বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দুটি ও ছাত্রলীগের একটি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৮ ফেব্রুয়ারির সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুটি মামলা করেছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আবুল হাসনাত সেলিমউল্লাহ বাদী হয়ে হাটহাজারী থানায় এ মামলাগুলো করেন। মামলায় ৩০ থেকে ৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আবুল হাসনাত সেলিমউল্লাহ প্রথম আলোকে বলেন, ‘সংঘর্ষে প্রক্টর মোহাম্মদ নাসিম হাসানকে পাথর ছুড়ে আহত করায় একটি এবং দুই ছাত্র নিহত হওয়ায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে ১২ ফেব্রুয়ারি। মামলাগুলোতে কারও নাম উল্লেখ করা না হলেও অজ্ঞাত ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে।এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইসলামী ছাত্রশিবিরের অব্যাহত সন্ত্রাস, হত্যা ও নৈরাজ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ গত মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে ছাত্রলীগ আট দফা দাবি আদায়ে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মামুনুল হক। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এ খালেদ চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য শাহরিয়ার কনক, জ্যেষ্ঠ সহসভাপতি আবুল মনসুর সিকদার প্রমুখ।লিখিত বক্তব্যে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মামুনুল হক বলেন, ‘মৌলবাদী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুুষ্ঠু পরিবেশ বারবার বিঘ্নিত করতে সন্ত্রাস, হত্যা, চাঁদাবাজি ও ধ্বংসাত্মক রাজনীতির পথ বেছে নিয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে জঙ্গিবাদের আস্তানা বানাতে চায় শিবির। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তাদের উত্থান হয়েছে রক্তপাতের মাধ্যমে।’ ছাত্রলীগের লিখিত বক্তব্যে বলা হয়, ওই দিন ছাত্রশিবির পরিকল্পিতভাবে ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর হামলা করে। এতে ছাত্রলীগকর্মী মোজাহিদ নিহত হন এবং অনেকেই গুরুতর আহত হন।সংবাদ সম্মেলনে ছাত্রলীগের উত্থাপিত উল্লেখযোগ্য দাবিগুলো হলো—ছাত্রলীগের কর্মী মোজাহিদুল ইসলামের হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তি, ছাত্রলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, সংঘর্ষের ঘটনায় নিহত ও আহত ছাত্রদের ক্ষতিপূরণ প্রদান এবং দ্রুত বিশ্ববিদ্যালয় ও আবাসিক হলগুলো খুলে দেওয়া।এ নিয়ে ছাত্রলীগের ঘোষিত কর্মসূচিগুলো হচ্ছে ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারি বিভিন্ন পর্যায়ে স্মারকলিপি প্রদান, ২০ ফেব্রুয়ারি শোক র‌্যালি ও মানববন্ধন এবং ২৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনায় নিহত মোজাহিদুল ইসলামকে নিজেদের কর্মী দাবি করে হাটহাজারী থানায় মামলা দায়ের করেছে ছাত্রলীগ। ছাত্রলীগকর্মী মাহমুদুল হাসান বাদী হয়ে ৯ ফেব্রুয়ারি এ মামলা করেন বলে জানা গেছে। মামলায় ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের আসামি করা হয়েছে। হাটহাজারী থানার উপপরিদর্শক লোকমান হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।মামলার অভিযোগপত্র সূত্রে জানা যায়, মামলার অন্যতম আসামিরা হলেন: শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বদিউল আলম, সাধারণ সম্পাদক ইমরুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, মুজাহিদ উল্লাহ, আবদুল্লাহ আল মামুন, নূর হোসেন রিয়াজ ও জয়নাল।এদিকে সংঘর্ষের ঘটনায় নিহত মাসউদ বিন হাবিব ও মোজাহিদুল ইসলামের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রাম নগরে মিছিল-সমাবেশ করেছে ছাত্রশিবির। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই ছাত্র নিহত হন। তাঁরা ছাত্রশিবিরের নেতা বলে জানা গেছে।