বিশ্ববিদ্যালয় পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না
প্রায় দেড় মাসের অনাকাঙ্ক্ষিত বন্ধের পর গত শনিবার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়েছে। কিন্তু গত পাঁচ দিনেও ক্যাম্পাসে স্বাভাবিক অবস্থা ফিরে আসেনি। ছাত্রাবাস ও বিভিন্ন বিভাগে শিক্ষার্থীদের উপস্থিতি কম। আড্ডার জায়গাগুলোতে নেই কোলাহল। একধরনের চাপা-উত্তেজনা বিরাজ করছে গোটা ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয় খোলার দ্বিতীয় দিন গত রোববার বর্ধিত বেতন-ফি প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত ছাত্রদের প্রদর্শনী ও স্বাক্ষর সংগ্রহ অনুষ্ঠানে হামলার ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে। একধরনের অস্বস্তির মধ্যে চলছে বিভিন্ন বিভাগের পূর্বনির্ধারিত পরীক্ষা ও ক্লাসসমূহ।এদিকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্ধিত বেতন-ফি প্রত্যাহারসহ ছয় দফা দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রেখেছেন। লাগাতার আন্দোলনের মুখে গত শনিবার বেতন-ফি বৃদ্ধির সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ জন্য কর্তৃপক্ষ একটি পর্যালোচনা কমিটি গঠনের ঘোষণাও দিয়েছে। কিন্তু আন্দোলনকারীরা ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. আলাউদ্দিন বলেন, বেতন-ফি বৃদ্ধির সিদ্ধান্তটি আপাতত স্থগিত করা হয়েছে। বিষয়টি বিবেচনার জন্য একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে। এরপরেও শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি ঘোষণা অত্যন্ত দুঃখজনক। শিক্ষার্থীরা এরপর তাঁদের একাডেমিক কাজে ফিরে যাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।প্রসঙ্গত, গত ২৮ মে বিশ্ববিদ্যালয়ের ৪৫৯তম সিন্ডিকেট সভায় বেতন-ফি বাড়ানোর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়। এর প্রতিবাদে ২৬ জুলাই ক্যাম্পাসে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালে গত ২ আগস্ট ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। সেদিনই জরুরি সিন্ডিকেট সভা ডেকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয় এবং শিক্ষার্থীদের ছাত্রাবাস ত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়।দেড় মাস পর খোলা হলেও ক্যাম্পাস পরিস্থিতিকে অস্বাভাবিক দাবি করে নাট্যকলার প্রথম বর্ষের ছাত্র মামুনুল হক বলেন, আন্দোলনের কারণে বিভিন্ন থানায় তিন সাংবাদিকসহ প্রায় আড়াই হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে সংশ্লিষ্ট প্রশাসন। এতে শিক্ষার্থীদের মধ্যে এখনো চাপা আতঙ্ক বিরাজ করছে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বেতন-ফি বৃদ্ধির বিষয়ে নেওয়া সিদ্ধান্ত আন্দোলনের শুরুতে যদি নিত, তাহলে প্রায় দেড় মাসের অনাকাঙ্ক্ষিত ছুটি যেমন এড়ানো যেত তেমনি শিক্ষার্থীরা সেশনজটের অভিশাপ থেকে মুক্তি পেত।পদার্থবিদ্যার চৌধুরী মোহাম্মদ মনজুর মোরশেদ ও মাকের্টিং বিভাগের ইরফান চৌধুরী বলেন, ‘বেতন-ফি বৃদ্ধির বিষয়ে প্রশাসনের সাম্প্রতিক পদক্ষেপ আশাব্যঞ্জক। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে চলবে বলে আমাদের আশা।’ বর্ধিত বেতন-ফি বিরোধী সাধারণ ছাত্রছাত্রীবৃন্দ-এর আহ্বায়ক তবারক হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের ছয় দফা দাবির মধ্যে মাত্র একটি বিবেচনা করেছে। আমাদের সব দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।’প্রশাসনের সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়ে আন্দোলন আপাতত স্থগিত করার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপক ইমাম আলী। তিনি বলেন, পর্যালোচনা কমিটি অতি দ্রুত সবার সঙ্গে আলোচনা করে এ বিষয়ের সমাধান করতে পারে। এ জন্য সবাইকে কিছুটা ধৈর্য ধরতে হবে। উল্লেখ্য আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আলোচনার মধ্যস্থতা করেন অধ্যাপক ইমাম আলী।পর্যালোচনা কমিটির আহ্বায়ক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন জ্যোতি প্রকাশ দত্ত এ প্রসঙ্গে কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জসিম উদ্দিন বলেন, ‘প্রশাসনের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনা অব্যাহত থাকবে। এ জন্য আমরা তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।’