বিশ্বজুড়ে ফ্যাশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাঙ্গেলা ম্যার্কেল,থেরেসা মে,হিলারি ক্লিনটন
অ্যাঙ্গেলা ম্যার্কেল,থেরেসা মে,হিলারি ক্লিনটন

সময় বিপ্লবী লালের

বিশ্ব ফ্যাশনে একেক সময় একেক রং রাজত্ব করে। এই তো কদিন আগেও জনপ্রিয় ছিল গোলাপি রং। নানান শেডের গোলাপি পোশাক মাতাচ্ছিল ফ্যাশনদুনিয়া। এখন যেন সময় এসেছে বিপ্লবী লালের। বিশ্বনেতারা যেন সেই পূর্বাভাসই দিচ্ছেন। জি-২০ সম্মেলনে লাল পোশাকেই বিশ্বনেতাদের মাঝে জ্বলজ্বল করছিলেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। একইভাবে মার্কিন প্রেসিডন্টে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম দেখা করতে গিয়ে লালই পরেছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে। নির্বাচনী প্রচারণার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটনও পরেছিলেন নিনা ম্যাকলিমোরের লাল জ্যাকেট। সব মিলিয়ে ফ্যাশন বিশ্লেষকেরা বলতেই পারেন, বিশ্বনেতাদের হাত ধরেই এবার রাজত্ব শুরু হবে লাল বিপ্লব। সূত্র: গার্ডিয়ান

গ্যালারিতেও সেরা বেকহাম

মাঠে চলছে উইম্বলডন চ্যাম্পিয়নশিপ আর গ্যালারিতে ফ্যাশন চ্যাম্পিয়নশিপ। টেনিস উপভোগ করতে যাঁরা এসেছেন, তাঁদের মধ্য থেকেও বেছে নেওয়া হয়েছে সেরা পোশাকের তারকা। সেই তালিকায় এক নম্বরে রয়েছেন ডেভিড বেকহাম। সাধারণভাবেই গ্যালারিতে মায়ের সঙ্গে কথা বলছিলেন তিনি। তখনই হলেন ক্যামেরাবন্দী। রালফ লরেনের পোলো স্যুট, চুলে ম্যানবান আর হাতে উঁকি দেওয়া ট্যাটুর বাইরে সবাইকে মুগ্ধ করতে এই ইংলিশ ফুটবলারের আর কী লাগে? সূত্র: ইয়াহুস্টাইল

লিপস্টিকের সঙ্গে মিলিয়ে

স্ট্রিট স্টাইল শিখতে হলে মার্কিন সুপার মডেল গিগি হাদিদের কাছেই যাওয়া উচিত। ছোট ছোট কিছু বিষয় বদলে দিতে পারে পুরো লুকটাই। এবার লিপস্টিক প্রধান করে নিজের স্টাইল স্টেটমেন্ট দেখালেন গিগি। ঠোঁটে গাঢ় লালের লিপস্টিক, তার সঙ্গে মিলিয়ে টপ আর লাল জুতা। ফ্যাশন বোদ্ধাদের মনে হয়েছে, নিজের লাল লিপস্টিকের জন্যই বোধ হয় এমন পোশাক বেছে নিয়েছিলেন গিগি। পুরো পোশাকের মধ্যে যোগাযোগ ধরে রেখেছিল ডেনিম প্যান্ট ও কটি। পারফেক্ট স্ট্রিট স্টাইল। সূত্র: ইয়াহুস্টাইল

প্রিন্সেস আলিয়া

নিজস্ব স্টাইল স্টেটমেন্ট সব সময় ‘হাইওয়ে’ নায়িকাকে এনে দিয়েছে ভিন্নতা। আইফা অ্যাওয়ার্ডেও নিজের সৌন্দর্য তুলে ধরতে বিন্দুমাত্র ভুল করেননি বদরিনাথের এই দুলহান। কালো গাউনে আইফার সবুজ কার্পেটে তুলে ধরেছেন নিজের রূপ। কালো শিমারি গাউনের সঙ্গে ঝুঁটি করা চুল। গয়না ছাড়াই তাকে লাগছিল যেন রূপকথার রাজকন্যা আলিয়া ভাট। অমি প্যাটেলের ডিজাইন করা জহির মুরাদ কালেকশনের বল গাউনের সঙ্গে গাঢ় করে আঁকা আইব্রো, গোলাপি ঠোঁট আর ফুটিয়ে তোলা চোখেই এক্কেবারে প্রিন্সেস আলিয়া। সূত্র: বলিউড লাইফ

গ্রন্থনা: শর্মিলা সিনড্রেলা