
প্রথম বর্ষে তখন আমি। মাত্র ক্যাম্পাসটাকে একটু একটু করে চেনা শুরু করেছি। ঢাকায় নতুন এসেছি বলে প্রথম কিছুদিন বড় আপু আমাকে ক্যাম্পাস থেকে নিয়ে আসতেন। ফেব্রুয়ারির মাঝামাঝি কোনো এক দিন ক্লাস শেষে অপেক্ষা করছিলাম আপুর জন্য। আপুর সঙ্গে কথা বলে জানলাম, তাঁর আসতে আরও আধা ঘণ্টা সময় লাগবে। কী করা যায় এই আধা ঘণ্টায়?
ভাবনায় পড়ে গেলাম। কিছুই তো চিনি না, কোথায় যাব? হঠাৎ মনে হলো, এখন তো ফেব্রুয়ারি মাস! বইমেলা সময় কাটানোর জন্য একটা আদর্শ জায়গা হতে পারে। সমাজবিজ্ঞান ভবনের সামনে থেকে রিকশা খুঁজতে শুরু করলাম। কয়েকজন রিকশাচালকের সঙ্গে কথা বলার পর একজন বৃদ্ধ রাজি হলেন। উঠে পড়লাম। কিছুক্ষণ পর খেয়াল করলাম, লোকটি খুবই আস্তে চালাচ্ছেন। খুব কষ্ট হচ্ছে তাঁর।
কেন তিনি এই বয়সে এত কষ্ট করে রিকশা চালাচ্ছেন? সরাসরি জিজ্ঞাসা করতে একটু অস্বস্তি হচ্ছিল। তাই জিজ্ঞেস করলাম, ‘চাচা আপনার দেশের বাড়ি কোথায়?’ বললেন, তাঁর বাড়ি মানিকগঞ্জ। ‘কত দিন ধরে রিকশা চালাচ্ছেন আপনি?’ উত্তর এল, ‘প্রায় ২৫ বছর তো হইছেই মা। তবে মাঝে কিছুদিন বন্ধ আছিল রিকশা চালানো।’ হেসে বললেন, ‘বুঝতে পারছি মা, আপনি কেন এত কিছু জিগাইতেছেন। এই বুড়া বয়সে ক্যান রিকশা চালাই, হেইডাই তো?’
আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, ‘জি চাচা।’ তিনি কোনো সংকোচ না করেই বললেন, ‘আমার তিন ছেলে এক মেয়ে। সবাই ভালো রোজগার করে। সবার নিজের সংসার। আল্লাহর রহমতে ভালোই আছে।’ আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ‘তাঁরা কি আপনার খোঁজ নেন না?’ তিনি বললেন, ‘না না মা। আমার ছেলেরা সব দেখভাল করে। কোনো কষ্ট হয় না।’
‘তাহলে চাচা আপনি এই বয়সে...’
‘রিকশা চালানো ছাইড়া দিছিলাম মা।’ হেসে বললেন রিকশাচালক। একটু বিরতি নিয়ে বললেন একটা অদ্ভুত গল্প। ‘দুই বছর আগে একদিন সন্ধ্যার সময়ে বাড়িতে ফিরতেছিলাম। খুব বৃষ্টি হইতেছিল সেদিন। রাস্তার মাঝখানে দেহি একটা খুনখুনা বুড়া মহিলা ঠান্ডায় ঠকঠক কইরা কাঁপতেছে। আমার মায়ের বয়সী হইব। রাস্তায় সে থাকে না, এইটা দেইখাই বুঝতে পারছিলাম। জিগাইলাম, আপনি এই ঠান্ডায় এইখানে কী করেন? কইল তাঁর পোলায় দুপুরে রাইখা গেছে, আর আসে নাই। মনে হয় আর আইবোও না। কিছু না ভাইবাই তারে বাড়ি নিয়া আইলাম। খুব অশান্তি হইল সেদিন বাড়িতে। ছেলেগুলা বুড়ি মহিলাটারে আনার জন্য খুব রাগারাগি করল। পরদিন সকালে আমি তারে একটা বৃদ্ধাশ্রমে রাইখা আসলাম।’
‘তারপর?’
‘এরপর থেইকা প্রতিদিন যতক্ষণ পারি রিকশা চালাই। যা পাই তা বুড়ি মায়ের খরচ বাবদ দিয়া আসি।’ চাচার কথা শুনে আমি অবাক হব না অভিভূত হব, ঠিক বুঝতে পারছিলাম না।
ততক্ষণে বইমেলায় পৌঁছে গেছি। ভাড়া মিটিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম তাঁর চলে যাওয়া। আমার বিশ্ববিদ্যালয়জীবনের প্রথম শিক্ষাটা এই বৃদ্ধ রিকশাচালকই দিয়ে গিয়েছিলেন। আমি শিখেছি, কীভাবে নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়াতে হয়।
লেখক: তৃতীয় বর্ষ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়