বিশ্ববিদ্যালয় অচলের 'অস্ত্র' শাটল ট্রেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠনের ধর্মঘট মানেই শাটল ট্রেন বন্ধ (ফাইল ছবি)
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠনের ধর্মঘট মানেই শাটল ট্রেন বন্ধ (ফাইল ছবি)

৭ মে, সকাল সাড়ে সাতটা। নগরের ষোলশহর রেলস্টেশন। অন্যান্য দিনের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী পৌনে আটটার শাটল ট্রেনটি প্লাটফরমে অপেক্ষা করছে। কিন্তু ট্রেন ছাড়ার কয়েক মিনিট আগে চালক নিখোঁজ। অবরোধের সমর্থনে ট্রেন চলাচল বন্ধ রাখতে ছাত্রলীগের একাংশের ছয়কর্মী এসে মুখে কালো কাপড় পেঁচিয়ে ট্রেনের চালক ইউসুফ উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়। মুহূর্তেই পাল্টে যায় দৃশ্যপট।

ইউসুফের মুক্তির দাবিতে শাটল ট্রেন চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক-কর্মচারী ইউনিয়ন। অবশেষে দীর্ঘ চার ঘণ্টা পর নগরের মুরাদপুর থেকে মুখে কালো কাপড় পেঁচানো অবস্থায় তাঁকে উদ্ধার করে পুলিশ। বিড়ম্বনায় পরা হাজারো শিক্ষার্থী ক্যাম্পাসের বদলে পুনরায় বাসার পথ ধরেন।

শাটল ট্রেন বিশ্ববিদ্যালয়ে না যাওয়ায় দুই দিন—বুধ ও বৃহস্পতিবার কোনো ক্লাস-পরীক্ষা হয়নি। অবরোধকারীরা সফল। তবে এ ঘটনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন নয়। যেকোনো ছাত্র সংগঠন অবরোধের ডাক দিলে প্রথম শিকার হয় শাটল ট্রেন। অপহূত হন চালক। বিশ্ববিদ্যালয় অচলের প্রধান ‘অস্ত্র’ হয়ে উঠেছে এই ট্রেনটি।

অনুসন্ধানে দেখা গেছে, এই বাহনের মাধ্যমে নিয়মিত প্রায় ৬০ শতাংশ শিক্ষার্থী ক্যাম্পাসে যাতায়াত করেন। ফলে শাটল ট্রেন বন্ধ করে দিলে ক্যাম্পাস কার্যত অচল হয়ে পড়ে। এ কারণে ছাত্র সংগঠনগুলো তাদের কর্মসূচি বাস্তবায়ন করতে শাটল ট্রেনকে লক্ষ্যবস্তু বানায়।

রেলওয়ে সূত্র জানায়, গত ২৭ বছরে অন্তত ৬০ বার বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনে হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় আহত হয়েছেন শতাধিক ট্রেন চালক ও তাঁদের সহকারীরা। পাশাপাশি শাটল ট্রেনের ২০ জনের বেশি চালক ও সহকারী অপহরণের শিকার হয়েছেন। সর্বপ্রথম ১৯৮৭ সালের ২২ সেপ্টেম্বরে শিক্ষার্থীদের হামলায় আহত হন চট্টগ্রাম স্টেশন মাস্টার ও স্টেশন ব্যবস্থাপক। এ ছাড়া ১৯৯১ সালের ৭ জুলাই চৌধুরী হাট এলাকা থেকে ট্রেনচালক এমএল দাশ ও তোফাজ্জল হোসেনকে অপহরণ করে নিয়ে যায় একটি ছাত্র সংগঠনের কর্মীরা। ১৯৯৩ সালের ১২ মে ফতেয়াবাদ এলাকায় ট্রেন থামিয়ে চালক আবদুল কাদের ও আবু তাহেরকে মারধর করা হয়। একই বছরের ২৬ আগস্ট চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের কেবিন থেকে বের করে চালক আবদুল ওয়াদুদকে মারধর করেন ছাত্ররা। এরপর ১৯৯৪ সালের ১৭ সেপ্টেম্বর ষোলশহর স্টেশনে চালক রবার্টপোপ ও জালাল আহাম্মদকে মারধর করা হয়। এভাবে বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মীদের হাতে ১৯৯৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত আট চালক অপহরণের শিকার হন। শাটল ট্রেনে সবচেয়ে বেশি হামলা ও অপহরণের ঘটনা ঘটে ২০০৮ সালে। এ সময় ছয়জন ট্রেনচালক ও সহকারী অপহরণের শিকার হন। এ ছাড়া ২০০৮ সালের ১৮ আগস্ট ধর্মঘট চলাকালে ছাত্রলীগের কর্মীরা ট্রেনের কাচে পাথর নিক্ষেপ করলে ট্রেনচালক ইদ্রিস মিয়া চোখে মারাত্মক আঘাত পান। এদিকে ২০১২ সালের ২৫ মে ঝাউতলা থেকে চালককে মরধর করে অপহরণ করেন ছাত্রশিবিরের কর্মীরা। গত বছরের ২৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশন থেকে ছাত্রদলের নেতা-কর্মীদের হাতে অপহূত হন শাটল ট্রেনের চালক বদু মিয়া। তাঁকে তিন ঘণ্টা পর মুক্তি দেন তাঁরা।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, প্রায় প্রতিটি ঘটনার পর শাটল ট্রেন চলাচল নির্বিঘ্ন করার জন্য বিশ্ববিদ্যালয় ও রেলওয়ে কর্তৃপক্ষ এবং ট্রেন চালকদের সংগঠনের মধ্যে বিভিন্ন সময় দফায় দফায় বৈঠক হয়। বৈঠকে বিভিন্ন সিদ্ধান্তও নেওয়া হয়। কিন্তু বেশির ভাগ সিদ্ধান্ত বাস্তবায়িত হয় না।

বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, ‘নিয়মিত শাটল ট্রেন চালকদের ওপর হামলা ও অপহরণের ঘটনা ঘটলেও একটিরও বিচার হয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বারবার বিচারের আশ্বাস দিলেও কোনো ব্যবস্থা নেয়নি। ফলে চালকেরা সবসময় আতঙ্কে থাকেন।

অবরোধকারী অংশের নেতা ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি অমিত কুমার বসু বলেন, ‘আমরা শিক্ষার্থীদের জিম্মি করছি না। আমাদের আন্দোলন তাঁদের স্বার্থে। সাময়িক অসুবিধা হলেও নানা অসৎ কর্মের সঙ্গে জড়িতদের শাস্তি হলে ভবিষ্যতে সুষ্ঠু ক্যাম্পাস বিনির্মাণ হবে। এতে সাধারণ শিক্ষার্থীরাই লাভবান হবে।’ শাটল ট্রেনের চালককে অপহরণ করা হয়নি দাবি করে তিনি বলেন, ‘অবরোধের সমর্থনে ট্রেন না চালানোর জন্য আমরা তাঁকে একটি রেস্টুরেন্টে বসিয়ে নাশতা করিয়েছি।’

বারবার ট্রেন চলাচল বন্ধ করার ব্যাপারে ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন সালাম বলেন, ‘এই প্রবণতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিলে এমনটা হবে না।’ ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক রাজীফুর হাসানের মতে, আন্দোলন করাটা যৌক্তিক। কিন্তু তার জন্য শিক্ষার্থীদের জিম্মি করা উচিত না।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ বলেন, ‘এ রকম ঘটনা অনাকাঙ্ক্ষিত। শাটল ট্রেনে পুলিশের টহল বাড়ানোর ব্যাপারে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে কাউন্সেলিং করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গেও কথা বলব।’