বিশ্বকাপের মঞ্চে ম্লান রাজনীতির বিভেদ
বিশ্বকাপ ক্রিকেটের মহোৎসব হবে বাংলাদেশে, আর তার ভাগিদার হবে না চট্টগ্রাম! তা কী করে হয়? অনেক কাঠখড় পোড়ানো, অনেক আন্দোলনের পর চট্টগ্রামও আয়োজক হয়েছে। সেদিন বিভেদ ভুলে সব দল ও মতের মানুষ এসে দাঁড়িয়েছিলেন এক জায়গায়। হাতে হাত ধরে রচনা করেছিলেন মানববন্ধন। বিশ্বকাপকে ঘিরে ‘রাজনীতির অভিনব বন্ধন’ এখনো অটুট রয়েছে। সম্প্রতি সেই ছবিই দেখা গেল কর্ণফুলীর পারে। বিশ্বকাপ উপলক্ষে গত মঙ্গলবার কর্ণফুলী নদীতে হয়ে গেল নৌ-শোভাযাত্রা। ‘বিশ্বকাপ আইস্যে, চট্টগ্রামবাসী জাইগ্যে (বিশ্বকাপ এসেছে, চট্টগ্রামবাসী জেগেছে)’—এ স্লোগান নিয়ে বর্ণাঢ্য এ শোভাযাত্রার মধ্য দিয়ে বিশ্বকাপ ক্রিকেটের আগমনী বার্তা জানিয়ে দিল চট্টগ্রাম সিটি করপোরেশন। আর এই শোভাযাত্রায় হাতে হাত ধরে অংশ নিয়েছে দুই বৈরী রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগ ও বিএনপির নেতারা। বিএনপির নেতা ও মেয়র মোহাম্মদ মন্জুর আলম যেমন ছিলেন সেই শোভাযাত্রায়, তেমনি ছিলেন আওয়ামী লীগের নেতা আ জ ম নাছির উদ্দিন। ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপির নেতা আবদুল্লাহ আল নোমান। রাজনীতির মাঠে বৈরী প্রতিপক্ষ হলেও এখানে তাঁরা যা বলেছেন তার সারমর্ম একই—‘বিশ্বকাপ আয়োজক হওয়াটা চট্টগ্রামবাসীর জন্য গৌরবের বিষয়। বন্দরনগরের ভাবমূর্তি রক্ষায় আমরা সবাই এক। এই আয়োজন সফলভাবে শেষ করাই এখন আমাদের বড় চ্যালেঞ্জ।’ মঙ্গলবারের শোভাযাত্রায় অংশ নিয়েছেন ভারতের ডেপুটি হাইকমিশনার সোমনাথ ঘোষও।এর আগে ‘ভেন্যু প্রাপ্তির আন্দোলন’ এ এককাতারে এসেছিলেন প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের নেতারা। মিছিল-সমাবেশে অংশ নিয়েছিলেন তখনকার মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। বিএনপির নেতা আবদুল্লাহ আল নোমানসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী নেতারাও সোচ্চার ছিলেন। শেষে নেতারা গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। সেদিন মহিউদ্দিন চৌধুরী ছাড়াও চট্টগ্রামের সব মন্ত্রী, সাংসদ এমনকি বিএনপির নেতারাও ছিলেন। এ ছাড়াও ছিলেন ক্রীড়াসংগঠকেরা। শোভাযাত্রায় অংশ নেওয়া নৌযানগুলোকে রংবেরঙের ব্যানার, ফেস্টুন দিয়ে সাজানো হয়। এমভি বার আউলিয়ায় স্থাপন করা হয় দুটি মঞ্চ। এর মধ্যে একটিতে উদ্বোধনী অনুষ্ঠান, অপরটিতে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তবে সবকিছু ছাপিয়ে আলোচনার তুঙ্গে ছিল রাজনীতিকদের ঐক্যের বিষয়টি। এ প্রসঙ্গে বিশ্বকাপ ভেন্যুর চেয়ারম্যান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সিরাজুদ্দীন মোহাম্মদ আলমগীর বলেন, ‘বিশ্বকাপ ভেন্যুর আন্দোলনে সামনে থেকে নেতৃত্বে ছিলেন রাজনীতিকেরা। বিভিন্ন সভা সমিতিতে তাঁদের উপস্থিতি সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করেছিল। বিশ্বকাপ ঘিরে এখনো সেই ঐক্য দেখা যাচ্ছে। এটা একটা ভালো দিক। নৌ-শোভাযাত্রার অনুষ্ঠানে সব দলের নেতারা চট্টগ্রামের স্বার্থের কথাই বলেছেন আগে। তিনি আরও বলেন, ‘ক্রীড়াঙ্গনে কোনো রাজনীতি নেই, দলাদলি নেই। ক্রিকেট পারে সব বৈরিতা দূর করতে। ভারত-পাকিস্তানের বৈরিতার বরফ গলিয়েছিল ক্রিকেটই। আশা করি, আমাদের ক্রিকেটও ভবিষ্যতে নানা বৈরিতা দূর করতে পারবে।’আ জ ম নাসির বলেন, ‘আমাদের মধ্যে রাজনৈতিক বিভেদ থাকতে পারে। তবে চট্টগ্রামের স্বার্থে আমরা সবাই এক মঞ্চে দাঁড়িয়েছি। এটা চট্টগ্রাম বারবার প্রমাণ করেছে।’চলছে ইংল্যান্ড বধের প্রস্তুতি১৯৯৯ সালে নিজেদের প্রথম বিশ্বকাপে ক্রিকেট পরাশক্তি পাকিস্তানকে হারিয়ে ক্রিকেটবিশ্বে হইচই ফেলে দিয়েছিল বাংলাদেশ। এটাই প্রথম কোনো বড় ক্রিকেটশক্তিকে পরাভূত করার ঘটনা। এরপর একে একে জিম্বাবুয়ে, ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ জয় করে টাইগারেরা। কিন্তু কোনোভাবেই যেন ইংল্যান্ডকে বাগে আনতে পারছিল না। বিশ্বকাপের টিকিট পাওয়ার এক যুগ অপেক্ষার পর গত বছরের ১০ জুলাই সফল হয় বাংলাদেশ। সব টেস্ট খেলুড়ে দেশের বিরুদ্ধে এক দিনের ম্যাচ জয়ের তৃপ্তি লাভ করে। সেই ইংল্যান্ডই এখন বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে পড়েছে। সেই ম্যাচটি হবে চট্টগ্রাম জহুর আহম্মদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে, ১১ মার্চ। কোয়ার্টার ফাইনালে যেতে হলে বাংলাদেশের জন্য এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে। কারণ বাংলাদেশের গ্রুপের অন্য দলগুলো হলো ভারত, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ড। শেষ দুই দলের চেয়ে স্বাগতিকেরা শক্তিতে অনেক এগিয়ে। তাই ইংল্যান্ডের মতো যেকোনো একটা বড় দলের বিপক্ষে জয় দরকার হবে। আর ইংলিশদের বিপক্ষে ম্যাচের জন্য অন্য রকম প্রস্তুতি নিতে বাংলাদেশ ক্রিকেট দল গত মঙ্গলবার চট্টগ্রাম এসেছে। চার দিন অনুশীলন শেষে আগামী শুক্রবার বিকেলে ঢাকায় ফিরবে দল। এখানে আসার উদ্দেশ্য চট্টগ্রাম ভেন্যুর ম্যাচ দুটিকে সামনে রেখে পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়া। দলের ব্যবস্থাপক তানজীব আহসানের কথায়ই তা স্পষ্ট। তিনি বলেন, চট্টগ্রামে একটি প্রস্তুতি ম্যাচসহ তিনটি ম্যাচ রয়েছে বাংলাদেশের। এ ম্যাচগুলোর আগে চট্টগ্রামের পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে এবং মাঠের সঙ্গে পরিচিতি বাড়াতে বাংলাদেশ দলের চট্টগ্রাম আসা। ১২ ফেব্রুয়ারি কানাডার বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি হবে। গ্রুপ পর্বের ম্যাচ দুটির আগে এটি টাইগারদের জন্য ভালো কাজ দেবে বলেও মনে করছেন তিনি। ইংল্যান্ড ছাড়াও এই মাঠে ১৪ মার্চ বাংলাদেশ গ্রুপ ম্যাচে মুখোমুখি হবে নেদারল্যান্ডের। তবে সময়ের বিবেচনায় তাদেরও শক্ত প্রতিপক্ষ মানতে হচ্ছে স্বাগতিকদের। কারণ ইংলিশদের বিপক্ষে জয়ের ঠিক ১০ দিন পর গত বছরের ২০ জুলাই ডাচদের কাছে ছয় উইকেটে হারে বাংলাদেশ। নেদারল্যান্ডের সঙ্গে এটিই ছিল বাংলাদেশের প্রথম ও শেষ এক দিনের ম্যাচ। তাই সে হিসেবে দলটির বিপক্ষে টাইগারদের সাফল্য শূন্য শতাংশ। অবশ্য জুলাইয়ের সেই ম্যাচটা বাংলাদেশের মতো টেস্ট খেলুড়ে দেশের জন্য অঘটন ধরে নিতে চাইবে সবাই। তাই নেদারল্যান্ডের সঙ্গে দ্বিতীয় মোকাবিলায় সেই প্রতিশোধ নেওয়ারও একটা সুযোগ আসবে চট্টগ্রামের মাটিতে। ক্রীড়ালেখক রণজিৎ বিশ্বাসের চোখে বিষয়টা এ রকম, ‘ক্রিকেট অনিশ্চয়তার খেলা। তবুও বলা যায় আমরা নেদারল্যান্ডকে হয়তো হারাব, তবে আমাদের মূল লড়াইটা হবে ইংল্যান্ডের বিপক্ষে। তাদের হারানোর সামর্থ্যও আমাদের রয়েছে।’ভিক্ষুকমুক্ত বিশ্বকাপকারও দুই পা নেই, কারও দুই হাত, আবার কেউ দৃষ্টিপ্রতিবন্ধী। বিশেষ কায়দায় বিয়ারিংয়ের চাকা দিয়ে তৈরি বাহন, হুইল চেয়ার কিংবা লাঠিতে ভর দিয়েই তাঁদের জীবনযাপন। এভাবেই রাস্তার মোড়ে ঘণ্টার পর ঘণ্টা বসে কিংবা দাঁড়িয়ে তাঁরা ভিক্ষা করেন। এ পেশায় তাঁদের অভিজ্ঞতা পাঁচ থেকে ৪০ বছর পর্যন্ত। আসন্ন বিশ্বকাপ সামনে রেখে আগামী মাস দুয়েক তাঁদের এ পেশা থেকে বিরত রাখার একটি উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন। অন্তত নগরের গুরুত্বপূর্ণ কয়েকটি স্পটে যাতে তাঁরা ভিক্ষাবৃত্তি না করেন, সেটা নিশ্চিত করতে গতকাল ভিক্ষুক সমাবেশের আয়োজন করে সিটি করপোরেশন। এরই অংশ হিসেবে অন্যান্য দিনের মতো গতকালও তাঁরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলেন। ভিক্ষাবৃত্তির জন্য নয়, তাঁদের গন্তব্য ছিল নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তন। সেখানে সিটি করপোরেশনের উদ্যোগে ভিক্ষুকদের এই সমাবেশ হয়। প্রায় ৩০০ ভিক্ষুক সেখানে উপস্থিত হন। শীতাতপ নিয়ন্ত্রিত মিলনায়তনে এই প্রথম তাঁদের বসার স্থান হলো। কেউ কেউ এতেই খুশিতে আটকানা। সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম তাঁদের অনুরোধ জানালেন, ‘দেশের স্বার্থ ও সুনামের কথা ভেবে আপনারা আগামী দুই মাস ভিক্ষাবৃত্তি বন্ধ রাখেন। এ জন্য আমরা আপনাদের ভাতা দেব। বিদেশিদের কাছে হাত পাতলে তাঁরা আমাদের দেশ সম্পর্কে খারাপ ধারণা নিয়ে যাবে।’ এতে কারও মুখ ভার হলো, পরিবারের ভরণপোষণের কথা ভেবে। কেউবা বিষয়টা উপলব্ধি করে মেয়রের কথার সঙ্গে একমত পোষণ করেন। সেখানে উপস্থিত প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে নূর মোহাম্মদ ও তোফাজ্জেল হোসেনও তাঁদের সহকর্মী ভিক্ষুকদের এই অনুরোধ জানানোর পাশাপাশি মেয়রকে ভাতা নির্ধারণের দাবি জানান। সমাজকল্যাণ সংস্থার ভাতা পেতেও তাঁদের অনেক হয়রানি পোহাতে হয়। মেয়র এসব নিরসনের প্রতিশ্রুতি দেন । জানা গেছে, প্রায় ৩০০ ভিক্ষুকের তালিকা করে সিটি করপোরেশন তাঁদের ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে। এতে সহযোগিতা করছে স্ট্যান্ডার্ড ব্যাংক। তবে তাঁদের কী পরিমাণ ভাতা দেওয়া হবে তা এখনো নির্ধারিত হয়নি। মিলনায়তনে যখন এই অনুষ্ঠান চলছিল তখন টিআইসি ঘিরে ভিক্ষুকদের জটলা তৈরি হয়। তাঁরা আসেন ভাতার আশায়। পাশাপাশি তাঁরা এটাও বোঝেন ও মানেন দুমাস ভিক্ষাবৃত্তি বন্ধ রাখা দরকার। আবদুল হাকিম নামে পঞ্চাশোর্ধ্ব এক ভিক্ষুক জানান, কথার সঙ্গে কাজের মিল থাকলে ভিক্ষা করার দরকার নেই। আমরা যে মানুষের কাছে হাত পাতি সেটা খুব একটা ভালো কাজ নয়। তারপরও পেটের দায়ে করি।’সেলিম নামের এক তরুণ বলেন, ‘ওরা কয়েকদিনের জন্য আমাদের দেশে আসবে। তাঁদের মেহমানদারি করা আমাদের দায়িত্ব। তবে আমাদের দিকটাও দেখতে হবে।’ সদিচ্ছা আছে। আছে পুনর্বাসনের উদ্যোগও। তবু সংশয় থেকে যায় বিশ্বকাপ উপলক্ষে নগর ভিক্ষুকমুক্ত হবে কি না!