বিশ্বজুড়ে শোয়েবের বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুয়েত গ্র্যান্ড ফটো কনটেস্ট ২০১৬–এ গ্র্যান্ড হিরো বি​ভাগে প্রথম রানারআপ হয় শোয়েব ফারুকীর তোলা এই ছবি। গত এপ্রিলে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা
কুয়েত গ্র্যান্ড ফটো কনটেস্ট ২০১৬–এ গ্র্যান্ড হিরো বি​ভাগে প্রথম রানারআপ হয় শোয়েব ফারুকীর তোলা এই ছবি। গত এপ্রিলে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা

স্যাঁতসেঁতে একটা কক্ষ। খাঁচার মতো। একজন মানুষ সেখানে শুয়ে আছেন। তাঁর পা দুটো কাঠের বেড়ি দিয়ে আটকানো। নড়াচড়ার কোনো সুযোগ নেই। এই অমানবিক বন্দিত্ব থেকে মুক্তির প্রত্যাশায় লোকটা চিৎকার করছেন। এটি একটি সাদাকালো স্থির ছবির দৃশ্য। চট্টগ্রাম শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে চন্দনাইশ উপজেলায় একটি মানসিক হাসপাতালের এই দৃশ্য ধারণ করেছিলেন আলোকচিত্রী শোয়েব ফারুকী।
এই ছবি তোলা কিংবা পরিস্ফুটনের সময়ও তিনি ভাবতে পারেননি কী তুলেছেন। কল্পনা করেননি সারা বিশ্বে তোলপাড় তুলবে এটি। আন্তর্জাতিক খ্যাতি এনে দেবে তাঁকে। ২০০৫ সালে শোয়েব ফারুকী এই ছবিটির জন্য পেয়েছিলেন আলোকচিত্র সাংবাদিকতায় বিশ্বের সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন ওয়ার্ল্ড প্রেস ফটো প্রতিযোগিতার দ্বিতীয় পুরস্কার। শুধু এই পুরস্কারটি নয়, দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে সমসাময়িক ঘটনা, প্রকৃতি, উৎসব, ঐতিহ্য, সংস্কৃতি, মানুষের জীবন-সংগ্রামের ছবি তুলে এ পর্যন্ত শ খানেক আন্তর্জাতিক পুরস্কার ঘরে তুলে এনেছেন তিনি। এর সঙ্গে দেশের নানা পুরস্কার যোগ করলে পাল্লা ভারী হবে কয়েক গুণ।
গত এপ্রিলেই ঘুরে এসেছেন মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত থেকে। সেখান থেকে নিয়ে এলেন কুয়েত গ্র্যান্ড ফটো কনটেস্ট–এর ফার্স্ট রানারআপ পুরস্কার। কুয়েতের রেডিসন ব্লু হোটেলের আল ফিসাম বলরুমের জমজমাট অনুষ্ঠানে তিনি যখন পুরস্কার নিচ্ছিলেন তখন জানতেন না তাঁর জন্য আরও একটি সুখবর অপেক্ষা করছে। সেটি হলো ফুড ফটোগ্রাফার অব দ্য ইয়ার প্রতিযোগিতায় ফুড ফর সেলিব্রেশন বিভাগে প্রথম পুরস্কার এবং ফুড ফর ফ্যামিলি বিভাগে প্রথম সম্মান পুরস্কার পেয়েছেন তিনি। এ নিয়ে গত দুই মাসেই জিতলেন পাঁচটি আন্তর্জাতিক পুরস্কার।

আলোকচিত্রশিল্পী শোয়েব ফারুকী
আলোকচিত্রশিল্পী শোয়েব ফারুকী

তবে চট্টগ্রামের কৃতী এই আলোকচিত্রীর ফটোগ্রাফির শুরু হয়েছিল একটি ধার করা ক্যামেরা নিয়ে। গত বৃহস্পতিবার প্রথম আলো চট্টগ্রাম কার্যালয়ে তাঁর সঙ্গে ঘণ্টা খানেকের আড্ডায় উঠে আসে নানা প্রসঙ্গ। ক্যামেরা হাতে পথচলার শুরুর সেই দিনগুলোর কথাও বাদ গেল না। শোনা যাক তঁার মুখ থেকেই, ‘আশির দশকের গোড়ার দিকে হাতে-কলমে ছবি তোলা শুরু করি ধার করা ক্যামেরা দিয়ে। আমার দুলাভাই আহমদ ইসলামের কাছ থেকে চেয়ে নেওয়া একটা মিনোল্টা হাইমেটিক নাইন রেঞ্জ ফাইন্ডার ক্যামেরা দিয়ে বিস্তর ছবি তুলে তখন হাত পাকিয়েছি। তার আগে বন্ধুদের কাছ থেকে ধার নেওয়া একটি অলিম্পাস সেভেন্টি-টু এক্সপোজার ক্যামেরা এবং একটি ইয়াসিকা জি এস এন ক্যামেরা দিয়েও মাঝে মাঝে কিছু ছবি তুলেছি।’
শোয়েব ফারুকীর আছে কঠোর শ্রমের অতীত। দীর্ঘ পথ চলেছেন একাকী। নিজেকে তিনি একজন ‘সেল্ফ মেড ম্যান’ হিসেবেই পরিচয় করিয়ে দিতে ভালোবাসেন। যা করেছেন সব নিজে নিজে দেখে, ভুল থেকে শিখে শিখে। নিজের কল্পনা, স্বপ্ন, উদ্ভাবনী শক্তি আর সৃজনক্ষমতাকে কাজে লাগিয়ে এসেছেন এত দূর।
১৯৬০ সালে পটিয়ায় জন্ম শোয়েব ফারুকীর। ১৯৮২ সালে বিজ্ঞানে স্নাতক পাস করার পর থেকেই ফটোগ্রাফি শুরু করেন। তবে পেশাদার আলোকচিত্রী হিসেবে কাজ শুরু করেন ৯০ দশকের শুরু থেকে। সেই সময় মোরতজা তওফিকুল ইসলাম, মৃণাল সরকার, অধ্যাপক ইয়ার মোহাম্মদসহ কিছু প্রবীণ আলোকচিত্রীর সাহচর্য পেয়েছেন। নিউমার্কেটের স্টুডিও ‘ফটোরামা’য় জমজমাট আড্ডা বসতো তাঁদের। আড্ডার মূল বিষয় ছিল ফটোগ্রাফি।
ফটোগ্রাফির শিক্ষক-প্রশিক্ষক, সংগঠক হিসেবেও শোয়েব ফারুকী সফল। স্থানীয় আলোকচিত্রীদের কাজ বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে ২০০২-এ তিনি প্রতিষ্ঠা করেন প্রথম স্টক ফটো এজেন্সি ‘ফটোব্যাংক গ্যালারি’। এরপর ২০০৫ আলোকচিত্র শেখানোর জন্য তিনি প্রতিষ্ঠা করেন ফটো আর্ট ইনস্টিটিউট। পরে এ-প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ পাওয়া আলোকচিত্রীদের নিয়ে গঠন করেন ফটো আর্টিস্ট ক্লাব।

২০০৫ সালে ওয়ার্ল্ড প্রেস ফটো প্রতিযোগিতায় দ্বিতীয় পুরস্ক​ার জিতে নেয় সাদাকালো এই ছবিটি
২০০৫ সালে ওয়ার্ল্ড প্রেস ফটো প্রতিযোগিতায় দ্বিতীয় পুরস্ক​ার জিতে নেয় সাদাকালো এই ছবিটি


শোয়েব ফারুকীর বাবা রাজনীতিবিদ মিয়া আবু মোহাম্মদ ফারুকী। তাঁরও শখ ছিল ফটো তোলা। শোয়েব বলেন, ‘আমার বাবার তোলা অ্যালবামে রাখা ছবিগুলো আমাকে খুব টানত। আলোকচিত্রশিল্পী হওয়ার ইচ্ছেটা সেখান থেকেই এসেছে।’
পেশাদার আলোকচিত্রী হিসেবে কাজ শুরু করার আগে একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। দিনভর চাকরির পাশাপাশি ছবি তুলতেন। বেতনের টাকার সিংহভাগ খরচ করতেন এর পেছনে। শুরুতে নানা প্রতিকূলতার মুখোমুখিও হয়েছেন। এমন অভিজ্ঞতা হয়েছে যে, তিনি একজনের কাছ থেকে ধার করে ক্যামেরা এনেছেন। সেই ক্যামেরা আরেকজন নিয়ে আর ফেরত দেননি। নানা প্রতিকূলতার মধ্যেও ক্যামেরা হাত থেকে নামাননি কখনো। শেষমেশ ফটোগ্রাফিকেই পেশা হিসেবে নেন। নব্বই দশকে জাতীয় পর্যায়ের পাশাপাশি আন্তর্জাতিক নানা প্রতিযোগিতায় ছবি পাঠাতে থাকেন। আর পেতে থাকেন একের পর এক পুরস্কার। এখন আলোকচিত্রই তাঁর প্রকাশের ভাষা। এমনকি নিশ্বাস-প্রশ্বাস বললেও বাড়িয়ে বলা হবে না।
শোয়েব ফারুকীর ছবি বিষয় এবং আঙ্গিকের বৈচিত্র্যের ভরা। তাঁর ছবি বর্ণিল। রঙে ভরা। বাংলাদেশের প্রকৃতি, সংস্কৃতি আর জীবনযাপনের রং তিনি ছড়িয়ে দিচ্ছেন বিশ্বব্যাপী। এই রং ছড়ানোর কাজটি তিনি নিজে নিজেই শিখেছেন। আর এখন নিজে শেখাচ্ছেন অন্যদের। তিনি বলেন, ‘আমার অতীত যদি হয় একজন শিক্ষানবিশের তবে বর্তমান জীবনটা হলো প্রশিক্ষকের। অতীতের মতো ফটোগ্রাফি এখন আর একার কোনো বিষয় নয়। আমাকে ঘিরে জমা হয়েছে একঝাঁক তরুণ, মেধাবী, প্রতিভাদীপ্ত মুখ, যারা আমার অনুজপ্রতীম ছাত্র, শিষ্য, অনুসারী। তাদের নিয়েই এখন আমার ফটোগ্রাফির বেশ বড়সড় সংসার।’