বন রক্ষা করা না গেলে হাতিসহ বিভিন্ন প্রাণী অচিরেই বিলুপ্ত হয়ে যাবে। অন্যদিকে উপকূলবাসীকেও দুর্যোগের হাত থেকে রক্ষা করা যাবে না। তাই বিশ্বকে বাঁচাতে হলে বন রক্ষা করুন। একই সঙ্গে বন্যপ্রাণীর সুরক্ষা করা আমাদের দায়িত্ব। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। বিভিন্ন উপজেলায় বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভায় বক্তারা এ অভিমত দেন।মহেশখালী: নানা কর্মসূচির মধ্য দিয়ে মহেশখালীতে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, কুইজ প্রতিযোগিতা, পরিবেশবান্ধব চুলা বিতরণ ও সেমিনার। গত মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন উপকূলীয় ফাউন্ডেশনের চেয়ারম্যান রশীদ আহমদ চৌধুরী।সেমিনারে আরও বক্তব্য দেন, পৌর মেয়র মকছুদ মিয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ কুমার বড়ুয়া, সহকারী বন সংরক্ষক এনামুল হক ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম আজিজুর রহমান, পরিবেশবিদ মাহমুদুল হক প্রমুখ। সেমিনার শেষে পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবেশ বিজ্ঞানী আনছারুল করিম, উপকূলীয় ফাউন্ডেশনের চেয়ারম্যান রশীদ আহমদ চৌধুরী, সোনাদিয়া পশ্চিমপাড়া গ্রাম সংরক্ষণ দল, লিডারশিপ ইউনিভার্সিটি কলেজকে পরিবেশ পদক দেওয়া হয়। এ ছাড়া এলাকার পাহাড় ও প্যারাবন নিধনসহ পরিবেশ নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করায় প্রথম আলোর মহেশখালী প্রতিনিধি রুহুল বয়ানকেও পরিবেশ পদক দেওয়া হয়। লোহাগাড়া: বন বাঁচায় আমাদের, আমরা বাঁচাব বনকে—এই স্লোগান সামনে রেখে লোহাগাড়া চুনতি অভয়ারণ্যে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস এবং জাতীয় বৃক্ষরোপণ আন্দোলন-২০১২। এ উপলক্ষে স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শোভাযাত্রা, বন ভ্রমণ এবং বিনা মূল্যে গাছের চারা বিতরণের আয়োজন করা হয়। ৫ জুন সকালে বাংলাদেশ বন বিভাগের উদ্যোগে আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সারা দিবা। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী। বক্তব্য দেন চুনতি অভয়ারণ্যের সহকারী বন সংরক্ষক মো. আনোয়ার হোসেন সরকার, জিআইজেড (জার্মান ডেভেলপমেন্ট কো-অপারেশন) কর্মকর্তা পঞ্চানন ঢালি, চুনতি অভয়ারণ্য সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি আমিন আহমদ খান প্রমুখ। বক্তারা চুনতি অভয়ারণ্যসহ অন্য বনগুলো রক্ষা করা না গেলে হাতিসহ বিভিন্ন প্রাণী অচিরেই বিলুপ্ত হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন। উল্লেখ্য, চুনতি অভয়ারণ্য ইতিমধ্যে জাতিসংঘের ইক্যুয়েটর পুরস্কার লাভ করেছে। ২০ জুন ব্রাজিলে এ পুরস্কার নেবে অভয়ারণ্যের সহ-ব্যবস্থাপনা কমিটি। অনুষ্ঠান শেষে পরিবেশিত হয় লোকসংগীত। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন আবদুল মান্নান।