বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জমজমাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বছরকে বরণ করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জমজমাট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে স্থাপন করা হয়েছে উৎসবের মূল মঞ্চ। উৎসব উপলক্ষে ক্যাম্পাসজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।বৈশাখী উৎসব আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, দুই দিনের উৎসবের আজ শেষদিন। বর্ষবরণ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশন থেকে বের করা হবে আনন্দ শোভাযাত্রা। এ ছাড়া দিনব্যাপী উৎসবে থাকবে পুঁথিপাঠ, কবিগান, মাইজভান্ডারি গান, বাউল গান, রম্য বিতর্ক, উপজাতীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্যাশন শো। শেষপর্বে গান করবেন এস আই টুটুল। বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ পরিবেশন করবে অপেক্ষার বয়ান।আরও থাকবে পুতুলনাচ, বলীখেলা, ঘুড়ি উৎসব, লাঠিখেলা, সাপখেলা ও আদিবাসীদের ইতিহাস ও ঐতিহ্যবিষয়ক বিভিন্ন পরিবেশনা।গতকাল চারুকলা ইনস্টিটিউট থেকে বের করা হয়েছে বর্ষবিদায়ের শোভাযাত্রা। এদিকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ১৩টি ভাগ করা হয়েছে। প্রতিটি ভাগে একজন পুলিশ কর্মকর্তার নেতৃত্বে ১০ জন পুলিশ সদস্য টহল দেবেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের তিনটি ভ্রাম্যমাণ দল পুরো ক্যাম্পাসে টহল দেবে। নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করার জন্য টাওয়ার স্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রক্টর আকতার হোসেন। বৈশাখী উৎসবকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে বর্তমানে সাজ সাজ রব।