বিশ্ববিদ্যালয়ে ঝুলন্ত সেতু
শহীদ মিনারের উত্তরে চোখ ফেরালেই বিরাট বিস্ময়—সমাজবিজ্ঞান অনুষদ এলাকা যেন একখণ্ড রাঙামাটি! পাহাড়ের মাঝে ভবন, ভবন ছুঁয়ে ছোট্ট একটি হ্রদ। আর তাতে ঝুলন্ত সাঁকো, ভাসছে পানির ওপর। সাঁকোর ওপর শিক্ষার্থীদের উচ্ছলতা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দের নতুন মাত্রা যোগ করেছে ঝুলন্ত সেতু। এটি এখন বিনোদনকেন্দ্রে পরিণত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এটি তৈরি হয়েছে।গত ১৭ ডিসেম্বর সেতুর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক আবু ইউসুফ। এখন প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিক্ষার্থীরা ভিড় করেন সেতুর আশপাশে। আড্ডা দেন তাঁরা। কেউ গিটার হাতে গান করেন। চলে ছবি তোলার উত্সব।যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী ফারজানা রীতা প্রথম আলোকে বলেন, ‘ঝুলন্ত সেতু ক্যাম্পাসের পরিবেশটাই পাল্টে দিয়েছে। বান্ধবীদের নিয়ে এখানে আসাটা এখন নিয়মে পরিণত হয়েছে।’ আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্রী আসমা আক্তার বলেন, ‘একটু নাড়া দিলেই হেলেদুলে ওঠে সেতু। এতে চঞ্চল হয় মন। বেশ কিছু ছবি তুলেছি এখানে দাঁড়িয়ে। এগুলো যত্ন করে রাখব।’বাদাম বিক্রেতা মোহাম্মদ রফিক বলেন, ‘সকালে জমজমাট থাকে সেতু প্রাঙ্গণ। আপাদের সঙ্গে ভাইয়েরা এখানে আড্ডা দেন। ঝগড়া করেন। হাসেন। আমার বেচাকেনাও ভালো হয়।’ উপাচার্য আবু ইউসুফ বলেন, ‘ক্যাম্পাসের সৌন্দর্য বাড়াতে সেতু তৈরি করা হয়েছে। ইতিমধ্যে তৈরি করা হয়েছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য। কলা অনুষদের সামনের পরিত্যক্ত হ্রদের সংস্কার চলছে। সেখানেও সুদৃশ্য পানির ফোয়ারা কিংবা ভাস্কর্য তৈরির পরিকল্পনা আছে।’