বিশ্বকাপের স্মারক
স্যুভেনির বা স্মারক থেকে পাওয়া যায় কোনো দেশের সংস্কৃতি বা কোনো একটি সময় সম্পর্কে ধারণা। স্যুভেনির হতে পারে একটি মগ, চাবির রিং, স্টিকার, পোস্টার, টি-শার্ট, মুখোশ, শোপিস ইত্যাদি। একে তো বিশ্বকাপ ক্রিকেট খেলা, তার ওপর নিজ দেশের মাটিতে খেলা। এত বড় আয়োজন! এবারের ‘আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১১’ নিয়ে অনেক স্যুভেনির বা স্মারক প্রকাশিত হয়েছে। বাংলাদেশিরা তো বটেই, বিদেশিদের কাছেও এগুলো সমান আকর্ষণীয়।বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে বাংলাদেশ ব্যাংক রৌপ্যনির্মিত একটি স্মারক মুদ্রা ইস্যু বা অবমুক্ত করছে। কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জার্মানি থেকে মুদ্রিত এই মুদ্রার প্রতিটির বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে তিন হাজার টাকা। বিশ্বকাপ শুরুর আগেই কেন্দ্রীয় ব্যাংকের সব শাখা ও তফসিলি ব্যাংকগুলোয় এই স্মারক মুদ্রা পাওয়া যাবে। এর এক পিঠে ওপরে ‘আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ ২০১১’-এর লোগো এবং নিচে ‘আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ ২০১১’ লেখা থাকবে। আর অন্য পিঠে বিশ্বকাপ ক্রিকেটের ট্রফির ছবি, বাংলা ও ইংরেজিতে ‘বাংলাদেশ ব্যাংক’ ও ‘১০ টাকা’ মুদ্রিত থাকবে।ডাক বিভাগ এ উপলক্ষে ডাকটিকিট, উদ্বোধনী খাম বের করবে, যা দেশের প্রধান ডাকঘরে পাওয়া যাবে।ক্যাঙারু দেখলে যেমন চোখে ভেসে ওঠে অস্ট্রেলিয়া, তেমনি রয়েল বেঙ্গল টাইগার দেখলে বাংলাদেশ ও জাতীয় ক্রিকেট দল চোখে ভেসে ওঠে। তাই বাঘের মোটিফ ব্যবহার করে অনেক প্রতিষ্ঠান বের করেছে নানা রকম স্মারক। এর বেশির ভাগই টি-শার্ট।ফ্যাশন হাউস নিত্য উপহারের স্বত্বাধিকারী বাহার রহমান বলেন, ‘আমাদের গর্ব রয়েল বেঙ্গল টাইগার। বাঘ আমাদের জাতীয় ক্রিকেট দলের প্রতীক। কথায় আছে, বাঘা বাঙালি। এসব কারণে বাঘের মোটিফ নিয়ে কাজ করা। স্মারক হিসেবে আছে শাল, টি-শার্ট, ব্যান্ডেনা, পতাকা, বাঘের মুখোশসহ নানা কিছু। দাম পড়বে চাদর ৬৫০ টাকা, টি-শার্ট ১৫০ থেকে ১৫০০ টাকা, ব্যান্ডেনা ৬০ থেকে ৮০ টাকা।’রিচম্যানের পরিচালক ও ডিজাইনার নাইমুল হক খান জানালেন, সাধারত ভি-কাট বা গোল গলা টি-শার্টে বুকপকেট থাকে না। বিশ্বকাপ উপলক্ষে টি-শার্টে পকেট শোল্ডার ব্যবহার করে তাতে বিশ্বকাপের লোগো এমব্রয়ডারি ও স্ক্রিনপ্রিন্ট করে টি-শার্ট এনেছে রিচম্যান।সাদা-কালোর ডিজাইনার তাহসিনা শাহীন জানালেন, বিশ্বকাপ সামনে রেখে দেশি-বিদেশি পর্যটকদের জন্য সাদা-কালো তৈরি করেছে স্মারক। আছে ল্যাপটপ ব্যাগ, মগ, টি-শার্ট, চাবির রিং, বুক মার্ক ইত্যাদি।সবুজ, লাল ও সাদা—তিন রঙে বাংলার মেলা তৈরি করেছে টি-শার্ট, মগ, স্কার্ট, ব্যান্ডেনা, ফতুয়া, কুর্তা।রঙ এনেছে বিশ্বকাপের লোগো ও বাংলাদেশ লেখাসংবলিত মোটিফ নিয়ে টি-শার্ট, ফতুয়া। কুর্তায় স্ক্রিনপ্রিন্টের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ক্রিকেটের নানা কিছু। এ ছাড়া বাংলাদেশের নাম ও পতাকার রং লাল-সবুজকে টি-শার্টে উপস্থাপন করা হয়েছে।বিশ্বকাপ উপলক্ষে বিশেষ টি-শার্ট এনেছে ঢাকার আজিজ সুপার মার্কেটের স্বপ্নবাজ, মেঘ, নালন্দা, তারা মার্কা, আরশি বরণ, আইডিয়াস ইত্যাদি ফ্যাশন হাউস। দাম ১৫০ থেকে ৪০০ টাকা।বাজারে কয়েক ধরনের গানের সিডি বের হয়েছে। ‘জয় করবো বাংলাদেশ’, ‘জেগে ওঠো’ ছাড়াও আরও কিছু সিডি আসবে বলে বিক্রেতারা জানিয়েছেন।এ ছাড়া বিভিন্ন দেশের পতাকাসংবলিত রিস্ট ব্যান্ড পাওয়া যাবে। দাম ৫০ থেকে ১০০ টাকা। বিশ্বকাপের লোগোসংবলিত ব্যাগ পাওয়া যায় ১০০ থেকে ২০০ টাকার মধ্যে।