বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ কেবল কাগজেই!
বিশ্ববিদ্যালয় পরিচালনায় ১৯৭৩ সালের অধ্যাদেশ অনুসরণের বাধ্যবাধকতা থাকলেও তা এখন মূল্যহীন কাগজে পরিণত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাদেশের প্রায় সব কটি গুরুত্বপূর্ণ ধারা লঙ্ঘিত হচ্ছে একের পর এক। প্রতিবছর সিনেট অধিবেশনে বিষয়টি উত্থাপিত হলেও আশ্বাসে আর অজুহাতে সময় পার করে দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসকেরা।উপাচার্য প্যানেল: অধ্যাদেশ ৭৩-এর ১২(১) ধারায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্ষদ সিনেট কর্তৃক ‘উপাচার্য প্যানেল’ নির্বাচিত করার কথা উল্লেখ থাকলেও এই নিয়ম মানা হচ্ছে না। এই নিয়ম অনুযায়ী সিনেট কর্তৃক নির্বাচিত তিনজনের প্যানেল থেকে একজনকে উপাচার্য হিসেবে নিয়োগ দেবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য, অর্থাৎ রাষ্ট্রপতি। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আটজন উপাচার্যের কেউই সিনেট কর্তৃক নির্বাচিত হননি।বিশ্ববিদ্যালয় সূত্র্রজানায়, সিনেট ও অধ্যাদেশ অনুযায়ী নির্বাচিত সর্বশেষ উপাচার্য আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীনকে ১৯৯১ সালের ২৯ ডিসেম্বর ব্রিটিশ আমলের এক আইন দেখিয়ে পদত্যাগে বাধ্য করে তৎকালীন ক্ষমতাসীন বিএনপির সরকার। এর পরদিনই অধ্যাদেশ লঙ্ঘন করে পছন্দমতো উপাচার্য নিয়োগ দেওয়া হয়। পরবর্তীকালে ক্ষমতাসীন সরকারগুলো নির্বাচন ছাড়াই তাদের পছন্দমতো উপাচার্য নিয়োগ দিয়েছে। সর্বশেষ ২০১১ সালের ১৫ জুন উপাচার্য হিসেবে নিয়োগ পান মো. আনোয়ারুল আজিম।সিনেট: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিনেটের মোট সাতটি ক্যাটাগরিতে ৮৩টি সদস্যপদ রয়েছে। সাত ক্যাটাগরির মধ্যে চারটি ক্যাটাগরিতে ২০ জন সদস্যকে সরাসরি মনোনয়ন দেওয়া হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য ও কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদাধিকার বলে সিনেটের সদস্য। পাশাপাশি শিক্ষক প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি ও রেজিস্টার্ড গ্র্যাজুয়েট—এই তিন ক্যাটাগরিতে নির্বাচনের মাধ্যমে ৬৩ জন প্রতিনিধি নির্বাচিত হন।কিন্তু সিনেটের এই তিন ক্যাটাগরিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না দীর্ঘদিন ধরে। ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধির নির্বাচন সর্বশেষ অনুষ্ঠিত হয় ১৯৮৬ সালে। ৩৩ জন শিক্ষক প্রতিনিধির মেয়াদও শেষ হয়েছে বহু বছর আগে। ২০০১ সালের ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় সর্বশেষ শিক্ষক প্রতিনিধি নির্বাচন। আর কেন্দ্রীয় ছাত্রসংসদের (চাকসু) নির্বাচন না হওয়ায় সিনেটে পাঁচ ছাত্র প্রতিনিধি নেই দীর্ঘ ২২ বছর ধরে। সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে।বার্ষিক প্রতিবেদন: বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী সিন্ডিকেটের নির্দেশ্রেবার্ষিক প্রতিবেদন তৈরি করে তা সিনেটে অনুমোদন করিয়ে নেওয়ার বিধান আছে। কিন্তু ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পর আর কোনো বার্ষিক প্রতিবেদন প্রকাশিত হয়নি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ-৭৩ এর ১৩(২) ধারায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অধ্যাদেশের দেখভাল করার দায়িত্ব অর্পণ করা হয়েছে। অধ্যাদেশ লঙ্ঘিত হওয়া প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য আনোয়ারুল আজিম প্রথম আলোকে বলেন, ‘অধ্যাদেশকে সাধ্যমতো অনুসরণ করতে ব্যক্তিগতভাবে আমি আন্তরিক। উপাচার্য প্যানেল নির্বাচিত করার আগে সিনেট নির্বাচন দেওয়া প্রয়োজন। কিন্তু সিনেটের রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচনের ব্যাপারে আইনগত জটিলতা থাকায় বাকি ক্যাটাগরিগুলোতেও প্রতিনিধি নির্বাচনে ঝামেলা হচ্ছে। সিনেট সক্রিয় থাকলে উপাচার্য প্যানেল দিতে অসুবিধা নেই।’ চাকসু নির্বাচন সম্পর্কে তিনি বলেন, ‘ছাত্রসংগঠনগুলো পরিবেশ তৈরি করে দিতে পারলে আমার পক্ষে চাকসু নির্বাচন দিতে কোনো বাধা নেই।’ এ ছাড়া বার্ষিক প্রতিবেদন প্রসঙ্গে উপাচার্য বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থীরা চাইলে প্রশাসন শিগগিরই বার্ষিক প্রতিবেদন প্রকাশের উদ্যোগ নেবে।’