বিশ্বজুড়ে ফ্যাশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিনীতি চোপড়া ও সানিয়া মির্জা
পরিনীতি চোপড়া ও সানিয়া মির্জা

টেনিসের বাইরে
গেল সপ্তাহে ভারতের হায়দরাবাদে টেনিস তারকা সানিয়া মির্জার আত্মজীবনীমূলক বই এইস এগেইনস্ট অডস-এর মোড়ক উন্মোচন হয়ে গেল। সেখানে এই টেনিস তারকা পরেছিলেন চাপা সাদা ও সোনালি রঙের মিশেলে মেঝে-ছোঁয়া একটি কামিজ, সঙ্গে ভারী ওড়না। গলা ও হাতায় রঙিন সুতার ঐতিহ্যবাহী কাজ পোশাকটিতে এনে দিয়েছে আভিজাত্য। কানে ছিল সোনালি রঙের বড় দুল। অনুষ্ঠানের পরদিন দিল্লিতে এই বই প্রকাশ উপলক্ষে আরেকটি মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। সেখানে সানিয়ার পরনে ছিল কালো ও জলপাই রঙের একটি ফিউশন ঘরানার শর্ট ড্রেস।

.
.

একই অনুষ্ঠানে বলিউড তারকা পরিনীতি চোপড়া হাজির হয়েছিলেন সাদা একটি শর্ট গাউনে। পাতা প্রিন্টের এই পোশাকটির ডিজাইনার গৌরি ও নাইনিকা। পোশাকের রঙের বিপরীতে পরিনীতি পরেছিলেন কমলা রঙের পেনসিল হিল। আর ঠোঁটেও ছিল হালকা কমলা রঙের লিপস্টিক। নো মেকআপ লুকে চুলটা ব্লো ড্রাই করে ছেড়ে রেখেছিলেন। অবশ্য সেই অনুষ্ঠানে পরিনীতির স্টাইলিংয়ের পুরো কৃতিত্ব তারকা স্টাইলিস্ট সানজানা বাটরার।

প্রিয়াঙ্কা চোপড়া
প্রিয়াঙ্কা চোপড়া

গ্রীষ্মে নজরকাড়া
মার্কিন টিভি সিরিয়াল ‘কোয়ান্টিকো সিজন টু’-এর শুটিং সেটে প্রিয়াঙ্কা চোপড়া ধরা পড়েন দারুণ ফ্যাশনেবল এক পোশাকে। বোতাম ছাড়া কোট আর গোড়ালির ওপর প্যান্টে পিসিকে মানিয়েছেও দারুণ। এবারের গ্রীষ্মে সেমি ফরমাল হিসেবে এমন পোশাকের চল জনপ্রিয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রিটা ওরা
রিটা ওরা

ঝলমলে রিটা
ব্রিটিশ গায়িকা রিটা ওরার রুপালি রঙের এই পোশাকটির পরিচয় ‘চেইন মেইল ড্রেস’ হিসেবে। এটিই ফ্যাশন জগতে এখন তোলপাড় করে দিচ্ছে। খাটো এই পোশাকের সঙ্গে একই রঙের হাইহিল পরেছিলেন তিনি। রোদের আলোয় এই পোশাক যেন আরও ঝিলমিল করছিল। সঙ্গে নখে টকটকে লাল রঙের নেইলপলিশও মানিয়েছিল বেশ। 

আয়ুষ্মান খুড়ানা
আয়ুষ্মান খুড়ানা

জ্যাকেটে ফিটফাট
শুধু অন্য রকম একটি জ্যাকেট পরেই স্টাইলে নতুন মাত্রা যোগ করলেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুড়ানা। সম্প্রতি তিনি ধবধবে সাদা প্যান্ট আর গেঞ্জির সঙ্গে খয়েরি রঙের একটি আইমান জ্যাকেট গায়ে চাপিয়ে হাজির হয়েছিলেন এক অনুষ্ঠানে। পায়ে ছিল সাধারণ এক জোড়া সাদা কেডস। কিন্তু ভিন্ন রকমের নকশা করা সেই জ্যাকেটেই তাঁর উপস্থিতি হয়ে উঠেছিল অসাধারণ।
গ্রন্থনা: নাদিয়া মাহমুদ

সূত্র: ডেইলি মেইল, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, পিঙ্কভিলা