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঁপছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। হাজার হাজার শিক্ষার্থী বের হয়েছেন নিজ নিজ হল থেকে এক পোশাকে। জড়ো হয়েছেন টিএসসিতে। কিন্তু টিএসসিতে কেন? আরও তো অনেক খোলা জায়গা ছিল, কেন তবে টিএসসি?সবাই নিশ্চয়ই ভাবছেন, ঢাকা শহরে এ কী শুরু হয়ে গেল! ভবনধস, আগুন আর ভূমিকম্প...আরে নাহ্, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। টিএসসির এই কম্পন সেই কম্পন নয়। এই এক পোশাক হচ্ছে যাঁর যাঁর পছন্দের দলের জার্সি। বিশ্বকাপের উত্তেজনায় এবার কাঁপছে পুরো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। এই উত্তেজনাকে আরও কয়েক ধাপ বাড়িয়ে তুলেছে টিএসসির সামনে ও সড়কদ্বীপের বড় পর্দায় বিশ্বকাপ দেখার উল্লাস। পুরো বিশ্ববিদ্যালয়ই এখন হয়ে উঠেছে ‘বিশ্বকাপ বিশ্ববিদ্যালয়’।বিশ্বকাপ শুরুর প্রথম দিন থেকেই বড় পর্দার এই আয়োজন। দ্বিতীয় দিনের আর্জেন্টিনা আর নাইজেরিয়ার খেলা শুরুর কথা আটটায়। অপেক্ষা আর সইছিল না বুলবুল, ইমরুল, রনি ও টিটুর। বিকেল পাঁচটা না বাজতেই টিএসসিতে এসে হাজির। এসে অবশ্য বসে নেই, চায়ের কাপের ধোঁয়ার সঙ্গে সঙ্গে সেদিনের খেলা নিয়ে পূর্ব আলোচনাটা বেশ তুমুলে চড়িয়েছে। ইমরুল আর টিটুর মধ্যে আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে যখন দ্বন্দ্ব চরমে, তাঁদের ঠান্ডা করতে এলেন আব্বাস। আব্বাসদের হলে ক্যাম্পাসের সবচেয়ে বড় আর্জেন্টিনার পতাকাটা উড়ছে, তাই দাবি করলেন তিনি। অবশ্য ব্রাজিলের পতাকাও আছে, তা একটু নিচু স্বরে বললেন তিনি। ‘তোমার আর্জেন্টিনার পতাকার কথা বেশ চিৎকার করে বললে, ব্রাজিলের সময় এমন বিলাই গলা কেন?’ বলে উঠলেন ফয়সাল। ওদিকে ততক্ষণে দক্ষিণ কোরিয়া আর গ্রিসের খেলা চলছে। সমানতালে চিৎকার করে যাচ্ছেন তখন উভয় দলের সমর্থকেরা। টিএসসির পাশে আধুনিক ভাষা ইনস্টিটিউটের ছাদে তখন বেশ আমুদে বাতাসের সঙ্গে খেলা করে যাচ্ছিল ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ডের পতাকারা। দেখে কিন্তু মনে হয়নি এদের মধ্যে কোনো বিরোধ আছে। অথচ কাউসার, শাকিল, মনি, রুমার ব্রাজিল-আর্জেন্টিনা বিরোধ ততক্ষণে সপ্তমে চড়েছে। রাকিব অবশ্য বেশ বিজ্ঞের মতো বন্ধুদের বলে যাচ্ছিলেন, ‘আশা করি ফাইনালে উঠবে আর্জেন্টিনা। ব্রাজিলেরও সম্ভাবনা আছে, তবে বিশ্বকাপ তো এক দলই নেবে। দেখা যাক আগে কী হয়।’ এবার আর হাসি ধরে রাখতে পারলেন না উর্মি। রাকিবকে তিনি খেলাবিশারদ খ্যাতি দিয়ে ক্ষান্ত হলেন।ঘড়িতে তখন আটটা ছুঁই ছুঁই। এবার আর আড্ডা নয়। সবাই যাঁর যাঁর জায়গা দখল নিতে ব্যস্ত। কোথা থেকে সবচেয়ে ভালো দেখা যাবে খেলা, তা বের করতে করতে আর্জেন্টিনার সমর্থক রুপার দেখা হলো নিরার সঙ্গে। ‘কিরে, তুই না ব্রাজিল করিস? এখানে আসছিস কেন? যা ভাগ।’ বলে উঠলেন নিরাকে। নিরাও কি কম। প্রতি-উত্তর দেওয়ার জন্য যেন প্রস্তুতই ছিলেন। ‘আরে, তোরা হারবি তা নিজ চক্ষে দেখতে এসেছি।’ বলে এগিয়ে যেতে লাগলেন সামনে। রুপা তখনো বলে যাচ্ছেন, ‘স্বপ্ন দেখ, স্বপ্ন দেখ!’ শুরু হয়ে গেল খেলা। জোহানেসবার্গের স্টেডিয়ামের দর্শকের উল্লাসের খণ্ডচিত্র দেখা যাচ্ছে টিএসসিতে। ওদিকে ছয় বছরের শিশু সিয়াম পড়েছে বিপাকে। ছোট বলে বড়দের ভিড়ে সে দেখতে পাচ্ছে না খেলা। ওর বাবা-মায়ের সঙ্গে হাতিরপুল থেকে টিএসসিতে এসেছে বড় পর্দায় খেলা দেখতে। একটা রিকশা ডেকে ওকে রিকশার ওপর তুলে দিলেন ওর বাবা। সিয়ামের খুশি দেখে কে! আর্জেন্টিনা জিতলে ওর বাবাকে একটা চকলেট কিনে দেবে বলল সে। খেলার ছয় মিনিট ছুঁই ছুঁই। বেশ উত্তেজিত দর্শক, আর্জেন্টিনার ৬ নম্বর জার্সি পরিহিত গ্যাব্রিয়েল হেইঞ্জের হেড। গো-ও-ও-ল বলে একযোগে লাফিয়ে উঠলেন সবাই। আনন্দের বন্যাটা তখন জোহানেসবার্গ থেকে টিএসসির পথেও।অফিস থেকে বাড়ি ফিরছিলেন মাসুদা বেগম। তিনি আর পারলেন না। নেমে পড়লেন রিকশা থেকে। এগিয়ে এসে সড়কদ্বীপের দেয়ালে বসে পড়লেন। বিশ্ববিদ্যালয়জীবনের তারুণ্যের কথা বেশ মনে পড়ে গেল তাঁর।সেখানে দেখা হয়ে গেল এক ছোট ভাইয়ের সঙ্গে। সোহেলের সঙ্গে তখন জমল আড্ডা। সোহেল আবার ব্রাজিলের অন্ধ ভক্ত। যদিও তিনি এবার ব্রাজিল নিয়ে বেশ উত্তেজিত। এক কাকার ওপর তাঁর ভরসা।২১ মিনিটের দিকে আর্জেন্টিনার নিশ্চিত গোলটা মিস হয়ে গেলে সবাই হতাশ হলেও খুশিতে রায়হান চিৎকার করে উঠলেন। ‘এতক্ষণে একজন নাইজেরিয়ার সমর্থক পাওয়া গেল!’ যেই বলেছেন রনি, অমনি কয়েকজন বলে উঠলেন, ‘আমরাও নাইজেরিয়া।’ বেচারা বেশ চুপটি মেরে গিয়েছিলেন আর্জেন্টিনার এত সমর্থকের ভিড়েও। এর মধ্যে ৩০-৪০ জনের একটা দলকে দেখা গেল মিছিল করতে করতে টিএসসিতে এগিয়ে আসতে। সবার পরনে মেসির জার্সি। বেশ ভালোই দেখাচ্ছিল তাদের। খেলার প্রথমার্ধ ততক্ষণে শেষ। চলছে ১০ মিনিটের বিরতি। এই ফাঁকে চা খেতে গেলেন শোভন আর রাচি। ‘কী রাচি, আর্জেন্টিনা বিশ্বকাপ নিচ্ছে নাকি এবার?’ শোভনের এ কথায় রাচি বলে উঠলেন, ‘আরে প্রতিবারই বলে, শেষে কি হয় তা তো সবারই জানা।’ আবার চলছে খেলা। ৬৫ মিনিটের দিকে আবারও সমস্বরে চিৎকার করে উঠলেন আর্জেন্টিনার সমর্থকেরা। নাহ্, আবারও হতাশ হলেন তাঁরা।ইতালির সমর্থক কাব্য আর তাঁর বন্ধুরাও খেলা দেখতে এসেছেন। ফ্রান্স নিয়ে ওদিকে চিন্তায় ব্যস্ত মণি। পাশাপাশি চলছে খেলা দেখা। হঠাৎ অন্ধকারে গাছে কী যেন নড়েচড়ে উঠল। সবাই তাকালেন একযোগে। ভূত নাকি রে! হা হা হা। ভূতই বটে, ফুটবলের ভূত। রায়হান, টনি, আশিক কোথাও জায়গা না পেয়ে ঝুলছেন গাছে।কাঁকন, ঝুমা, ফাহিমের চিৎকার করতে করতে খিদে পেয়েছে ততক্ষণে। ছোলা-মুড়ি চিবুতে চিবুতে চলছিল তাঁদের খেলা দেখা। এভাবে পুরো ৯০ মিনিটই চলছিল উল্লাস। ইমরুল বেশ আশা নিয়ে বসে ছিলেন, তিনটা গোল দেবে মেসি—আজ এই ছিল প্রত্যাশা। কিন্তু বেশ সহজ সহজ গোল মিস করেছেন মেসি—এই ছিল তাঁর দুঃখ। এক্সট্রা ২ মিনিটেও ছাড়েননি সে আশা। কিন্তু নাহ, ১-০ গোলেই জিতল আর্জেন্টিনা। যাই হোক, জিতেছে এটাই বড়। সবার উল্লাস ছিল এ কারণেই। কেউ কেউ তখন চিৎকার করতে করতে ফিরে চলছেন হলের দিকে। ধীরে ধীরে বেশ হালকা হয়ে উঠছিল টিএসসি আর সড়কদ্বীপের জটলা। বিশ্ববিদ্যালয়ের পথঘাট কিন্তু তখনো কাঁপছে বিশ্বকাপের উত্তেজনায়। মনে সবার আগামী দিনগুলোয় আর অনেকগুলো ভালো খেলা দেখার প্রত্যাশা।