বিশ্বজুড়ে ফ্যাশন

সবুজাভ দীপিকা
এবারের কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন হাজির হয়েছিলেন ম্যাক্সওয়েলের ওয়ান সাইড স্লিভ গাউনে। এ বছরের রং প্যান্টোনি সবুজেরই একটি শেড ছিল সেই পোশাকে। প্যারিসের বিখ্যাত ল’রিয়েলের পণ্যদূত হয়ে তিনি হাজির হয়েছিলেন সেখানে। সূত্র: ভোগ

সুশান্ত ও কেন্ডেলের জোড়!
ভোগ ইন্ডিয়ার সংগ্রাহক সংস্করণে বলিউড এবং হলিউডকে দেখা গেল এক ফ্রেমে। বলছিলাম সুশান্ত রাজপুত আর কেন্ডেল জেনারের কথা। রাজস্থানের জয়পুরে হয়েছিল এই ফটোশুট। ছবি তুলেছিলেন বিশ্ববিখ্যাত ফ্যাশন ফটোগ্রাফার মারিও টেস্টিনো। সূত্র: ভোগ

না মানে না
একটি সিনেমা হিট হওয়া মানেই নামীদামি ফ্যাশন ও প্রসাধন নির্মাতা প্রতিষ্ঠানের বিলবোর্ডে উঠে আসা। তারকাদের জন্য এটি নিত্যনৈমিত্তিক ঘটনা। সেখানে একের পর এক প্রস্তাব ফিরিয়ে দিয়ে বারবার খবরে উঠে আসছেন বাহুবলীখ্যাত তারকা প্রভাস। সম্প্রতি প্রায় ১৮ কোটি রুপি পারিশ্রমিকে একটি ফেয়ারনেস ক্রিমের পণ্যদূত হওয়ার আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন তিনি। কারণ? তিনি বিশ্বাস করেন সৌন্দর্য মানেই ফরসা হওয়া নয়। সূত্র: কোইমোই ডটকম

কানে হলো দেখা
একই ফ্রেমে রিয়ানা ও ঐশ্বরিয়া। ফ্যাশনের খোঁজখবর যাঁরা রাখেন, তাঁদের জন্য এটাই সম্ভবত যথেষ্ট। রিয়ানা তাঁর শাল গোছাচ্ছিলেন, আর ঐশ্বরিয়া শেষবার নিজের মিখাইল সিনকোর গাউন দেখে নিচ্ছিলেন। তখনই ধাক্কা। তা-ও রিয়ানার সঙ্গে। দুজন মিলে ক্যামেরার সামনে হেসে সমঝোতা করলেন, আর সেই খবর চাউর হয়ে গেল ফ্যাশনপ্রেমীদের মুখে মুখে।
সূত্র: ইন্ডিয়া ডটকম