বিশ্বজুড়ে ফ্যাশন

আহা! স্টিলেটো!
স্পাইস গার্লস, বেক হ্যাম পত্নী কিংবা শুধুই ব্রিটিশ ফ্যাশন ব্র্যান্ড ভিক্টোরিয়া সিক্রেটের সর্বেসর্বা, যেভাবেই ভিক্টোরিয়া বেক হ্যামকে আপনি চেনেন না কেন, হিল ছাড়া তাঁকে কল্পনা করা কঠিন। ভিক্টোরিয়ার স্টাইলের অন্যতম হলো ছয় ইঞ্চি উঁচু হিল বা স্টিলেটো। সেই তিনিই কদিন আগে বললেন, নাহ্, হিল নিয়ে আর পারা যাচ্ছে না! বছর পাঁচেক আগে তাঁকে ডাক্তার বলেছিলেন হিল পরা কমাতে। এত দিন পরে পায়ের সমস্যায় নাজেহাল হয়ে তিনি ডাক্তারের বাধ্য রোগী হলেন। হিলের বদলে বেছে নিয়েছেন অ্যাডিডাসের স্নিকার সু। তবে সেখানেও নিজের পছন্দে করে নিচ্ছেন নকশা। আর এতেও বেশ বোঝা যাচ্ছে, জুতো নয়, ব্যক্তিত্ব আর ফ্যাশন বহন করার ক্ষমতার কারণেই তিনি সবার সেরা। সূত্র: ফ্যাশন উইক ডেইলি

কেন্ডালের চমক
বয়স তাঁর মাত্র ২০। এরই মধ্যে তাঁর মোমের মূর্তি বসানো হয়েছে লন্ডনের মাদাম তুসোর জাদুঘরে। সুপার মডেল কেন্ডাল জেনারের জয়জয়কার চলছে শুধু তাঁর সৌন্দর্যের জন্য নয়, বরং সৌন্দর্য ফুটিয়ে তোলার নিত্যনতুন কৌশলের জন্যও। হয়ে যাওয়া মিলান ফ্যাশন উইকে দেখা গেল তাঁকে চোখের নতুন সাজে। কালো শেডের চারপাশে হলুদ, সবুজ, ম্যাজেন্টা আর টার্কিশ শেডের বর্ণিল নকশায়। সূত্র: হলিউড লাইফ

বল্লিটুন!
বলিউডে ফিরে এসেছে কার্টুন। যাকে ডাকা হচ্ছে ‘বল্লিটুন ফ্যাশন’। নব্বইয়েই দশকের সেই লুনি টুন কার্টুন চরিত্রগুলো আবার সেঁটে যাচ্ছে তারকাদের পোশাকে। সম্প্রতি ক্যাটরিনা কাইফকে দেখা গেছে পাওয়ার পাফ গার্লসের ফুলহাতা টি-শার্ট পরে ঘুরতে। কাপুর সাম্রাজ্যের রণবীর বেছে নিয়েছেন পোকেমন অ্যাশের অনুকরণে পোশাক। মিষ্টি মেয়ে পরিণীতি আর সোনম, দুজনেরই পছন্দ মিকি মাউস। অন্যদিকে রণবীর সিং বেছে নিয়েছেন সুপার মারিওর পোশাক। ভারতীয় ফ্যাশন সাময়িকীগুলোর আন্দাজ, কার্টুনের চরিত্রগুলো দিয়েই হয়তো নিজেদের সম্পর্কে হালকা জানান দিতে চাইছেন তাঁরা। সূত্র: বলিউড লাইফ

ভাইয়ের হাত ধরে
এই সময়ের পশ্চিমা পপ পছন্দ করেন অথচ জাস্টিন বিবারের নাম শোনেননি এমন সংগীতপ্রেমী বোধ হয় পুরো বিশ্বে খুঁজে পাওয়া কঠিন হবে। কখনো সেলেনা গোমেজকে নিয়ে বিতর্ক কিংবা নারী ও আচরণঘটিত ব্যাপারে তিনি সব সময়ই আলোচনায় রয়েছেন। এটা কি জানেন, তিনি একজন ফ্যাশনসচেতন বড় ভাইও? ১৫ ফেব্রুয়ারি হয়ে যাওয়া ৫৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডে তিনি রেড কার্পেটে এসেছিলেন ছোট ভাই জ্যাক্সন বিবারের হাত ধরে। জ্যাক্সন তাঁর সঙ্গেই মিলিয়ে পরেছিলেন সাদাকালোর কেতাদুরস্ত সান্ধ্যকালীন স্যুট, গলায় কালো বো টাই। কিছুদিন হলো জ্যাক্সনের সঙ্গে মিলিয়ে একই রঙের সোনালি চুলও করিয়েছেন তিনি। সূত্র: ডেইলি মেইল