বিশ্বজুড়ে বাংলাদেশের আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো এখন কাতার থেকেও প্রকাশিত হচ্ছে
প্রথম আলো এখন কাতার থেকেও প্রকাশিত হচ্ছে

‘বিশ্বজুড়ে বাংলা, বিশ্বজুড়ে প্রথম আলো’ স্লোগানটি নিয়ে দুই বছর আগে, ২০১২ সালের ৪ নভেম্বর প্রথম আলোর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা পাঠকের সামনে হাজির হয়েছিলাম। এই স্লোগান যখন আমরা পাঠকের সামনে তুলে ধরি, তখনো আমাদের ধারণা ছিল না, প্রথম আলো আসলে কত দূর যেতে পারে, কত বেশি পাঠকের কাছে পৌঁছাতে পারে, পৃথিবীর কোন প্রান্ত পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে।
দুই বছর ধরেই আমরা তার প্রমাণ পাচ্ছি। বিশেষ করে, গত সেপ্টেম্বর ও অক্টোবরে এমন দুটি ঘটনা ঘটেছে, যা প্রথম আলোকে নিয়ে গেছে আরও উচ্চতর এক পর্যায়ে।
এক. প্যারিসভিত্তিক প্রতিষ্ঠান ‘স্পার্ক নিউজ’-এর উদ্যোগে বিশ্বের ৪০টি দেশের ৪০টি বড় কাগজের সঙ্গে মিলে বিশ্বের ১০ কোটি পাঠকের কাছে পৌঁছে গেছে প্রথম আলোর নাম ও কৃতিত্ব।
দুই. কাতারের রাজধানী দোহা থেকে নিয়মিতভাবে প্রথম আলোর সাপ্তাহিক উপসাগরীয় সংস্করণ প্রকাশিত হচ্ছে। এর প্রথম সংখ্যা বের হয় গত ১৫ অক্টোবর। প্রথম আলোই বাংলাদেশের প্রথম সংবাদপত্র, যেটি বিদেশের মাটিতে ছাপা হয়ে বের হচ্ছে, বাংলাদেশের সংবাদপত্রের গৌরব ছড়িয়ে দিচ্ছে বহির্বিশ্বে।
গত ২০ সেপ্টেম্বর ‘স্পার্ক নিউজ’-এর প্রতিষ্ঠাতা ক্রিশ্চিয় দো বোহেদমের উদ্যোগে ইমপ্যাক্ট জার্নালিজম ডে উপলক্ষে বিশ্বের ৪০টি প্রধান কাগজ একযোগে একটি বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। তাঁরই বদান্যতায় লন্ডনের সানডে টাইমস, প্যারিসের লা মঁদ, টোকিওর আসাহি শিম্বুন–এর মতো প্রখ্যাত আরও নানা কাগজের সঙ্গে প্রথম আলো বিশ্বের ১০ কোটি পাঠকের কাছে ইতিবাচক উদ্যোগের কথা পৌঁছে দিয়েছে। তারা জেনেছে বাংলাদেশের মানুষ কতটা প্রেরণাময়। বিশ্বের বিভিন্ন দেশের ৪০টি পত্রিকায় ছাপা হয়েছে প্রথম আলোর নাম; প্রচারিত হয়েছে প্রথম আলোর লোগো। তার সঙ্গে পৌঁছে গেছে জনে জনে বই বিলিয়ে বেড়ানো একুশে পদকপ্রাপ্ত রাজশাহীর পলান সরকারের কাহিনি। পলান সরকারের জীবন এবং মানুষকে বই পড়ানোর জন্য তাঁর অভিনব উদ্যোগের গল্প প্রথম ছাপা হয় ২০০৭ সালে, প্রথম আলোর শনিবারের ক্রোড়পত্র ‘ছুটির দিনে’তে। পলান সরকার তাঁর এ কাজের স্বীকৃতি হিসেবে ২০১১ সালে পান একুশে পদক।

.
.


ফ্রান্সের রাজধানী প্যারিসের দিনব্যাপী আলোচনায় প্রথম আলোর সম্পাদক হিসেবে আমি ও পৃথিবীর জ্যেষ্ঠ সাংবাদিকেরা সিদ্ধান্ত নিই যে আগামী বছর নানা দেশের আরও নতুন ১০টিসহ ৫০টি পত্রিকা বিশ্বের পাঠকের সামনে তুলে ধরবে পৃথিবীর নানা প্রান্তের নানা দেশের মানুষের ইতিবাচক এবং অনুকরণীয় সাফল্যের গল্প—স্থানীয় সংকটের সমাধানে তাদের এগিয়ে যাওয়ার কাহিনি। এর মাধ্যমে কোটি কোটি মানুষকে একসঙ্গে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হবে। এভাবে আমরা সবাই মিলে ইতিবাচক সাংবাদিকতার মধ্য দিয়ে বিশ্ববাসীকে জানাব, সমাজ ও রাষ্ট্রের বহু উন্নয়ন তাঁরা নিজেরাই কীভাবে ঘটিয়ে ফেলতে পারেন।
এ অনুষ্ঠানের পর ফ্রান্সের লা হারভে শহরে একটি বড় উন্মুক্ত আলোচনায় দুটি প্রশ্নের জবাবে প্রথম আলোর পক্ষ থেকে বলেছিলাম, বাংলাদেশে আমরা সাংবাদিকতার ইতিবাচক ধারায় রয়েছি, আমাদের এ কাজ অব্যাহত থাকবে। সেদিন সন্ধ্যায় হলভরা দর্শক-শ্রোতা বাংলাদেশ ও প্রথম আলোর কথা শুনে উচ্ছ্বসিত হয়েছেন।
প্যারিসের এ সাফল্যের কয়েক দিন পরই কাতারের দোহা থেকে মুদ্রিত হয়ে প্রতি বৃহস্পতিবার নিয়মিত প্রকাশিত হতে শুরু করল প্রথম আলোর সাপ্তাহিক উপসাগরীয় সংস্করণ। শুধু কাতার নয়, প্রথম সংখ্যা থেকেই এটি চলে যাচ্ছে বাহরাইনের বাঙালি পাঠকদের হাতেও। আমরা আশা করছি, খুব দ্রুতই ওমান ও সংযুক্ত আরব আমিরাতেও আমরা পত্রিকাটি পৌঁছে দিতে পারব। এত দিন প্রথম আলো সারা বিশ্বের বাঙালিদের কাছে পৌঁছাত শুধু অনলাইনের মাধ্যমে। এখন শুরু হলো বিশ্বপরিমণ্ডলে ছাপা প্রথম আলোর অভিযাত্রা।
গত ১৫ অক্টোবর প্রথম আলোর সাপ্তাহিক উপসাগরীয় সংস্করণের প্রকাশনা উৎসবে কাতারের প্রখ্যাত প্রকাশনা সংস্থা দার আল শার্ক কার্যালয়ে এসেছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মাসুদ মাহমুদ খন্দকার। তিনি বলেন, কাতারে প্রথম আলো ফুলের সৌরভ নিয়ে এসেছে। আমাদের সবাই মিলে এই ফুলটিকে রক্ষা করতে হবে।
কাতারের রাজধানী দোহায় ইতিহাসবিদ, ব্যবসায়ী, ব্যাংকার, শিক্ষক, ছাত্র, সবজি বিক্রেতাসহ সব বাঙালি প্রথম আলোর এ প্রকাশনার খবরে দারুণ উচ্ছ্বসিত। তাঁদের অনেকেই এখন মুদ্রিত প্রথম আলো পড়ছেন।
ভাবতে ভালো লাগে, বিশ্বের ২১০টির অধিক দেশ ও অঞ্চলের লাখ লাখ বাঙালি পাঠকের কাছে পৌঁছে গেছে আমাদের প্রথম আলো। এই পত্রিকার মধ্য দিয়ে তাঁরা সুখ-দুঃখ-আনন্দ-বেদনা-ভালোবাসায় যুক্ত হয়ে থাকছেন বাংলাদেশের সঙ্গে।
এ প্রসঙ্গে একটি তথ্য পাঠকদের জানাতে চাই, প্রথম আলো এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বাংলা ওয়েবপোর্টাল। আমরা জানি, প্রতিবেশী দেশ ভারতের বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকার মুদ্রণসংখ্যা আমাদের পত্রিকার প্রায় দ্বিগুণ। কিন্তু পাঠকের সঙ্গে সম্পৃক্ততা, পাঠকপ্রিয়তা ও সামগ্রিক পাঠকসংখ্যার দিক থেকে বিশ্বব্যাপী আমরা তাদের চেয়ে অনেক বেশি এগিয়ে রয়েছি। এই স্বীকৃতি, এই সফলতার উৎস আমাদের পাঠকেরা। তাঁরাই আমাদের দারুণ উৎসাহিত করছেন।
সংবাদপত্রের দায়িত্ব বস্তুনিষ্ঠ ও দলনিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। এর পাশাপাশি দেশের মানুষের ইতিবাচক উদ্যোগ ও সফলতা সবার কাছে তুলে ধরা। কেননা, বাংলাদেশের এগিয়ে যাওয়ার প্রধান কারণ এ দেশের মানুষের অমিত প্রাণশক্তি। তাই আমরা বারবার বলি, স্বাধীনতার ৪৩ বছরে বাংলাদেশ অনেক এগিয়েছে, অনেক সফলতা পেয়েছে। আরও বলি, পথ হারাবে না বাংলাদেশ। একইভাবে সাহস করে বলি, আগামী পৃথিবীটা আমাদের হবে। এই শক্তি ও লক্ষ্য থেকেই প্রথম আলোর যাত্রা শুরু হয়েছিল। সে লক্ষ্য থেকে আমরা সরে যাব না।
মতিউর রহমান: সম্পাদক, প্রথম আলো