বিশ্বজয়ী তারুণ্য
২০১৪ ছিল শিক্ষার্থীদের অর্জনের বছর। এ বছর শিক্ষার্থীরা বিশ্বসভায় নিজেদের আসন পাকা করতে শুরু করেছে। ফিরে দেখা যাক ২০১৪ সালের উল্লেখযোগ্য আটটি ঘটনা।

নাসায় রুবাব
বাংলাদেশের ছেলে রুবাব খান এখন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র নাসায়। সেখানে তিনি পোস্ট ডকটোরাল ফেলো হিসেবে কাজ ও গবেষণা করবেন মোট তিন বছর (আগস্ট ২০১৪-জুলাই ২০১৭)। এখন তাঁর দায়িত্ব ওয়াশিংটন ডিসিতে, নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে, যেখানে তিনি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ নিয়ে কাজ করছেন। জেমস ওয়েব টেলিস্কোপ হচ্ছে নাসার পরবর্তী প্রজন্মের মহাকাশ পরিদর্শক, যেটিকে ২০১৮-১৯ সালে মহাশূন্যে উৎক্ষেপণ করা হবে।
রুবাব দেশে বরাবরই বাংলা মাধ্যমের শিক্ষার্থী ছিলেন। ঢাকার উদয়ন স্কুল থেকে এসএসসি আর নটর ডেম কলেজ থেকে এইচএসসি পাশ করেন তিনি। যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটিতে বৃত্তিসহ অ্যাস্ট্রোফিজিকস (জ্যোতিপদার্থবিজ্ঞান) বিষয়ে পড়াশোনা করেছেন রুবাব। অতঃপর স্নাতকোত্তর পর্যায়ে ওহাইও স্টেট ইউনিভার্সিটির উন্নত গবেষণার মাধ্যমে নাসার দরজা খুলে যায় তাঁর জন্য।

বিশ্বসেরা হিমেল
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সদ্যসাবেক শিক্ষার্থী হিমেল দেব পেয়েছেন ২০১৪ সালের ‘কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি’ বিভাগে ‘দ্য আন্ডারগ্র্যাজুয়েট অ্যাওয়ার্ড’।
সারা বিশ্বের সব স্নাতকপড়ুয়া শিক্ষার্থীর গবেষণা আর সৃজনশীলতার সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচিত হয় আয়ারল্যান্ডের ‘দ্য আন্ডারগ্র্যাজুয়েট অ্যাওয়ার্ড’। এখানে এমআইটি থেকে শুরু করে স্ট্যানফোর্ড, হার্ভার্ড, প্রিন্সটনের মতো বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলোর নিয়মিত অংশগ্রহণ দেখা যায়। সেসব বিশ্বসেরা শিক্ষার্থীর ভিড়ে বাজিমাত করেন বাংলাদেশের গর্ব হিমেল দেব।
তাঁর গবেষণার বিষয় ছিল বাস্তবের সমাজব্যবস্থার মতো অনলাইন সামাজিক যোগাযোগের সাইটগুলোও কিছু ছোট গোষ্ঠীতে বিভক্ত, যার ইংরেজি ভাষ্যমতে (ইউজার ইন্টারেকশন বেসড কমিউনিটি ডিটেকশন ইন অনলাইন সে্যাশাল নেটওয়ার্কস)। তাঁর এই গবেষণার ফলাফল প্রথম প্রকাশিত হয় এশিয়া প্যাসিফিক অঞ্চলের বিখ্যাত ডেটাবেইস কনফারেন্স ‘ডাসফা’য়। পরবর্তী সময়ে বিশ্বের অন্যতম সেরা ডেটাবেইস কনফারেন্স ‘সিগমডে’ প্রকাশিত হয় আরও দুটি পোস্টার। এ ছাড়া ক্লাউড কম্পিউটিং ও ক্রাউডসোর্স সিস্টেমস নিয়ে করা তাঁর কাজগুলো প্রকাশিত হয়েছে সিগকাই, সুপার কম্পিউটিংসহ বিভিন্ন খ্যাতনামা কনফারেন্সে।
হিমেল গবেষণার স্বীকৃতিস্বরূপ পেয়েছেন ‘হাইডেলবার্গ লরিয়েট সম্মেলনে’ বিশ্বের ১০০ জন উদীয়মান কম্পিউটার বিজ্ঞান গবেষকদের তালিকায় থাকার সম্মান। আন্ডারগ্র্যাজুয়েট অ্যাওয়ার্ড সম্পর্কে বিস্তারিত তথ্য: undergraduateawards.com/winners-2014

তাজরিনের বিশ্বজয়
স্থাপত্যবিদ্যার শিক্ষার্থীদের জন্য আয়োজিত ‘বার্কলে প্রতিযোগিতা ২০১৪’–এ প্রথম স্থান লাভ করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যবিদ্যা বিভাগের শিক্ষার্থী তাজরিন ইসলাম৷ ‘ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া’র কলেজ অব এনভায়রনমেন্টাল ডিজাইন থেকে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। দুই হাজার ৫০০ শব্দের মূল রচনা আর চারটি আলোকচিত্র নিয়ে তাজরিন সাজিয়েছিলেন তাঁর প্রবন্ধ ‘অবাসযোগ্য শহর বনাম ভালোবাসার শহর’৷
বিশ্বের ৩১টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৩৯ জন স্থাপত্য বিষয়ের শিক্ষার্থী এতে অংশ নেন, যাঁদের মধ্যে ছিল যুক্তরাজ্যের কিংসটন ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্রের এমআইটি, নিউজার্সি ইনিস্টটিউট অব টেকনোলজি, টোকিও ইউনিভার্সিটি অব সায়েন্স, ন্যাশনাল ইনস্টিটিউট অব সিঙ্গাপুরসহ বিভিন্ন বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শেষ পর্যন্ত পাঁচ হাজার ডলারের (বাংলাদেশি টাকায় প্রায় পাঁচ লাখ টাকার) প্রথম পুরস্কারটি জেতেন বাংলাদেশের মেয়ে তাজরিন।

সেরাদের সঙ্গী ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দল ‘আইবিএ ভিত্তি’ গ্লোবাল সোশ্যাল এন্ট্রাপ্রেনিউরশিপ কম্পিটিশনে (জিসেক) রানারআপ হওয়ার বিরল সম্মান অর্জন করেছে এই বছরে। এই ভিত্তি দলের সদস্য ছিলেন আইমান আবসার, সাবিরা মেহেরিন ও পরাশর সাহা।
এমআইটি, অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলে, হংকং ইউনিভার্সিটি, এটেনেউ ডি ম্যানিলা ইউনিভার্সিটির মতো দলগুলোকে হারিয়ে ‘আইবিএ ভিত্তি’ জিতে নিয়েছে তাদের প্রকল্পে ১০ হাজার ডলারের (প্রায় আট লাখ টাকা) বিনিয়োগ।
২০১৪ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি, ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ফোস্টার বিজনেস স্কুলের উদ্যোগে জিসেকের এবারের আসর বসে সিয়াটলে। উৎসবের মূল আয়োজকদের মধ্যে ছিল মাইক্রোসফট, সিয়াটল রোটারি ও এনসিআইআই এ।

সার্ন–এ মেহেদী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মীর মেহেদী ফারুক ১৪ জুন–১৪ আগস্ট সার্ন–এ ইন্টারশিপ করে এলেন। ফ্রান্সে আর সুইজারল্যান্ড–দুই দেশের সীমান্তে অবস্থিত সার্ন পদার্থবিজ্ঞানের গবেষণার জন্য পৃথিবীর বৃহত্তম স্থান।
মেহেদীর প্রথম গবেষণাপত্র ছাপা হয় ইউরোপের বিখ্যাত ‘এলসেভিওর ফিজিকা’ জার্নালে, আর দ্বিতীয় গবেষণাপত্র ছাপা হয় ‘আমেরিকান ইনস্টিটিউট অব ফিজিকসে’। দুটি গবেষণাপত্রই ছিল লিকুইড মেটাল বা তরল ধাতু বিষয়ে। তাঁর গবেষণাকে গুরুত্ব দিয়ে তাঁকে শতভাগ স্কলারশিপ দিয়ে ইন্টারশিপ করার সুযোগ দেয় সার্ন।
সার্ন–এ ইন্টারশিপ করার সময় মেহেদী সিএমএস (কম্প্যাক্ট মিউওনসলিনয়েড) দলের সঙ্গে কাজ করেছেন হিগস-বোসন কণা নিয়ে। মেহেদীর সুপারভাইজার ছিলেন ইতালিয়ান গবেষক ড. আন্দ্রেয়া মাসারনি।

গণিতের গর্ব শফিউল্লাহ
ঢাকা কলেজের শিক্ষার্থী নুর মোহাম্মদ শফিউল্লাহ ৩ থেকে ১৩ জুলাই দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ৫৫তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) রৌপ্যপদক লাভ করেন।
নেদারল্যান্ডস, আর্জেন্টিনা, কলম্বিয়া ও দক্ষিণ আফ্রিকা মিলিয়ে মোট চারবার আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) দেশের প্রতিনিধিত্ব করেছেন শফিউল্লাহ। আগের দুই আইএমও থেকে দুটি ব্রোঞ্জপদক জয়ের গৌরব রয়েছে তঁার।
ছোটবেলা থেকেই গণিতের ভক্ত শফিউল্লাহ বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে তিনবার চ্যাম্পিয়ন ও তিনবার চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়নস হওয়ার গৌরব অর্জন করেছেন।

জাতিসংঘ যুব অধিবেশনে বাংলাদেশ
২ ও ৩ জুন নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত জাতিসংঘের ‘ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল ফোরাম অন ইয়ুথ ২০১৪’–এ অংশ নেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নাবিরা রহমান এবং বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী কাশফিয়া নেহরীন। তাঁরা দুজনই ‘ইউএন বাংলাদেশ’–এর মনোনয়নে জাতিসংঘে বাংলাদেশি তরুণদের প্রতিনিধিত্ব করেন। এ সম্মেলনে অংশ নিন শতাধিক দেশের যুব প্রতিনিধিরা।
দুই দিনের এই যুব সম্মেলনে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল ‘মাই ওয়ার্ল্ড ২০১৫’ শীর্ষক এক জরিপ উপস্থাপন। যে জরিপে বিশ্বের প্রায় ১৩ লাখ তরুণ অংশগ্রহণ করেন। জরিপে উঠে আসা সর্বাধিক গুরুত্বপ্রাপ্ত পাঁচটি বিষয় হচ্ছে: কর্মসংস্থান ও ব্যবসায় উদ্যোগ, শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন, শান্তি ও স্বেচ্ছাসেবা। এই জরিপের আলোকে ‘গ্লোবাল ইয়ুথ কল’ নামে একটি সনদ তৈরি হয়।

এমআইটি সেরা বাংলাদেশ
বিশ্বের অন্যতম সেরা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) থেকে স্বীকৃতি বয়ে আনল বাংলাদেশি শিক্ষার্থীরা৷ ভাষা আন্দোলনের মূলমন্ত্র হৃদয়ে ধারণ করে এমআইটি-পড়ুয়া বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘এমআইটি বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (এমআইটি বিএসএ)’ আয়োজন করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সফলভাবে এই অনুষ্ঠান আয়োজনের স্বীকৃতিস্বরূপ ১৩ মে এমআইটির অফিস অব মাল্টিকালচারাল প্রোগ্রাম এই সংগঠনের সদস্যদের হাতে তুলে দেয় ‘এক্সিলেন্স ইন প্রোগ্রামিং’ পুরস্কার।
এমআইটির মাল্টিকালচারাল প্রোগ্রামসের পরিচালক লা তারি জানান, স্টুডেন্ট প্রোগ্রামিংয়ে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার পেল বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (বিএসএ)। তাদের প্রশংসাপত্রে লেখা রয়েছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে বিএসএ লেগোব্রিক ব্যবহার করে একই সঙ্গে সাংস্কৃতিক সেতুবন্ধন রচনা ও সাংস্কৃতিক বাধা দূর করেছে।
গ্রন্থনা: দেবশ্রী ভৌমিক