বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যক্ষ নেই ১৪ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যক্ষের পদ শূন্য রয়েছে ১৪ বছর। ১৯৯৬ সাল থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে পরিচালিত হচ্ছে ঐতিহ্যবাহী এ কলেজটি। বছরের পর বছর ভারপ্রাপ্ত অধ্যক্ষের অবহেলা, অনিয়ম, অতিরিক্ত ফি আদায় ইত্যাদির কারণে ধ্বংস হয়ে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানটি। একসময় ফলাফলে শীর্ষে থাকা প্রতিষ্ঠানটি এখন চট্টগ্রাম বোর্ডে ১৭তম স্থানে। এবারের এইচএসসি ফলাফলে কোনো গোল্ডেন জিপিএ-৫ নেই। জিপিএ-৫ পেয়েছে মাত্র নয়জন। ১৯৭৬ সাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজের যাত্রা শুরু হয়। কলেজ সূত্রে জানা যায়, এ কলেজের কোনো অভিভাবক সম্মেলন হয়নি ১৪ বছর। কলেজ পরিচালনা সংসদের অভিভাবক প্রতিনিধির মেয়াদ শেষ হয়েছে চার বছর আগে। কিন্ু্ত এখন পর্যন্ত কোনো অভিভাবক প্রতিনিধির নির্বাচন হয়নি। কলেজের সহযোগী অধ্যাপক এম এ শাহেন শাহ জানান, আইয়ুব খানের শাসনামলে নির্মিত ভবনের ব্যবহারিক কক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ছে। নেই কোনো আধুনিক মানের যন্ত্রপাতিও। শিক্ষকদের বসার জায়গার অভাব রয়েছে। প্রাক-পরীক্ষা নেওয়া হয় না। ইত্যাদি নানা সমস্যায় জর্জরিত কলেজটি। এসব কারণে ফলাফল ভালো করা সম্ভব হচ্ছে না সরেজমিনে দেখা যায়, কলেজের শৌচাগারের দরজা ভাঙা, পানির কল নেই, হাত-মুখ ধোয়ার কোনো ব্যবস্থা নেই। মেয়েদের মিলনায়তনে (কমনরুমে) দুর্গন্ধ, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ব্যবহারিক কক্ষ অন্ধকার। প্রয়োজনীয় সরঞ্জাম নেই বললেই চলে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কলেজ শিক্ষক প্রথম আলোকে জানান, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কলেজে আসে সবার পরে এবং চলে যান সবার আগে। তিনি কলেজ পরিচালনা সংসদের অনুমতি ছাড়াই কলেজের ক্লাস বাদ দিয়ে লোকপ্রশাসন বিভাগের ক্লাস নিতে চলে যান। তিনি আরও জানান, কলেজের প্রশাসনিক যেসব কাজ অধ্যক্ষের করার কথা তা তিনি পিয়ন দিয়ে করিয়ে নিচ্ছেন।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রদের বেতন-ফির রসিদ ও ছাত্রদের সঙ্গে কথা বলে জানা যায়, কলেজ কর্তৃপক্ষ বিভিন্ন খাতে ছাত্রদের কাছ থেকে যে অতিরিক্ত ফি আদায় করছে বাস্তবে তার অনেকই নেই। এগুলো হলো মিলনায়তন ফি ৩৫ টাকা, ধর্মীয় তহবিল ফি ১০ টাকা, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ফি ২০ টাকা, পাঠ্যসূচি ফি ৫০ টাকা, বার্ষিকী ফি ৫০ টাকা এবং প্রতিবেদন (রিপোর্ট) কার্ড ফি বাবদ ১০ টাকা করে মোট ১৭৫ টাকা অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে। কলেজের দ্বাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্র বলেন, ‘আমাদের কাছ থেকে কলেজ উন্নয়ন তহবিল বাবদ যে ১৯০০ টাকা ফি নেওয়া হচ্ছে তার কোনো সুযোগ-সুবিধাই আমরা পাচ্ছি না। এ মোটা অঙ্কের অতিরিক্ত ফি নিয়ে কলেজ কর্তৃপক্ষ আমাদের ওপর জুলুম করছে। তা ছাড়া আমরা বার্ষিক ছয়টি খাতে অতিরিক্ত ফি দিচ্ছি যার কোনোটি আমাদের কলেজে নেই।’ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কিরণচন্দ্র দেব জানান, ‘অধ্যক্ষ না থাকায় আমি দীর্ঘদিন ধরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছি।’ বাড়তি ফি কেন নেওয়া হচ্ছে—প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যাতে কলেজের ভালো হয় আমি তা-ই করছি।’ ক্যাম্পাসে বসবাসরত ফজলুর রহমান নামের এক অভিভাবক বলেন, ‘এসএসসি পাসের পর এখন বিশ্ববিদ্যালয় কলেজে সন্তানকে ভর্তি করাতে ইচ্ছে করে না। এ কলেজের শিক্ষার মান ও শৃঙ্খলা বলতে বর্তমানে কিছুই নেই।’